Jute Mill

এবার খুলছে বালির মহাদেব জুট মিল, মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই সিদ্ধান্ত

মন্ত্রী অর্জুন সিংয়ের উদ্যোগে আগামী ২৫ জুলাই মিলটি খুলতে চলেছে। এর ফলে উপকৃত হবে মিলের ৮৫০ জন শ্রমিক।

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৬, ২০:৪৪

options
link
এবার খুলছে বালির মহাদেব জুট মিল, মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই সিদ্ধান্ত
মহাদেব জুট মিলের শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে মন্ত্রী অর্জুন সিং। নিজস্ব ছবি।

রাজ্যে একের পর এক খুলছে বন্ধ হয়ে যাওয়া জুট মিল। শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের নেতৃত্বে কাটছে জট। এবার খুলছে রাজ্যের আরও একটি জুট মিল। ২০২৫ সালের ২৪ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে গিয়েছিল হাওড়ার বালির মহাদেব জুট মিলটি। মন্ত্রীর উদ্যোগে আগামী ২৫ জুলাই মিলটি খুলতে চলেছে। এর ফলে উপকৃত হবে মিলের ৮৫০ জন শ্রমিক।

Advertisement

বুধবার কলকাতার নিউ সেক্রেটারিয়েটে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অর্জুন সিংয়ের নেতৃত্বে, রাজ্যের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য এবং শ্রম সচিব রচনা ভগতের উপস্থিতিতে কর্মরত ৩টি শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। বিশেষ শ্রম কমিশনার আশিস সরকার এবং হাওড়ার ডেপুটি শ্রম কমিশনার সুমন্ত রায় এই আলোচনায় উপস্থিত ছিলেন। সমস্যার সমাধানে বিস্তারিত আলোচনা করা হয় বৈঠকে। দীর্ঘ আলোচনার পর আগামী ২৫ জুলাই থেকে মিলটি খোলার সিদ্ধান্ত হয়েছে।

Advertisement

এর আগে বরানগর জুট মিল, জগদ্দল জুট ইন্ডাস্ট্রিজ, এমকো জুট মিল, চন্দননগরের গোন্দলপাড়া জুট মিল, শ্রীরামপুরের ইন্ডিয়া জুট মিল শ্রীরামপুরের হেস্টিংস জুট মিল- সহ একাধিক জুট মিল খোলার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে উপকৃত হচ্ছেন কাজ হারানো হাজার হাজার শ্রমিক। সম্প্রতি শ্রম দপ্তরের তরফে জানানো হয়েছে, রাজ্যের সব বন্ধ হয়ে যাওয়া জুট মিল খুলে যাবে। এর জন্য পদক্ষেপ নিচ্ছে রাজ্য।

Advertisement

বাংলায় রাজনৈতিক পালাবদলের পর ফের স্বমহিমায় ফিরতে শুরু করছে জুট মিলগুলি। শ্রম দপ্তরের দায়িত্ব নিয়ে এ বিষয়ে উদ্যোগী হন অর্জুন সিং। ইতিমধ্য়েই একধিক মিল কর্তৃপক্ষ ও শ্রমিক ইউনিয়নগুলির সঙ্গে বৈঠক করেন তিনি। এর জেরে খুলতে শুরু করেছে মিলগুলি। সেই মতো এবার আরও একটি মিল খুলে যাচ্ছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.