Jhargram

জাপানের পড়ুয়াদের সঙ্গে শিক্ষার আদানপ্রদান, জাতীয় শিক্ষক তকমা পাচ্ছেন ঝাড়গ্রামের শান্তনু পাত্র

আগামী ৫ সেপ্টেম্বর নয়াদিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন তিনি।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৬, ১৫:১৪

options
link
জাপানের পড়ুয়াদের সঙ্গে শিক্ষার আদানপ্রদান, জাতীয় শিক্ষক তকমা পাচ্ছেন ঝাড়গ্রামের শান্তনু পাত্র
শান্তনু পাত্র।

শিক্ষা ব্যবস্থার ছক ভেঙে পড়ুয়াদের ‘আসল’ পাঠ দিয়ে সম্মানিত ঝাড়গ্রামের শিক্ষক। পাচ্ছেন ‘জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৬’। জঙ্গলমহলের মুকুটে আরও এক পালক। শিক্ষক দিবসে দেশের সেরা শিক্ষকদের সঙ্গে ‘জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৬-এ সম্মানিত হতে চলেছেন ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের বড়নিগুই এলাকার গভর্নমেন্ট মডেল স্কুলের শিক্ষক শান্তনু পাত্র। আগামী ৫ সেপ্টেম্বর নয়াদিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন তিনি।

Advertisement

৩৮ বছরের শান্তনু ভূগোলের শিক্ষক। তাঁর আদি বাড়ি তারকেশ্বরে। গত আট বছর ধরে নয়াগ্রামের ওই স্কুলে শিক্ষকতা করছেন তিনি। পড়ুয়াদের আন্তর্জাতিক পরিসরের সঙ্গে যুক্ত করতেও উদ্যোগী হয়েছেন শান্তনু। চলতি বছরের মার্চে নয়াগ্রামের সরকারি মডেল স্কুলের ১০ জন পড়ুয়া জাপানের দু’টি এবং গুজরাটের একটি স্কুলের পড়ুয়াদের সঙ্গে অনলাইন সাংস্কৃতিক ও শিক্ষাবিনিময় কর্মসূচিতে অংশ নেয়। সেখানে চারটি স্কুলের পড়ুয়ারা নিজেদের বিদ্যালয়ের সময়সূচি, শিক্ষাপদ্ধতি, শ্রেণিকক্ষের পরিবেশ, হাউস ব্যবস্থা, সাংস্কৃতিক ক্লাব, গ্রন্থাগার, গবেষণাগার এবং ডিজিটাল শিক্ষাব্যবস্থা নিয়ে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেয়।

Advertisement

এই আন্তর্জাতিক যোগাযোগের পিছনেও রয়েছে শান্তনুর জাপান-অভিজ্ঞতা। গত নভেম্বরে ‘ইনভাইটেশন প্রোগ্রাম ফর টিচার্স ফ্রম ইন্ডিয়া’-য় যোগ দিয়ে জাপানে গিয়ে সেখানকার শিক্ষা ব্যবস্থা প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজের স্কুলের পড়ুয়াদেরও আন্তর্জাতিক শিক্ষাবিনিময়ের পরিসরে নিয়ে আসার চেষ্টা করেছেন। পুরস্কার পাওয়ার খবর জানার পরে শান্তনু বলেন, “এই স্বীকৃতি মূলত আমার স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি নিষ্ঠা এবং তাঁদের শেখার তাগিদেরই এক বড় সম্মান।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.