Dilip Ghosh

পাখির চোখ খড়গপুরই? ‘ঘর’ ফিরে পেতেই বোঝালেন দিলীপ, ‘নীরব’ হিরণকে নিয়ে

দিলীপ ঘোষের খাসতালুক বলে পরিচিত রেলশহর খড়গপুর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩, ২০২৬, ২১:০৫

options
link
পাখির চোখ খড়গপুরই? ‘ঘর’ ফিরে পেতেই বোঝালেন দিলীপ, ‘নীরব’ হিরণকে নিয়ে
নিজস্ব ছবি

অংশুপ্রতিম পাল, খড়গপুর: পাখির চোখ খড়গপুরই। দলের অন্দরে ফের সক্রিয় হতেই তা কার্যত বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষ। সল্টলেকে বিজেপি-র দপ্তরে নিজের ঘর ফিরে পাওয়ার পরে এবার নজর নিজের পুরনো কেন্দ্র ফিরে পাওয়ার দিকে। শনিবার রেল শহরে পথসভা থেকেই কার্যত সেই লক্ষে হাঁটা শুরু করলেন তিনি। অমিত শাহের এই রাজ্য সফরের সময় দিলীপ ঘোষের সঙ্গে তাঁর একান্ত বৈঠক হয়েছে। তারপর থেকেই মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের দলের মধ্যে কিছুটা হলেও গুরুত্ব বেড়েছে।

Advertisement

এই আবহে শনিবার সন্ধ্যায় দিলীপ ঘোষ বিজেপিতে তাঁর খাসতালুক বলে পরিচিত রেলশহর খড়গপুরে একটি পথসভা করলেন। জমায়েত ভালো না হলেও, তিনি এদিন মনে করিয়ে দেন, রাজ্যে পরিবর্তনের সূচনা রেলশহর খড়গপুর থেকেই হয়েছিল। এককথায় তিনি নিজের কৃতিত্ব ও সাফল্যের কথা শহরবাসীর সামনে তুলে ধরলেন। যদিও, খড়গপুর শহরের বর্তমান বিধায়ক, তাঁর দলের হিরণ্ময় চট্টোপাধ্যায় সম্পর্কে একটি কথাও উচ্চারণ করেননি দিলীপ। তিনি বলেন, খড়গপুরের দেখানো পথেই রাজ্যে এবারে পরিবর্তন করতে হবে।

Advertisement

প্রসঙ্গত, গত ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নির্বাচনে জেতেন। কংগ্রেসের প্রবীণ নেতা, আটবারের বিধায়ক চাচা জ্ঞান সিং সোহন পালকে পরাজিত করে বিধায়ক হন তিনি। পরবর্তীকালে, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্রে প্রার্থী হয়ে জয়ী হন। সেই সময় এই খড়গপুর সদর বিধানসভা থেকে সর্বোচ্চ ব্যবধান ৪৫ হাজার ভোটে জয়ী হয়েছিলেন। তারপরে অবশ্য এই খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে পরাজিত হয়েছিলেন সদ্য প্রয়াত বিজেপির প্রার্থী প্রেম চাঁদ ঝা।

Advertisement

তবে, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে ফের জয়ি হন বিজেপির তারকা প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায়। তবে তাঁর জয়ের ব্যবধান ছিল মাত্র সাড়ে তিন হাজার ভোটের কিছু বেশি। তবে এই মুহূর্তে গোটা খড়গপুর শহরজুড়ে একটাই আলোচনা এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী কে হবেন। দিলীপ ঘোষ নাকি হিরণ? যদিও, বিজেপির বিরাট একটি অংশ চাইছেন দিলীপ ঘোষকে ফের প্রার্থী করা হোক। তবে এই ব্যাপারে এইদিন দিলীপ একটি কথাও উচ্চারণ করেননি।

তবে, তাঁকে ঘিরে এইদিন তাঁর অনুগামীদের উৎসাহ ও উদ্দীপনা ছিল নজরে পড়ার মত। এদিন দিলীপ ঘোষ রাজ্য সরকারকে বিঁধে বলেন, “এই সরকার লুটেরাদের সরকারে পরিণত হয়েছে। সর্বত্র দুর্নীতি ছেয়ে গিয়েছে।” পাশাপাশি, এসআইআর নিয়ে শাসকদলের বিভিন্ন আন্দোলন নিয়ে কটাক্ষ করে বলেন, “ভোটার তালিকা থেকে ভুতেদের নাম বাদ যাওয়ার আশঙ্কায় তৃণমূলের নেতাদের মাথা খারাপ হয়ে গিয়েছে।” পথসভায় উপস্থিত ছিলেন বিজেপির খড়গপুর শহর এক নম্বর মন্ডল সভাপতি টিঙ্কু সিং, নেতা গৌতম ভট্টাচার্য, মনোজ দে-সহ অন্যান্য নেতারা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.