Local Train Cancel

ঝড়বৃষ্টিতে ছিঁড়ল তার, রানাঘাট-শিয়ালদহ শাখায় বন্ধ ট্রেন চলাচল

জানা গিয়েছে, শিমুরালিতে ট্রেনের তার ছিঁড়ে গিয়েছে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ১৮, ২০২৬, ২০:৪১

options
link
ঝড়বৃষ্টিতে ছিঁড়ল তার, রানাঘাট-শিয়ালদহ শাখায় বন্ধ ট্রেন চলাচল
সপ্তাহের প্রথম দিন ট্রেন চলাচল বন্ধ হওয়ায় সমস্যায় যাত্রীরা। নিজস্ব ছবি।

প্রাকৃতিক দুর্যোগে ট্রেনের তার ছিঁড়ে বন্ধ হয়ে গেল ট্রেন চলাচল। সোমবার সন্ধ্যায় হঠাৎ ঝড়বৃষ্টির কারণে রানাঘাট-শিয়ালদহ শাখায় ট্রেনের তার ছিঁড়ে যায়। জানা গিয়েছে, শিমুরালিতে ট্রেনের ওভারহেড তার ছিঁড়ে গিয়েছে। এর ফলে দীর্ঘক্ষণ এই শাখায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এর জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে ট্রেন। ইতিমধ্যেই মেরামতির কাজ শুরু করেছে রেল। কয়েকজন যাত্রী ট্রেনে বসেই পরিষেবা চালু হওয়ার অপেক্ষা করছেন। আবার অনেকে ট্রেন থেকে নেমে অন্য পথে গন্তব্যে পৌঁছনোর জন্য রওনা দিয়েছেন।

Advertisement

জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় আচমকা ঝড়বৃষ্টির কারণে তার ছিঁড়ে যাওয়ায় রানাঘাট-শিয়ালদা শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে আপ লাইনে ধীর গতিতে ট্রেন চললেও পুরোপুরো বন্ধ ডাউন লাইনে ট্রেন চলাচল। এর ফলে সপ্তাহের প্রথম দিন ব্যাপক সমস্যায় পড়েন যাত্রীরা। রেলের তরফে ইতিমধ্যেই মেরামতির কাজ শুরু হয়েছে।

Advertisement

অন্যদিকে, সোমবার বিকেলে মাত্র ১৫-২০ মিনিটের একটি বিধ্বংসী ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে গোটা একটি গ্রাম। বীরভূমের তারাপীঠ থানা এলাকার পোপাড়া বায়েন পাড়া, মল্লিক পাড়া, বড় বায়েন পাড়া, সাহাপুর গ্রামের মানুষ ও গবাদি পশু এখন খোলা আকাশের নীচে বাস করছেন । প্রায় ২০টি পরিবারে নেমে এসেছে এই দুর্যোগ। বেশিরভাগ কাঁচা বাড়ির খড় ও টিনের ছাউনি উড়ে গিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। রাস্তায় ভেঙে পড়েছে বড় বড় গাছ, বৈদ্যুতিক তারের খুঁটি । পাশাপাশি হরিহরপাড়ার খিদিরপুর বালুর মাঠপাড়া এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন ২ জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে মাঠে কৃষিকাজ করছিলেন কয়েকজন। সেই সময় আচমকাই প্রবল বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি শুরু হয়। বাজ পড়ে মোট তিনজন আহত হন। তাঁদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.