হাওড়ার দাসনগরে জমা জলে পড়ে মৃত্যু এক ব্যক্তির। শুক্রবার বাড়ির সামনে জমা জল থেকে উদ্ধার দেহ। দাসনগর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, অসুস্থ ওই ব্যক্তি বাড়ির সামনে কল থেকে জল নিতে গিয়ে কোনওভাবে সেখানে জমা জলে শ্যাওলার মধ্যে পড়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়। তবে ময়নাতদন্তের রিপোর্টের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আরও পড়ুন:
মৃতের নাম তড়িৎ দেয়াসি। বয়স ৪৭। তিনি দাসনগরের কাশিপুর এলাকার বাসিন্দা। লাগাতার বৃষ্টিতে তাঁর বাড়ির সামনে জল জমেছিল। তড়িৎবাবু অসুস্থ ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ওই অবস্থাতেই তিনি জল আনতে গিয়েছিলেন। অনুমান, পড়ে গিয়ে তিনি আর উঠতে পারেননি। তারপরই মৃত্যু। রাস্তায় বৃষ্টির জমা জলে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির বাড়িতে পুরসভার একটি তদন্তকারী দল পাঠান রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা হাওড়া পুরসভার দায়িত্বে থাকা উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রাই। আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, “মৃতের পরিবারকে পুরসভার তরফে আর্থিকসাহায্য দেওয়া হবে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।’’
হাওড়ার জমা জল অনেক দিনের সমস্যা। এই বিষয়ে মন্ত্রী বলেন, ‘‘হাওড়ায় জল জমার সমস্যা রয়েছে। কিন্তু আমরা সবে ক্ষমতায় এসেছি। আমাদের একটু সময় দিতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রিসভায় হাওড়ায় নিকাশি সমস্যার সমাধানের জন্য প্রায় ৪৭০০ কোটি টাকা বরাদ্দ করেছেন। ফলে খুব জানুয়ারি মাস থেকেই হাওড়ায় নিকাশি সংস্কারের বড় প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে। ফলে আগামী বছর থেকেই হাওড়ায় এই জমা জলের সমস্যা আর থাকবে না।’’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ছাব্বিশ হাজার চাকরি বাতিল: যোগ্যদের মেয়াদ বৃদ্ধিতে সুপ্রিম কোর্টে এসএসসি ও পর্ষদ
-
ছেলেদের গালিগালাজে আপত্তি নেই, মেয়েরা বললেই সমস্যা কেন? মোদিকে প্রশ্ন রাহুলের, সঙ্গী বিতর্ক
-
‘লক্ষ্মীর ভাণ্ডারে’র দুর্নীতির ছায়া মহারাষ্ট্রে! ‘লড়কি বহিন’ প্রকল্পে অযোগ্যদের অ্যাকাউন্টে ৯ হাজার ৬০৫ কোটি
-
দেড়-দু’লাখেই ফায়ার সেফটি, লাইসেন্সও, নিউ মার্কেটে সিল হচ্ছে বেআইনি ৭০ হোটেল!
-
মন্দারমণির উত্তাল সমুদ্রে বড় অঘটন, স্নানে নেমে মৃত ১, খোঁজ নেই আরও এক পর্যটকের