Bhangar

আরাবুলের গাড়িতে হামলা, রাতেই পুড়ল আইএসএফ পার্টি অফিস! ফের উত্তেজনা ভাঙড়ে

গভীর রাতে পুড়ল আইএসএফ পার্টি অফিস। তার জেরে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। রবিবার সকাল থেকে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন আইএসএফ কর্মী-সমর্থকরা।

দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৬, ১৫:২৩

options
link
আরাবুলের গাড়িতে হামলা, রাতেই পুড়ল আইএসএফ পার্টি অফিস! ফের উত্তেজনা ভাঙড়ে
পুড়ে যাওয়া কার্যালয়। ছবি-সংগৃহীত

গভীর রাতে পুড়ল আইএসএফ পার্টি অফিস। তার জেরে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে (Bhangar)। রবিবার সকাল থেকে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন আইএসএফ কর্মী-সমর্থকরা। রাস্তা অবরোধও করা হয়। শাসক দল বিজেপি ওই আগুন ধরিয়েছে বলে অভিযোগ। যদিও বিজেপি সেই অভিযোগ মানতে চায়নি। শনিবার রাতেই আরাবুল ইসলামের গাড়ির উপর হামলা চলেছিল। গতকাল সকালেই আইএসএফ ছেড়েছিলেন আরাবুল।

Advertisement

ঘটনাটি, ভাঙড়ের শাকসর এলাকার। ওই এলাকায় দীর্ঘদিন ধরেই আইএসএফের একটি কার্যালয় রয়েছে। গতকাল গভীর রাতে কেউ বা কারা ওই পার্টি অফিসে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। আগুনে ভস্মীভূত হয় ওই কার্যালয়। রবিবার সকালে ওই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। আইএসএফ কর্মী-সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকে। অবরোধও করা হয়। অভিযোগ, বিজেপি ওই কাজের সঙ্গে জড়িত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কার্যালয়ে আগুন লাগার ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে, খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

প্রসঙ্গত, আরাবুল ইসলাম গতকালই আইএসএফের সঙ্গ ত্যাগ করেছেন। দল ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই তিনি আক্রান্ত হন। শনিবার রাতে ভাঙড়ের পোলেরহাট থানার উড়িয়াপাড়া এলাকা দিয়ে গাড়িতে বাড়ি ফিরছিলেন আরাবুল। অভিযোগ, সেসময় ওই গাড়ি লক্ষ্য করে বোমাবাজি চলে। কোনওক্রমে রক্ষা পান আরাবুল। আইএসএফ এই হামলা চালিয়েছে বলে আরাবুলের অভিযোগ। সেই ঘটনার পরে রাতে শাকসর এলাকায় ওই আইএসএফ কার্যালয় আগুনে পুড়ে গেল! দুটি ঘটনার মধ্যে কি কোনও যোগাযোগ রয়েছে? সেই প্রশ্নও উঠেছে। পুলিশের আশ্বাসে রাস্তা অবরোধ উঠলেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে বলে খবর।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.