স্টাফ রিপোর্টার, কাঁথি: গোটা দেশে নোট বাতিলের পর খুচরো টাকার সংকটে দিঘা, মন্দারমণিতে বেড়াতে যাওয়ার খরচ কমাচ্ছেন পর্যটকরা৷ এমনিতেই খুচরো সমস্যায় টানা তিন দিন ছুটিতেও প্রায় পর্যটক শূন্য দিঘা-মন্দারমণি৷ সাধারণত সপ্তাহান্তের সঙ্গে টানা ছুটি থাকলেই দিঘা-মন্দারমণিতে ভিড় জমান পর্যটকরা৷ এই সুযোগে হোটেল ভাড়া বাড়িয়ে দেওয়া হয় বলে দীর্ঘদিনের অভিযোগ৷
কিন্তু নোট বাতিলের পর কপালে ভাঁজ দিঘার হোটেল ব্যবসায়ীদের৷ খুচরো টাকার অভাবে পর্যটক কমায় হোটেল ব্যবসা বন্ধ হতে বসেছে৷ ফলে দিঘা, মন্দারমণি, তাজপুর, শংকরপুরে হোটেল ভাড়া একলাফে অনেকটাই কমিয়ে দিয়েছেন হোটেল মালিকেরা৷ যেখানে এসি রুমের ভাড়া ছিল ১৫০০-২০০০ টাকা, সেখানে এখন ভাড়া হয়েছে ৮০০-১০০০ টাকা৷ আর নন এসি রুমের ভাড়া যেখানে ৭০০-১০০০ টাকা নেওয়া হত৷ এখন সেখানে একলাফে রুম ভাড়া কমিয়ে ৩০০-৫০০ টাকা করা হয়েছে৷ ফলে এবার পর্যটকদের দিঘা ভ্রমণের খরচ অনেকটাই কমতে চলেছে বলে দাবি প্রশাসনিক মহলের৷
নিউ দিঘা গেস্ট হাউস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত দাস জানান, পর্যটকরা যখন বেড়াতে আসেন তখন খুচরো টাকার বদলে বড় নোট অর্থাৎ ৫০০-১০০০ টাকার নোট নিয়েই আসেন৷ কিন্তু আচমকা তা বাতিল হওয়ায় সাধারণ মানুষ বিপদে পড়েছেন৷ অনেক হোটেল পুরানো নোট নিলেও খুচরো ব্যবসায়ীরা ওই নোট নিতে চাইছেন না৷ ফলে পর্যটকরা খুচরো টাকার অভাবে বেড়াতে না এসে হোটেল বুকিং বাতিল করে দিচ্ছেন৷ তাই হোটেল ব্যবসা মুখ থুবড়ে পড়েছে৷ সে কারণে অনেক হোটেল দৈনিক খরচ সামাল দিতে ইতিমধ্যে ঘরভাড়া কমিয়ে দিয়েছে৷ যাতে পর্যটকদের বেড়াতে এসে কোনও সমস্যায় না পড়তে হয়৷ পাশাপাশি হোটেল ব্যবসা যাতে একদম বন্ধ না হয়ে যায় তার জন্যে ব্যবসার ক্ষতি স্বীকার করেই ভাড়া কমানো হয়েছে৷
প্রতি সপ্তাহান্তে দিঘা, মন্দারমণি-সহ উপকূলবর্তী পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পায়৷ এবারের শনিবার ও রবিবারের সঙ্গে বাড়তি ছুটি হিসাবে যোগ হয়েছিল সোমবার৷ সোমবার গুরু নানকের জন্মদিন হওয়ায় সরকারি দফতর ছুটি রয়েছে৷ তিন দিনের টানা ছুটি মানে নাগালের মধ্যে থাকা দিঘার দিকে ঝোঁক বাড়ে ভ্রমণ পিপাসু বাঙালির৷ কিন্তু এবারের টানা ছুটিতে সাধারণ মানুষ ব্যস্ত ৫০০-১০০০ টাকার নোট বদলাতে৷ তাছাড়া দিঘা, মন্দারমণি পর্যটন কেন্দ্রের বেশিরভাগ হোটেলই পুরনো নোট নেওয়া বন্ধ করে দিয়েছে৷ খুচরো টাকা থাকলেই হোটেল ভাড়া দেওয়া যাচ্ছে৷ তাছাড়া অনলাইনেও খুচরো নোটে পেমেণ্ট নেওয়া হচ্ছে৷ তাই খুচরো সংকটে জেরবার মানুষ বেড়ানো থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন৷ ফলে শীতের মরশুম শুরুর মুখেই পর্যটন শিল্পে কিছুটা হলেও ধস নেমেছে বলে দাবি হোটেল ব্যবসায়ীদের৷
সর্বশেষ খবর
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের