এসআইআর (SIR in West Bengal) শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বহু নাম বাদ ও বিচারাধীন। এই ইস্যুতে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে সরব রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার সেই তালিকাতেই দেখা গেল উলটপুরাণ! উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের এক বিজেপি নেতার নাম ‘ডিলিটেড’! ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। নাম না দেখে অবশ্য বিজেপি নেতা দুষলেন রাজ্য সরকারি কর্মীদেরই, যাঁরা মাইক্রো অবজার্ভার হিসেবে কাজ করেছিলেন, তাঁদেরই। আর রাজনৈতিক মহলে ফিসফাস, গোটা ব্যাপারটা আসলে ব্যুমেরাং হয়ে গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দত্তপুকুরের রামকৃষ্ণপল্লির বাসিন্দা জয়দেব পাল জেলা বিজেপির ওবিসি মোর্চার আহ্বায়ক। এর আগে তিনি বারাকপুর সাংগঠনিক জেলার ওবিসি মোর্চার সভাপতির দায়িত্বেও ছিলেন। আমডাঙা বিধানসভার চালতাবেড়িয়া এফপি স্কুলের ২৫০ নম্বর বুথের ভোটার ছিলেন তিনি। এসআইআর প্রক্রিয়ার পর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় তাঁর নাম ‘ডিলিটেড’ হিসেবে দেখানো হয়েছে। বিষয়টি সামনে আসতেই সরব হয়েছেন জয়দেব পাল। তাঁর অভিযোগ, “রাজ্য সরকারের কর্মচারীরা যাঁরা মাইক্রো অবজার্ভার হয়েছেন, তাঁরা বসে বসে বিজেপির ভোট কেটে দিয়েছে। বুথে এরকম বহু ঘটনা ঘটেছে। সেই কারণেই বৈধ নথি জমা দেওয়া সত্ত্বেও ভোটার তালিকায় আমার নাম ওঠেনি।”
নাম বাদ পড়া বিজেপি নেতাকে অবশ্য পালটা কটাক্ষ করতে ছাড়েনি শাসক শিবির। স্থানীয় এক তৃণমূল নেতা জানান, এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে লড়াই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার হয়তো এই বিজেপি নেতাও বুঝতে পারছেন, মানুষের পাশে কে রয়েছে। উল্লেখ্য, এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের পর রাজ্যের বিভিন্ন জায়গায় বহু মানুষের নাম বাদ পড়া নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচন কমিশন ও বিজেপির আঁতাঁতের অভিযোগ তুলে বারবার সরব হয়েছে তৃণমূল। যদিও এতদিন এসআইআর প্রক্রিয়ার পক্ষেই সওয়াল করে এসেছে বিজেপি। সেই আবহে দত্তপুকুরে তাঁদেরই এক নেতার নাম তালিকা থেকে বাদ পড়ার ঘটনাটি কার্যত রাজনৈতিক ব্যুমেরাং বলেই মনে করছে রাজনৈতিক মহল।
সর্বশেষ খবর
-
ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ, ইরানের সঙ্গে বাণিজ্য বন্ধের ঘোষণা আমিরশাহীর
-
৫০০ টাকায় ঘর, সস্তার ফাঁদে নিরাপত্তা লাটে! অগ্নিকাণ্ডের পর কর্মীদের ফোনও ধরছেন না হোটেল মালিক
-
‘বেনোজল’ বের করে ভোট হবে টলিউডে! কাজটা সহজ নয়
-
চারদিনে দ্বিতীয়বার মাঠেই অজ্ঞান মুসিয়ালা, জটিল রোগে ২৩-এই কেরিয়ার শেষ জার্মানি তারকার?
-
নিউমার্কেট অগ্নিকাণ্ডে তৃণমূলকে তোপ অগ্নিমিত্রার, তদন্তভার সিট’কে