Corruption at cooperative bank in Durgapur

তৃণমূল জমানায় দুর্গাপুরে সমবায় ব্যাঙ্কে বেনজির দুর্নীতি! ‘৪০ কোটিরও বেশি লুট’, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মন্ত্রী কীর্তনিয়ার

তৃণমূল জমানায় ব্যাঙ্কে বিপুল অঙ্কের টাকা নয়ছয়ের অভিযোগ তুলে শনিবার দুর্গাপুরে এসে কার্যত কড়া বার্তা দিলেন সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া।

সুদীপ বন্দ্যোপাধ্যায়
সুদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৬, ১৯:৫৯

options
link
তৃণমূল জমানায় দুর্গাপুরে সমবায় ব্যাঙ্কে বেনজির দুর্নীতি! ‘৪০ কোটিরও বেশি লুট’, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মন্ত্রী কীর্তনিয়ার
অশোক কীর্তনিয়া, সমবায় মন্ত্রী। ছবি: সনাতন গরাই।

দুর্গাপুর ইস্পাত কারখানার পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্কে প্রায় ৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে সরব মন্ত্রী। তৃণমূল জমানায় ব্যাঙ্কে বিপুল অঙ্কের টাকা নয়ছয়ের অভিযোগ তুলে শনিবার দুর্গাপুরে এসে কার্যত কড়া বার্তা দিলেন সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া। তাঁর দাবি, সুদ-সহ অনাদায়ী ঋণের পরিমাণ ৪০ কোটি ৬০ লক্ষ ৫১ হাজার ৫৬৫ টাকা। এই বিপুল অঙ্কের ঋণ কীভাবে দেওয়া হয়েছিল, তা নিয়েই এখন উঠছে একাধিক প্রশ্ন। অভিযোগ, কিছু ক্ষেত্রে ভুয়ো বা অসঙ্গত নথি ব্যবহার করে ঋণ দেওয়া হয়েছিল। আবার একই ব্যক্তি বা সংস্থাকে একই মাসে কিংবা একই বছরে একাধিকবার ঋণ দেওয়ার অভিযোগও সামনে এসেছে। এমন বড় অঙ্কের ২১টি ঋণ চিহ্নিত হয়েছে বলে জানানো হয়েছে। ফলে ঋণ দেওয়ার সময় ব্যাঙ্কের নিয়মকানুন মানা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।

Advertisement

শুধু ঋণগ্রহীতাদের ভূমিকাই নয়, ঋণ অনুমোদনের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক আধিকারিকদের ভূমিকাও খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট কোনও আধিকারিক বর্তমানে অবসর নিয়ে থাকলেও বা অন্যত্র বদলি হয়ে গেলেও তদন্ত থেকে তাঁকে বাদ দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করতে ভিজিল্যান্স তদন্ত করা হবে। কারা এই বিপুল অঙ্কের ঋণ পেয়েছেন, কীভাবে ঋণ অনুমোদন করা হয়েছিল এবং ঋণ দেওয়ার ক্ষেত্রে কোনও অনিয়ম হয়েছিল কি না, তদন্তে সেই সব বিষয় খতিয়ে দেখা হবে। পাশাপাশি, সাধারণ মানুষের টাকা ফেরত দেওয়ার বিষয়েও কড়া বার্তা দেওয়া হয়েছে। ঋণের টাকা ফেরত না দিলে আইন অনুযায়ী জেল থেকে শুরু করে সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো কঠোর পদক্ষেপ করা হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অর্থাৎ অনাদায়ী ঋণের টাকা উদ্ধারে প্রয়োজন হলে কঠোর আইনি পথে হাঁটতে পিছপা হবে না প্রশাসন এমনই বার্তা দেওয়া হয়েছে।

Advertisement

ব্যাঙ্কের ঋণ দফতরে দীর্ঘদিন ধরে একই ব্যক্তির থাকার অভিযোগ নিয়েও প্রশ্ন উঠেছে। কেন দীর্ঘদিন ধরে একই ব্যক্তি ওই গুরুত্বপূর্ণ দফতরে ছিলেন, তাঁর সময়ে ঋণ দেওয়ার ক্ষেত্রে কোনও অনিয়ম হয়েছিল কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাঙ্কের আরসিএস আধিকারিককেও গোটা বিষয়টি সতর্কতার সঙ্গে নজরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন দুর্গাপুরের মহিলা কো-অপারেটিভ ব্যাঙ্কেও অনিয়মের অভিযোগ রয়েছে বলে জানানো হয়। সেখানেও যাওয়ার কথা জানান সমবায় মন্ত্রী। তাঁর স্পষ্ট বার্তা, সমবায় ব্যাঙ্কে দুর্নীতি বা আর্থিক অনিয়মের অভিযোগ উঠলে কোনওভাবেই তা বরদাস্ত করা হবে না। প্রয়োজন হলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দুর্গাপুরের সিটি সেন্টারে মহিলা কো-অপারেটিভ ব্যাংকে নতুন একটি এটিএম এর উদ্বোধন হয়। উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনীয়া। উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘরুই।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.