Shyama Prasad Mukherjee

পুরুলিয়ায় প্রথম! জন্মদিবসে শ্যামাপ্রসাদের আবক্ষ মূর্তি বসাচ্ছে ভারত সেবাশ্রম সংঘ

৬ জুলাই পুরুলিয়ার ভারত সেবাশ্রম সঙ্ঘ-র ঠিক বাইরে ওই আবক্ষ মূর্তি বসানো হবে।

সুমিত বিশ্বাস
সুমিত বিশ্বাস

শেষ আপডেট: জুলাই ৪, ২০২৬, ১৪:৩৭

options
link
পুরুলিয়ায় প্রথম! জন্মদিবসে শ্যামাপ্রসাদের আবক্ষ মূর্তি বসাচ্ছে ভারত সেবাশ্রম সংঘ
প্রখ্যাত শিল্পী রাহুল দাসের নিপুণ হাতের ছোঁয়ায় ফুটে উঠছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি। পুরুলিয়া শহরে। ছবি: সুমিত বিশ্বাস।

সময়টা দেশ স্বাধীনের আগে। ১৯৪০ সাল। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা প্রণবানন্দজী মহারাজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গলায় মালা পরিয়ে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছিলেন। সেই ছবি ভারত সেবাশ্রম সংঘের প্রায় প্রতিটি কেন্দ্রেই ফ্রেমে বাঁধানো। সেই কথা মাথায় রেখেই ‘হিন্দু জাতি রক্ষা’র নেতা শ্যামাপ্রসাদের ১২৫ তম জন্মবার্ষিকীতে পুরুলিয়ায় প্রথম তাঁর আবক্ষ মূর্তি স্থাপন করছে ভারত সেবাশ্রম সংঘ।

Advertisement

৬ জুলাই পুরুলিয়ার ভারত সেবাশ্রম সংঘের ঠিক বাইরে শ্যামাপ্রসাদের আবক্ষ মূর্তি বসানো হবে। অনুষ্ঠানে থাকার কথা রাজ্যের পূর্ত ও অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো-সহ বিধায়কদের। ইতিমধ্যেই আবক্ষ মূর্তির কাঠামো তৈরি হয়ে গিয়েছে। মূর্তি তৈরি করছেন প্রখ্যাত শিল্পী রাহুল দাস। শনিবারই ওই মূর্তি চলে আসবে ভারত সেবাশ্রম সংঘে।

Advertisement

অনুষ্ঠানকে ঘিরে পুরুলিয়া শহরে সাধারণ মানুষজনের মধ্যে একটা আলাদা উৎসাহ রয়েছে। পুরুলিয়ার ভারত সেবাশ্রম সঙ্ঘ-র সহ-সম্পাদক স্বামী নিত্যশুদ্ধানন্দজী মহারাজ বলেন, “পুরুলিয়ায় এর আগে এই সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, রাজনীতিবিদের কোনও মূর্তি ছিল না। তাই ভারত সেবাশ্রম সংঘ প্রথম এই উদ্যোগ নিল। পুরুলিয়ার শিল্পী রাহুল দাস এই মূর্তিটি নির্মাণ করছেন। জন্মদিবস পালনে প্রভাতফেরি হবে। তারপর সঙ্গীতানুষ্ঠান ও মূর্তি উন্মোচন।” এ ছাড়াও ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও আদর্শ নিয়ে তাৎক্ষণিক বক্তৃতা রয়েছে। দেশ ও সমাজের প্রতি তাঁর অবদান ও আদর্শকে স্মরণ করে রাখার জন্যই ওই আবক্ষ মূর্তি উন্মোচন করা হবে।

Advertisement

বিজেপির রাজ্য কমিটির সদস্য বিবেক রাঙ্গা বলেন, “আজ ভারতবর্ষ এগিয়ে চলেছে তার জন্য সবচেয়ে বড় অবদান আমাদের মহান নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। এই মহান রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সমাজ সংস্কারের ইতিহাসকে মুছে দিতে চেয়েছিল বিগত সরকার। আমরা তাঁর কাজকে সামনে রেখে এগিয়ে যাব। দলের তরফে রাজ্যজুড়ে অনুষ্ঠান হবে। পুরুলিয়ার ভারত সেবাশ্রম সংঘ যেভাবে তাঁর আবক্ষ মূর্তি উন্মোচন করছে তা সত্যিই একটা বড় কাজ।” শিল্পী রাহুল দাস জানান, “এমন কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে নিজেকে গর্বিত অনুভব করছি। “

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.