সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি শাসকদলের সাংসদ৷ অথচ বিরোধীদলকে সমর্থনের জেরে তাঁর জ্যাঠার চাষের কাজই নাকি বন্ধ৷ টলি-স্টার তথা তৃণমূল সাংসদ দেবের জ্যাঠা শক্তিপদ অধিকারীর এ খবরে ছড়িয়েছে চাঞ্চল্য৷
নিজের প্রায় ৬ বিঘা জমিতে চাষ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন শক্তিপদবাবুর৷ বর্ষার মরশুমে চাষ করতে না পারায় তাঁর যে যারপরনাই ক্ষতি এ কথাই জানিয়েছেন তিনি৷ দেব তৃণমূলের সাংসদ হলেও, শক্তিপদবাবু বরাবরই বাম সমর্থক৷ তাঁর রাজনৈতিক সমর্থনের জেরেই যে এই পরিণতি এমনটাই মনে করছেন তিনি৷ কেন এরকম মনে হল তাঁর? চাষের জন্য যে শ্রমিকদের তিনি কাজে নিয়োগ করেছিলেন, তাঁরা কেউ তাঁর জমিতে চাষ করতে নারাজ বলে জানিয়েছেন তিনি৷ খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন, শাসকদলের কোনও কোনও নেতার পরামর্শেই নাকি শ্রমিকরা তাঁর জমিতে কাজ করতে চাইছেন না৷ যে জমিতে চাষ না করতে পারা নিয়ে শক্তিবাবুর অভিযোগ, যে জমির মালিকানা আছে দেবের বাবা গুরুপদ অধিকারীর নামেও৷ অর্থাৎ উত্তরাধিকার সূত্রে এ জমি পাওয়ার কথা টলিস্টারেরও৷ বিষয়টি নিয়ে দেবের বাবার সঙ্গেও তিনি কথা বলেছেন বলেও জানান৷
শক্তিপদবাবুর এ ধরনের অভিযোগে রীতিমতো অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ কেশপুরের ব্লক সভাপতি সঞ্জয় পান জানাচ্ছেন, “কোনও তৃণমূল নেতাই এরকম কোনও নির্দেশ দেননি৷ যদি চাষ করতে উনি কোনও বাধার সম্মুখীন হন তাহলে আমাকে জানাতে পারেন, বা পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে পারেন৷”
কোনও তৃণমূল নেতা যে তাঁকে চাষ বন্ধ করতে বলেননি তা স্বীকার করছেন শক্তিপদবাবুও৷ কিন্তু তাঁর আক্ষেপ অভিযোগ কাকে জানাবেন? চাষের সময় শ্রমিকদের তাঁর জমিতে কাজ করতে মানা করা হয়েছে বলেই অভিযোগ তাঁর৷ এক্ষেত্রে কোনও নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা সম্ভব নয়৷
কেশপুরের বিধায়ক জানাচ্ছেন, এরকম কোনও অভিযোগ পেলে সমস্যার আশু সমাধান করা হবে৷ সাংসদ-অভিনেতা দেব অবশ্য জানাচ্ছেন, পারিবারিক হলেও পুরো বিষয় সম্পর্কে তিনি এখনও ওযাকিবহাল নন৷
সর্বশেষ খবর
-
পণের দাবিতে খুনে স্বামীকে শাস্তি দিতে প্রমাণের প্রয়োজন নেই! চাঞ্চল্যকর রায় এলাহাবাদ হাই কোর্টের
-
কংগ্রেসে ফিরছেন অমরিন্দর? রাহুলের প্রশংসার পর মুখ খুললেন ‘ক্যাপ্টেন’ নিজেই
-
‘এবার শান্তি পেয়েছেন তো?’ সনৎ দে-র গ্রেপ্তারিতে ‘পার্থ জ্যেঠু’র বিরুদ্ধে বিষোদগার মেয়ের
-
সন্ত্রাসের আঁতুড়ঘর পিলখানা! জঙ্গি হামিমের পর গ্রেপ্তার আরও এক যুবক, উদ্ধার আগ্নেয়াস্ত্র
-
ফের লেজার আলোয় দিকভ্রান্ত পাইলট! ১৫৯ যাত্রী নিয়ে মাঝ আকাশে চক্কর, বড় বিপদ এড়াল কলকাতা বিমানবন্দর