সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারদকাণ্ডের তদন্ত কলকাতা হাই কোর্টের বিচারাধীন বিষয়৷ এই অবস্থায় একই ইস্যুতে রাজ্য সরকারের তদন্ত কমিটি গঠন কতখানি যুক্তিযুক্ত৷ এই বিষয়েই সোমবার হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ সেই প্রেক্ষিতেই এদিন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর জানিয়ে দিলেন, এ ব্যাপারে শেষ কথা বলবে হাই কোর্টই৷
যে নারদকাণ্ড নিয়ে বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে হইচই পড়েছিল, তা এখন আদালতের বিচারাধীন৷ ভিডিও ফুটেজের সত্যতা পরীক্ষা করতে ফরেন্সিক পরীক্ষার জন্য তা পাঠানো হয়েছিল হায়দরাবাদের ল্যাবে৷ সেই রিপোর্টের ভিত্তিতেই আদালত এ ব্যাপারে চূড়ান্ত রায় দেবে৷ কিন্তু এর মধ্যেই রাজ্য সরকার এই ঘটনার তদন্তে সিট গঠনের নির্দেশ দেয়৷ কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে পুরো ঘটনার তদন্ত হবে বলেও জানানো হয়৷ সোমবার এ বিষয়েই আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ এই তদন্ত কমিটি গঠন করা আদৌ যুক্তিযুক্ত কি না, তা জানতে চান তিনি৷ তার উত্তরেই প্রধান বিচারপতি জানিয়ে দেন, নারদকাণ্ডে যা বলার বলবে আদালতই৷ এ ব্যাপারে আদালতের বাইরে কে কী বলছেন, তা গ্রাহ্য করা হবে না৷ কারও কোনও বক্তব্য থাকলে আদালতের পথ খোলা আছে বলেও জানিয়ে দেন তিনি৷ নতুন গঠিত তদন্ত কমিটি নিয়ে আদালতের কাছে কোনও তথ্য নেই বলেও জানান তিনি৷
ইতিমধ্যেই নারদ নিউজের সিইও ম্যাথু স্যামুয়েলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ৷ মেয়র পত্নী রত্না চট্টোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের করা হয়েছে৷ তবে হাইকোর্টের এই বক্তব্যের পর নারদকাণ্ডে রাজ্য সরকারের তদন্ত থমকে যাবে কি না, সে জল্পনা দানা বেধেছে রাজনৈতিক মহলে৷
সর্বশেষ খবর
-
কৃষ্ণনগরের কলেজছাত্রের তৈরি দুর্গাপ্রতিমা পাড়ি দিচ্ছে জাপান, কীভাবে স্বপ্ন সত্যি হল অগ্নিভর?
-
নিট আন্দোলনে পুলিশের ভ্যান থামানো ‘হিরো’ রিয়া আহির ‘বিগ বস’-এ! কড়া শর্ত সলমনের
-
হরিদ্বারে হত্যাকাণ্ড! রাখির আগের দিন ভাইয়ের হাতে খুন ২ দিদি, নেপথ্যে কী কারণ?
-
‘ক্লিভেজ’ দেখিয়ে রাখির বিজ্ঞাপন! বিতর্কের ঝড়ে কৃতী শ্যাননের ভিডিও তুলে নিল সংস্থা
-
ডুরান্ড ডার্বির হার ভুলে কলকাতা লিগে মরণবাঁচন ম্যাচ, প্রতিপক্ষ কোচ ব্যারেটো চিন্তা মোহনবাগানের