অর্ণব দাস, বারাকপুর: ‘সিবিআই মিথ্যেবাদী’, বিস্ফোরক অভয়ার বাবা-মা। মঙ্গলবারের শুনানিতে রীতিমতো হতাশ তাঁরা। নিরাশ কন্ঠে অভয়ার বাবা বললেন, “সুপ্রিম কোর্ট আমাদের জন্য কিছু করবে না, তা ভালোভাবে বুঝে গিয়েছি।”
মঙ্গলবার সুপ্রিম কোর্টে ছিল আর জি কর মামলার শুনানি। আদালতে কী হয় স্বাভাবিকভাবেই নজর ছিল অভয়ার বাবা-মায়ের। কিন্তু শুনানি শেষে একরাশ হতাশা প্রকাশ করলেন তাঁরা। নিহত চিকিৎসকের বাবা বললেন, “সুপ্রিম কোর্ট আমাদের জন্য কিছু করবে না, এটা আমরা ভালোভাবেই বুঝে গিয়েছি।” সিবিআইকে নিশানা করে বললেন, “কোর্টে দাঁড়িয়ে এতসহজে মিথ্যা কথা বলা যায়, সেটা দেখে আশ্চর্য হচ্ছি। মিথ্যার উপর দাঁড়িয়ে সবটা হচ্ছে। সিবিআই কোর্টে বলছে, সব সময় আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে। কিন্তু আমরা তদন্তের ব্যাপারে কিছুই জানি না।” তিনি আরও বলেন, “সিবিআই আমাদের বলেছিল, কথা বলে চার্জশিট জমা দেবে। কিন্তু আমরা জানিও না যে শিয়ালদহ কোর্টে চার্জশিট জমা পড়ে গিয়েছে। ক’দিন ধরে মেসেজে জানতে চাইছি সাপ্লিমেন্টারি চার্জশিট কবে জমা দেবে, সেটাও জানাচ্ছে না। গোটা প্রক্রিয়া নিয়ে আমরা ধোঁয়াশায় আছি।”
প্রসঙ্গত, গত ৯ আগস্ট আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে গোটা বাংলা। এই সংক্রান্ত মামলা স্বতঃপ্রণোদিতভাবেই শুনবে বলে জানায় সুপ্রিম কোর্ট। এত দিন এই মামলার শুনানি হত প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। তিনি অবসর নেওয়ার পর মঙ্গলবার প্রথম এই মামলা শুনলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না। তাঁর বেঞ্চে ছিলেন বিচারপতি সঞ্জয় কুমার। খুন এবং ধর্ষণ মামলার বিচারপ্রক্রিয়া ছাড়াও এদিনের শুনানিতে আরজিকরের আর্থিক দুর্নীতি, ন্যাশনাল টাস্ক ফোর্সের প্রসঙ্গও উঠেছে। পরবর্তী শুনানি আগামী ১৭ মার্চ হবে বলেই ঠিক হয়েছে। শুনানি আরও চার মাস পিছিয়ে যাওয়ায় ভেঙে পড়েছেন অভয়ারও মা-ও।
সর্বশেষ খবর
-
পরিকাঠামোই নেই, কেন্দ্রীয় অর্থের সুযোগ থেকে বঞ্চিত বাংলার বহু স্কুল
-
একদিনে চার সোনা, এবার পুরুষদের তিরন্দাজি ও শুটিং ট্র্যাপ মিক্সড ইভেন্টেও সোনালি সাফল্য ভারতের
-
শেষ হাসি হাসলেন সাদ্দামই! ইরাক থেকে সরছে মার্কিন সেনা, ইরানি গোষ্ঠীকে সামলাতে পারবে বাগদাদ?
-
ভারত না ব্রাজিল, সমর্থন কাকে? যুবভারতীর মেগা ম্যাচে ধর্মসংকটে কলকাতার একমাত্র সাম্বা-পরিবার!
-
নীতীশকে নিয়ে চরম কোন্দল কংগ্রেসে! কর্মসমিতির বৈঠকে তুমুল বাকযুদ্ধে সোনিয়া-দিগ্বিজয়