উপনির্বাচনে বড় চমক গেরুয়া শিবিরের, উলুবেড়িয়ায় বিজেপির প্রার্থী ইশরাত

তৃণমূলকে চ্যালেঞ্জ দিতে বড় চমক গেরুয়া শিবিরের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২, ২০১৮, ০৮:৪৯

options
link
উপনির্বাচনে বড় চমক গেরুয়া শিবিরের, উলুবেড়িয়ায় বিজেপির প্রার্থী ইশরাত

নন্দিতা রায়, নয়াদিল্লি: উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রার্থী হচ্ছেন তিন তালাক নিয়ে আদালতে লড়াই করা হাওড়ার বাসিন্দা ইশরাত জাহান। বিজেপির কেন্দ্রীয় কমিটি সূত্রে মঙ্গলবার জানা গিয়েছে, আগামী ৯ জানুয়ারি উলুবেড়িয়ায় একটি জনসভার মধ্য দিয়ে ইশরাত জাহানকে দলের প্রার্থী হিসেবে তুলে ধরা হবে। উলুবেড়িয়া কেন্দ্রের বিজেপির পর্যবেক্ষক সাংসদ জর্জ বেকার জানিয়েছেন, “ওই জনসভা থেকে আমরা আমাদের প্রার্থীকে ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আশা করছি এবার তৃণমূল কড়া চ্যালেঞ্জের মুখে পড়বে এই উপনির্বাচনে।”

Advertisement

[উলুবেড়িয়া, নোয়াপাড়ায় প্রার্থী ঘোষণা তৃণমূল ও বামফ্রন্টের]

সুপ্রিম কোর্টে তিন তালাক নিয়ে যে পাঁচজন মহিলা পিটিশন করেছিলেন তার একজন হাওড়ার পিলখানার বাসিন্দা ইশরাত জাহান। গত সপ্তাহে ইশরাতকে হাওড়ার বিজেপি মহিলা মোর্চার তরফে সংবর্ধনা দেওয়া হয়। ওই মঞ্চেই ইশরাতের হাতে বিজেপির পতাকাও তুলে দেওয়া হয়েছিল। যদিও এরপর বিজেপির রাজ্য দপ্তরে মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেও ইশরাতকে এখনও দলে নেওয়া হয়নি বলে দাবি করা হয়েছিল। ইশরাতকে তাই প্রার্থী করে লোকসভায় পাস হওয়া তিন তালাক বিল নিয়ে নির্বাচনী ইস্যু থেকে বিজেপি ফায়দা তুলতে চাইছে।

Advertisement

[উলুবেড়িয়া এবং নোয়াপাড়ায় উপনির্বাচনের দিন ঘোষণা]

প্রসঙ্গত, সম্প্রতি  তৃণমূল ভবনে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, উলুবেড়িয়ায় প্রার্থী হচ্ছেন সাজদা আহমেদ। যিনি সম্পর্কে প্রয়াত তৃণমূল সাংসদ সুলতান আহমেদের স্ত্রী। সুলতান আহমেদের মৃত্যুর পর তাঁর আত্মীয়দের প্রার্থী করা হবে বলে জল্পনা চলছিল। রাজনৈতিক বিশ্লেষকদের ব্যাখ্যা সাজদাকে প্রার্থী করে দল যে সুলতানের পরিবারের পাশে আছে তা বুঝিয়ে দেয় তৃণমূল। অন্যদিকে, বামফ্রন্টের প্রার্থী করা হয়েছে সাবিরুউদ্দিন মোল্লাকে। সুতরাং বোঝাই যাচ্ছে, প্রয়াত সাংসদ সুলতান আহমেদের আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। জল্পনা চলছিল, তৃণমূলের জেতা আসনে লড়াইটা হবে দ্বিতীয় ও তৃতীয় কে হবে তাই নিয়ে। কিন্তু ইশরাতকে প্রার্থী করে পালটা রাজনৈতিক চমক দিয়ে ভোটের খেলা জমিয়ে দিল বিজেপি। উল্লেখ্য, লোকসভায় তিন তালাক বিল পাশ করিয়ে পালের হাওয়া অনেকটা নিজেদের দিকে টানতে সক্ষম হয়েছে গেরুয়া শিবির। এমতাবস্থায় সাজদা ও সাবিরুদ্দিনের সামনে এখন বেশ কঠিন লড়াই বলে মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement

[‘সুবিচার পেয়েছি বলেই বিজেপিতে’, প্রধানমন্ত্রীর উদ্যোগে খুশি ইশরাত]

[নিখোঁজ ছেলে-মেয়ে! নতুন লড়াই শুরু ‘তিন তালাক’ মামলার মুখ ইশরাতের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.