সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: নির্বিরোধ আসনেও প্রচার চালাতে হবে৷ রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রচার অব্যাহত থাকবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসনগুলিতেও৷ তৃণমূলের পঞ্চায়েত ভোটের রণকৌশল ঠিক করতে মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুরের একটি হোটেলে দলের জেলা পর্যবেক্ষক তথা ক্রীড়া ও যুবকল্যান মন্ত্রী অরূপ বিশ্বাস বৈঠক করেন জেলা নেতাদের সঙ্গে৷ বৈঠকে আসানসোল দুর্গাপুরের সমস্ত বিধায়ক-সহ উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতিরাও৷ বৈঠকে দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল প্রার্থীদের এলাকায় প্রতিটি ভোটারের বাড়িতে বাড়িতে যেতে হবে৷ বিনা ভোটে জয়ী হলেও এলাকায় জোরদার প্রচার চালাতে হবে পঞ্চায়েত নির্বাচন নিয়ে৷ তৃণমূলের গোঁজ প্রার্থীদের হ্যান্ডবিল ছাপিয়ে বিলি করতে হবে৷ দলীয় অফিসিয়াল প্রার্থীদের হয়ে তাদের প্রচার করারও নির্দেশ দেওয়া হয়েছে৷ এই নির্দেশ অমান্য করা হলে বা ওই গোঁজ প্রার্থীদের দলের যে অংশ মদত দেবে তাদের বিরুদ্ধে দল কড়া ব্যবস্থা নেবে বলে পর্যবেক্ষক অরূপ বিশ্বাস সাফ জানিয়ে দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে৷
প্রচারের তালিকা পুলিশ অনুমোদনের জন্যে যেমন দেওয়া হবে পাশাপাশি দলকেও দিতে হবে বলে নির্দেশ দেন অরূপবাবু৷ দলের দুর্বল জায়গাগুলিও মেরামতির নির্দেশ দিয়েছেন তিনি বলে জানা গিয়েছে৷ যেমন, কাঁকসা ব্লকে বিরোধীদের মনোনয়ন প্রত্যাহারে সফল হয়নি দল৷ কাঁকসায় পঞ্চায়েত নির্বাচন দেখা শোনার জন্যে দলের তরফে দায়িত্ব দেওয়া হয়েছিল কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ পারিয়াল, পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায় ও দুর্গাপুর পুরনিগমের মেয়র পারিষদ সদস্য প্রভাত চট্টোপাধ্যায়৷ এই ব্যর্থতার ফলে তাঁদেরও দলের পর্যবেক্ষকের কাছে সমালোচনার মুখে পড়তে হয় এদিন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে৷ এই ব্যর্থতার জেরেই অতিরিক্ত দায়িত্ব হিসাবে দুর্গাপুর পুরনিগমের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়কে কাঁকসা এলাকায় দায়িত্ব দেওয়া হয়েছে৷ পঞ্চায়েত নির্বাচনে খারাপ ফলাফল হলে দায়িত্বে থাকা নেতৃত্বকেই দায়ী করা হবে বলে বৈঠকে সাফ বলে দেওয়া হয় দলের তরফে৷ বুধবার থেকে আসানসোল হয়ে দুর্গাপুরের অন্ডালে রোড শোয়ের মাধ্যমে পশ্চিম বর্ধমান জেলায় পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করবেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যান মন্ত্রী ও এই জেলার পর্যবেক্ষক অরূপ বিশ্বাস৷
পঞ্চায়েত নির্বাচনে দলের ইস্যু কি হবে? এই বিষয়ে অরূপবাবু বলেন, “বিজেপির মিথ্যা প্রতিশ্রূতি নিয়ে ভোটারদের সচেতন করব৷ মানুষে মানুষে হানাহানি ও বিভেদ সৃষ্টিকারী বিজেপির বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে৷” লাগাতার প্রচার চালাবে তৃণমূল কংগ্রেস৷ এর পাশাপাশি অরূপবাবু জানান, “রাজ্য সরকারের সামাজিক উন্নয়নমূলক প্রচার চলতে থাকবে৷ বিভিন্ন প্রকল্পের প্রচার চলবে৷ পঞ্চায়েতে এই রাজ্য দেশের মধ্যে উল্লেখযোগ্য স্থান দখল করেছে৷ উন্নয়ন না হলে এই মর্যাদা পেত না রাজ্য৷” দেশে গণতন্ত্র আছে বলেই পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বলে মন্তব্য করেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী তথা জেলার পর্যবেক্ষক অরূপ বিশ্বাস৷
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?