স্টাফ রিপোর্টার: ফের বাজি কারখানায় বিস্ফোরণ৷ এবার ঘটনাস্থল ডায়মন্ডহারবার৷ বুধবার এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে অভিনন্দন হালদার নামে এক যুবকের৷ গুরুতর আহত আরও একজন৷ ঘটনার তদন্তে নেমেছে ডায়মন্ডহারবার থানার পুলিশ৷ অভিযোগ দীর্ঘদিন ধরেই এলাকায় অবৈধ ভাবে চলছিল ওই বাজি কারখানা৷
পুলিশ সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ ডায়মন্ডহারবারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের পিছনের জনবহুল এলাকায় হঠাৎই বিস্ফোরণ ঘটে৷ মুহূর্তে আগুনের গ্রাসে চলে যায় বাজি কারখানাটি৷ আগুনের মধ্যে থেকেই আর্তনাদ শুনতে পান স্থানীয়রা৷ তাঁরাই উদ্ধার করেন বাবলু হালদার ও তাঁর ছেলে অভিনন্দন হালদারকে৷ দুজনকে নিয়ে যাওয়া হয় ডায়মন্ডহারবার হাসপাতালে৷
সেখানেই মৃত্যু হয় বছর বাইশের অভিনন্দনের৷ স্থানীয়রা জানিয়েছেন, অভিনন্দন ফকিরচাঁদ কলেজের পড়ুয়া ছিল৷ হাসপাতাল সূত্রে খবর, দু’জনের শরীরের বেশিরভাগটাই পুড়ে গিয়েছিল৷ সেই কারণেই অভিনন্দনের মৃত্যু হয়৷ বাবলু হালদারের অবস্থাও আশঙ্কাজনক৷ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন৷ যদিও তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়৷
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, আগামী ২৮ তারিখ ডায়মন্ডহারবারের একাধিক জায়গায় কালীপুজো রয়েছে৷ সেই পুজোতেই বাজির বরাত পান বাবলু হালদার৷ এদিন সকাল থেকে সেই বাজি বানানোরই কাজ চলছিল বলে খবর৷ তখনই বিস্ফোরণ ঘটে৷
পুলিশ সূত্রে খবর জনবহুল এই এলাকায় যে একটি অবৈধ বাজি কারখানা দীর্ঘদিন ধরে চলছিল তা নিয়ে কোনও তথ্যই ছিল না প্রশাসনের কাছে৷ অভিযোগ, এদিন বিস্ফোরণের পর প্রতিবেশীরা উদ্ধার কাজে হাত না লাগালে দুর্ঘটনা আরও বড় আকার নিত৷ পরে দমকলের দু’টি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও স্থানীয়রাই সবার আগে উদ্যোগ নেন আগুন নেভানোর৷
সর্বশেষ খবর
-
‘অষ্টমীতে মায়ের দেওয়া শাড়ি পরে অঞ্জলি’, পুজোয় মুম্বই না কলকাতায় থাকবেন? জানালেন রুক্মিণী
-
শুক্রে ব্রাজিল-উরুগুয়ে দলের সঙ্গে সান্ধ্যভোজনে মুখ্যমন্ত্রী! যুবভারতীতে থাকবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীও
-
‘কপিলের বিশ্বজয়ের মতো বিপ্লব আনব’, ব্রাজিলের বিরুদ্ধে অঘটনের স্বপ্নে বুঁদ ভারতীয় ফুটবল দল
-
বাড়ি জলের ট্যাঙ্কেই বিপদ বোঝেনি পরিবার! কেরলে ডুবে মৃত্যু ৫ ও ৩ বছরের ভাইবোনের
-
ঠাকুরদালান থেকে বিতাড়িত হতেই শুরু নিজেদের দুর্গা আরাধনা! পুরুলিয়ায় ধীবরদের পুজো এবার শতবর্ষে