স্টাফ রিপোর্টার: বিজ্ঞপ্তি অনুযায়ী সময় পেরিয়ে গেলেও প্রাথমিক টেট উত্তীর্ণরা আবেদন করতে পারবেন৷ সেজন্য ব্যবস্থা করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে৷ প্রাথমিক শিক্ষা পর্ষদের দেওয়া সময়সীমার মধ্যে আবেদন জমা করতে না পারা টেট উত্তীর্ণ প্রার্থীদের দায়ের করা মামলায় বুধবার এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট৷
প্রাথমিক টেটের ফল প্রকাশের পর অনলাইনে আবেদনপত্র পূরণের জন্য বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ সেখানে বলা হয়, ৩০ সেপ্টেম্বর আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে৷ ৭ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন টেট উত্তীর্ণ প্রার্থীরা৷ দার্জিলিং, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনার একাধিক টেট উত্তীর্ণ প্রার্থীর অভিযোগ ছিল, প্রাকৃতিক দুর্যোগ ও প্রত্যন্ত এলাকায় অনলাইন সংক্রান্ত পরিকাঠামোর অভাবে তাঁরা ৭ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন জমা করতে পারেননি৷ তাঁদের দাবি, এর পর একাধিকবার তাঁরা পর্ষদের কাছে আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমার মেয়াদ বৃদ্ধির আবেদন জানান৷ কিন্তু তা সত্ত্বেও অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার মেয়াদ বৃদ্ধি করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ এর পর বিষয়টি নিয়ে হাই কোর্টে মামলা দায়ের করেন দীপিকা বৈরাগী ও সুদীপ্তা চক্রবর্তী-সহ একাধিক টেট উত্তীর্ণ প্রার্থী৷
সেই মামলায় এদিন পর্ষদের দেওয়া সময়ের মধ্যে যাঁরা আবেদন জমা দিতে পারেননি, সেই সব টেট উত্তীর্ণ প্রার্থীকে আবেদন জমা দেওয়ার জন্য বিশেষ অনুমতি দিয়েছেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়৷ আবেদন জমা করার পাশাপাশি তাঁরা ইন্টারভিউয়ে বসতে পারবেন বলেও জানিয়ে দিয়েছে হাই কোর্ট৷ এছাড়াও বিচারপতি চট্টোপাধ্যায়ের নির্দেশ, যেসব টেট উত্তীর্ণ প্রার্থী আবেদন জমা করতে পারেনি তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ৷
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের