বঙ্গে পালাবদল
North Barrackpore Municipality

এবার তৃণমূলের হাতছাড়া উত্তর বারাকপুর পুরসভা! ইস্তফা পুরপ্রধান-সহ ১৮ কাউন্সিলরের

নির্বাচনে পুরসভা এলাকায় তৃণমূলের খারাপ ফলাফলের দায় স্বীকার করে এই ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন কাউন্সিলররা।

Advertisement
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: মে ২৫, ২০২৬, ১৯:৩৭

options
link
এবার তৃণমূলের হাতছাড়া উত্তর বারাকপুর পুরসভা! ইস্তফা পুরপ্রধান-সহ ১৮ কাউন্সিলরের
কাউন্সিলরদের ইস্তফার ঘটনায় ব্যাপক অস্থিরতা উত্তর বারাকপুর পুরসভায়।

পুরসভা নিয়ে ফের চিন্তায় তৃণমূল। রাজ্যে পালাবদলের পর একের পর একে পুরসভায় ইস্তফা দিচ্ছেন দলের কাউন্সিলররা। এবার উত্তর বারাকপুর পুরসভায় ১৮ জন কাউন্সিলর একযোগে ইস্তফা দিলেন। নির্বাচনে পুরসভা এলাকায় তৃণমূলের খারাপ ফলাফলের দায় স্বীকার করে এই ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। পরিস্থিতির দায় নিয়ে পুরপ্রধান নিজেও পদত্যাগ করেছেন। এই ঘটনায় ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে উত্তর বারাকপুর পুরসভায়।

Advertisement

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। গেরুয়া ঝড়ে পতন হয়েছে ১৫ বছরের তৃণমূল সরকারের। এরপর থেকে রাজ্যের বিভিন্ন পুরসভায় গণ ইস্তফা দিচ্ছেন তৃণমূল কাউন্সিলররা। কাঁচরাপাড়া, হালিশহর, ভাটপাড়া, গারুলিয়া-সহ বিভিন্ন পুরসভায় কাউন্সিলররা গণ ইস্তফা দিয়েছেন। সোমবার সেরকমই উত্তর বারাকপুর পুরসভাতেও ইস্তফা দিলেন ১৮ জন কাউন্সিলর। ২৩টি ওয়ার্ড নিয়ে গঠিত এই পৌরসভায় ইতিমধ্যেই ৩ জন কাউন্সিলরের মৃত্যু হয়েছে। বাকিদের মধ্যে ১৮ জন ইস্তফা দিলেন। একসঙ্গে এত সংখ্যক কাউন্সিলরের ইস্তফায় কার্যত প্রশাসনিক সংকট তৈরি হয়েছে পৌরসভায়। রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। বিরোধীদের দাবি, দীর্ঘদিনের জনবিচ্ছিন্নতা ও গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও তৃণমূলের একাংশের দাবি, সংগঠনকে নতুনভাবে গড়ে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Advertisement

এই পুরসভায় পরিষেবা কীভাবে চলবে, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিজেপি বিধায়ক অর্জুন সিং বলেন, “আমরা মুখ্যমন্ত্রীকে প্রশাসক বসানোর কথা বলেছি। দ্রুত প্রশাসক নিয়োগ করে পরিষেবা স্বাভাবিক রাখতে হবে। অনুমান, ছ’মাসের মধ্যে ভোট হবে।”

Advertisement

বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এবার পুরসভা ঘিরে চিন্তায় তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে রাজ্যের পুরসভাগুলি তৃণমূলের হাতে থাকলেও সম্প্রতি রাজনৈতিক চাপে সেসবের জায়গায় টলমল অবস্থা। একের পর এক পুরসভা থেকে পুরপ্রতিনিধিদের ইস্তফা, বোর্ড ভেঙে যাওয়ায় রীতিমতো অশনি সংকেত। এই অবস্থায় গত সপ্তাহেই কলকাতা পুরসভার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাটি আঁকড়ে রাখার বার্তা দিয়েছিলেন। এবার উত্তর শহরতলির ৪টি পুরসভা – দমদম, উত্তর দমদম, দক্ষিণ দমদম, বরাহনগর এবং বিধাননগর পুরনিগমের মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের বৈঠকে ডেকেছেন মমতা। সোমবার বিকেলে কালীঘাটের বাড়িতে হবে বৈঠক। এই আবহে ফের একটি পুরসভায় দলের কাউন্সিলরদের ইস্তফার ঘটনায় চিন্তায় তৃণমূল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.