Daspur

থ্রেট কালচারে ভিত হেডমাস্টার! স্কুলে গুদাম তৃণমূল ‘দাদা’র, পালাবদলের পর উদ্ধার করল গ্রামবাসীরা

স্থানীয় সূত্রে খবর, ওই ব্যবসায়ী তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন এলাকায়। শাসকদলের ক্ষমতা কাজে লাগিয়ে এলাকায় দাপট চলত!

তন্ময় ভট্টাচার্য
তন্ময় ভট্টাচার্য

শেষ আপডেট: জুন ২৭, ২০২৬, ১৯:২৪

options
link
থ্রেট কালচারে ভিত হেডমাস্টার! স্কুলে গুদাম তৃণমূল ‘দাদা’র, পালাবদলের পর উদ্ধার করল গ্রামবাসীরা
স্কুল থেকে ডেকরেটার্স সামগ্রী বের করছেন গ্রামবাসীরা।

স্কুলের ক্লাসরুম নাকি ডেকরেটার্সের গোডাউন, ধরতে পারবেন না। দীর্ঘদিন ধরে বোঝাই করা সামগ্রী। দাসপুর থানার মকরামপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ঘটনা। বিদ্যালয়ের ক্লাসরুম দখল করে দীর্ঘদিন ধরে ডেকোরেটারের মালপত্র রাখা আছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, স্থানীয় ডেকরেটার ব্যবসায়ী স্বদেশ দণ্ডপাট বিদ্যালয় চত্বরে মালপত্র রাখছেন দীর্ঘদিন ধরে। বহুবার সমাগ্রী সরানোর কথা বলা হলেও কানে তোলেননি তিনি। স্থানীয় সূত্রে খবর, ওই ব্যবসায়ী তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন এলাকায়। শাসকদলের ক্ষমতা কাজে লাগিয়ে এলাকায় দাপট চলত!

Advertisement

এলাকাবাসীর অভিযোগ, বিদ্যালয়টিকে ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করতেন ওই ব্যবসায়ী। তাঁদের আরও দাবি, বিদ্যালয়ের খেলার মাঠও অন্য এক ঠিকাদারের কাছে ভাড়া দিয়ে দেওয়া হয়। এছাড়াও বিদ্যালয়ের একটি জানালা ভেঙে ভিতরে প্রবেশের ব্যবস্থা করে সেখানে মদের ঠেক বসত বলে অভিযোগ করেন স্থানীয়রা। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অভিযোগ, “আগেও অনেকবার মালপত্র সরিয়ে নেওয়ার অনুরোধ করেছি। সরানো তো হয়নি বরং হুমকি দেওয়া হয়েছে।”

Advertisement

সরকারের পালাবদল বদল হতেই এবার তৎপর গ্রামবাসীরা। স্কুলে ঢুকে দখল করা ক্লাসরুম খালি করল নিজের হাতেই। ডেকরেটার্সের সামগ্রী স্কুল থেকে টেনে বার করে বাইরে ফেললেন স্থানীয়রা। যদিও প্রধান শিক্ষক থেকে গ্রামবাসী, সকলের অভিযোগ উড়িয়ে দেন অভিযুক্ত ডেকরেটার্স ব্যবসায়ী। তাঁর দাবি, ‘স্কুলের দুর্গাপুজোরই জিনিসপত্র রাখা হয়েছিল। আমি সরিয়ে নেব বলেছিলাম, লেবার নেই বলে দেরি হয়েছে।’ প্রশ্ন হল, দুর্গাপুজোরই যদি জিনিস হয়, তাহলে তো আরও একটা বছর ঘুরে পুজো আসতে চলল, এতদিনেও মালপত্র স্কুল থেকে সরানো গেল না? না কি সরকারি পালাবদল হতে এখন তৃণমূল ‘দাদা’র সুর নরম হল?

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.