সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রানার ছোটার রুমঝুম ঘণ্টা বাজার রাত আজ প্রায় অতীত৷ ডিজিটাল যুগে হাতে লেখা চিঠিই তো লুপ্তপ্রায়৷ পোস্ট অফিস এখনও আছে বটে, তবে মেলের দুনিয়ায় তা টিকে আছে নেহাতই টিমটিম করে৷ ফলত রানারের দেখা পাওয়াই যেখানে ভার, সেখানে মহিলা রানারের দেখা পাওয়া তো প্রায় দুর্লভ৷ আলিপুরদুয়ারের বক্সা পোস্ট অফিসের ছবিটা কিন্তু একেবারেই অন্যরকম৷ এ পোস্ট অফিসে রানারের কাজ করে চলেছেন এক মহিলাই৷ তিনি সৃজনা থাপা৷
‘থ্রি-জি’ থেকে ‘ফোর-জি’র দিকে যখন যুগ এগোচ্ছে তখন কালচিনি ব্লকের ছবিটা যেন ফেলে আসা দিনের কথা মনে করিয়ে দেবে৷ সেখানে এখনও গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছয়নি৷ ফলে দুরন্ত টেলি কমিউনিকেশনের যুগে এখনও চিঠিই ভরসা৷ আশেপাশের ১১টি গ্রামের লোক অন্তত এই বক্সা পোস্ট অফিসের মহিলা রানারের পথ চেয়েই বসে থাকেন৷ পায়ে হেঁটে কখন তিনি বাড়ি বাড়ি চিঠি বিলি করতে আসবেন সে জন্যই থাকে প্রতীক্ষা৷
কেন সৃজনা থাপা এরকম এক কষ্টকর কাজ বেছে নিলেন? সৃজনার বাবাও ছিলেন পোস্ট অফিসের কর্মচারী৷ বাবার পথেই কেরিয়ার গড়তে চেয়েছিলেন তিনি৷ কালিম্পং কলেজ থেকে স্নাতক হওয়ার পর তাই তিনি বক্সা পোস্ট অফিসেই পোস্ট মাস্টারের চাকরি নেন৷ তখনও পোস্ট অফিসে একজন রানার ছিলেন৷ সৃজনার কাজকর্ম তাই ছিল ঘরের মধ্যেই৷ কিন্তু রানারের অবসরের পর দীর্ঘদিন পদটি খালি পড়েছিল৷ ২০১২ সালে ওই পোস্ট অফিসেই রানারের পদেও যোগ দেন সৃজনা৷ তারপর থেকেই শুরু তাঁর নতুন জীবন৷ পায়ে হেঁটেই গ্রামে গ্রামে এখন চিঠি বিলি করেন সৃজনা৷ গোটা পোস্ট অফিসটি তিনি এখন সামলান একা হাতেই৷
আশেপাশের এগারোটি গ্রামের মানুষ তাঁদের এই লেডি রানারের কাজে খুব খুশি৷ বাড়ি থেকে অফিস পৌঁছতেই সৃজনার সময় লেগে যায় প্রায় ঘণ্টাখানেক৷ তারপর চিঠিপত্র গুছিয়ে নিয়ে শুরু হয় বিলি করার পালা৷ পায়ে হেঁটে বিভিন্ন গ্রামে পৌঁছতে অনেকটাই সময় লেগে যায়৷ কাজ চলে সেই সন্ধে নামার আগে পর্যন্ত৷ খাটাখাটনির সীমা নেই৷ তবু এই কাজ ছাড়তে চান না তিনি৷ চিঠি বিলি শেষে প্রাপকের মুখের তৃপ্তির হাসিটিই তাঁর পরিশ্রমের পুরস্কার বলে জানান এই তরুণী ‘লেডি রানার’ ৷
সর্বশেষ খবর
-
মেসিকে ছাড়, ভিনির বেলায় ফাউল! রেফারির বিরুদ্ধে ফিফায় নালিশ ঠুকল ক্ষুব্ধ ব্রাজিল
-
খাঁচায় বন্দি পাখি আর স্বাধীনতার অসহনীয় ভার! ‘পিঞ্জর’-এর ট্রেলার যেন সমাজের আয়না
-
৫১ আইটিআই-র ভোলবদল! বেসরকারি সংস্থার কাঁধে দায়িত্ব দেওয়ার কথা জানালেন উচ্চ শিক্ষামন্ত্রী
-
খুনিদের ফাঁসি নিশ্চিত! বাগনানে তৃণমূলের হাতে খুন বিজেপি কর্মীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
পৌঁছনো হল না গ্রাহকদের বাড়ি! পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু ডেলিভারি বয়ের