সোনারপুরে জামাই খুনে আটক শ্বশুর, চাঞ্চল্য

অমতে মেয়েকে বিয়ের জের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০১৭, ১৩:৫১

options
link
সোনারপুরে জামাই খুনে আটক শ্বশুর, চাঞ্চল্য
ছবি: প্রতীকী

স্টাফ রিপোর্টার, দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুরে যুবক খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। শ্বশুরবাড়ির অমতে বিয়ে করায় সুপারি কিলার দিয়ে জামাইকে খুন করায় শ্বশুর। তদন্তে নেমে এমনই তথ্য উঠে এসেছে পুলিশের হাতে। খুনের ষড়যন্ত্র সাজানোর অভিযোগ নিহত যুবক সৌমিত্র নাইয়ার শ্বশুর কবির মণ্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শুক্রবার রাতে সোনারপুরের শালিমার মোড়ের কাছে রাস্তার উপর সৌমিত্রকে খুব কাছ থেকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমে এদিন রাতেই এক দু্ষ্কৃতীকে আটক করে পুলিশ। তাকে জেরা করেই সৌমিত্রর শ্বশুরের ষড়যন্ত্রের কথা জানতে পারে তারা।

Advertisement

[১ জুলাই ছুটি ঘোষণা রাজ্য সরকারের]

স্থানীয় ও পুলিশ জানা যায়, জীবনতলা থানা এলাকার নাগরতলার বাসিন্দা সৌমিত্র। বছর দেড়েক আগে হোমপুরের বাসিন্দা কবির মণ্ডলের মেয়ে স্বপ্নাকে বিয়ে করেছিল সে। তবে এ বিয়েতে মত ছিল না কবির মণ্ডল ও তার পরিবারের। বিয়ের পর মেয়ে ও জামাইয়ের সঙ্গে কোনও সম্পর্ক রাখেনি তারা। পুলিশ জানতে পেরেছে, জামাইকে খুন করার জন্য সুপারি কিলার ভাড়া করে কবির। সৌমিত্রর আইসক্রিমের একটি ছোট কারখানা ছিল। পাশাপাশি ক্যাটারিংয়ের ব্যবসাও করতেন তিনি। পুলিশ সূত্রে খবর, জেরায় ওই দুষ্কৃতী জানিয়েছে কবির মণ্ডল খুনের ছক সাজিয়ে দেয়। তার কথামতোই সৌমিত্রর সঙ্গে ক্যাটারিংয়ের কাজ দেওয়ার নাম করে যোগাযোগ করে দুষ্কৃতীরা। বরাত দেওয়ার নামে এদিন তাঁর সঙ্গে দেখা করে। তারপর অ্যাডভান্স দেওয়ার নাম করে তাদের বাইকে চাপিয়েই শালিমার মোড়ের কাছে নিয়ে যায় সৌমিত্রকে।

Advertisement

প্রত্যক্ষদর্শীদের থেকে জানা ঘটনার দিন রাত সাড়ে দশটা নাগাদ ওই দুই যুবকের সঙ্গে একটি মোটরবাইকে চেপে শালিমার মোড়ে আসতে দেখা যায় সৌমিত্রকে। কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলার পরই হঠাৎ এক যুবক একটি আগ্নেয়াস্ত্র বের করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর দুটি গুলি করে সৌমিত্রকে। গুলি চালিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় ওই দুই দুষ্কৃতী। সৌমিত্রকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে একটি নার্সিং হোমে, তারপর সুভাষগ্রাম হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার রাতেই পুলিশ এক দুষ্কৃতীকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই রহস্যের কিনারা হয়। জানা যায়, গোটা ঘটনাটি সৌমিত্রর শ্বশুরের ষড়যন্ত্র। যদিও এখনই খুনের বিষয়ে সরকারিভাবে কিছু বলতে চাইছে না পুলিশ। জেলা পুলিশের কর্তারা বলছেন, তদন্ত চলছে।

Advertisement

[ছাত্রীদের আবেদনে সাড়া মুখ্যমন্ত্রীর, এবার থেকে বিশ্ববিদ্যালয়েও ‘কন্যাশ্রী’]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.