মালিকানাহীন বাড়ি দখল করে দলীয় কার্যালয় করেছিল তৃণমূল। তা নিয়ে স্থানীয়দের অভিযোগও ছিল। কিন্তু কর্ণপাত করেনি। পালাবদল হতেই এবার সেই বাড়িতেই শুরু হল অঙ্গনওয়াড়ি। স্থানীয় বিজেপি নেতৃত্বের উদ্যোগে খুশি স্থানীয়রা।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িটির মালিক জয়ন্ত চৌধুরী ও তাঁর স্ত্রী। দম্পতির মৃত্যুর পর দীর্ঘদিন ধরেই বাড়িটি ফাঁকা পড়ে ছিল। কোনও উত্তরাধিকার না থাকায় সম্পত্তিটি কার্যত দেখভালের বাইরে ছিল বলেই দাবি স্থানীয়দের। অভিযোগ, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের পর সেখানে তৃণমূলের দলীয় কার্যালয় গড়ে ওঠে। নিয়মিত বৈঠক ও সংগঠনের কাজ চলত ওই ঘরেই। এলাকার একাংশের অভিযোগ, সন্ধ্যার পর সেখানে অসামাজিক কার্যকলাপ চলত। মদের আসর বসার অভিযোগও ওঠে। পাশাপাশি স্থানীয়দের দাবি, আগে সেখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালুর উদ্যোগ হলেও তা বাস্তবায়িত হয়নি।
পালাবদলের পর ছবিটা বদলালো। দলীয় কার্যালয় বন্ধ করে সেখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করার উদ্যোগ নেয় বিজেপি। এতদিন পাশের একটি ক্লাবঘরে আইসিডিএস কেন্দ্র চলায় জায়গার সমস্যা ছিল। শনিবার থেকে নতুন ঘরে শুরু হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজ। বিজেপি কর্মী অনিন্দ্য ভদ্র বলেন, “নেতৃত্বের নির্দেশেই দলীয় কার্যালয় বন্ধ করে এখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করা হয়েছে।” স্থানীয় বাসিন্দা মিতা পালের কথায়, “আগেও চেষ্টা হয়েছিল। এবার কেন্দ্র চালু হওয়ায় ভালো লাগছে।” যদিও সমস্ত অভিযোগ খারিজ করেছে তৃণমূল। দত্তপুকুর ১ পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্যের সঞ্চালক অরিন্দম মুখোপাধ্যায় বলেন, “অসামাজিক কাজের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ২০২৩ সাল থেকে বাড়িটি দলীয় কাজে ব্যবহার করা হত।”
সর্বশেষ খবর
-
উপনির্বাচনের আগেই মুর্শিদাবাদে ‘খুন’ কংগ্রেস কর্মী, কাঠগড়ায় এনসিপিআই
-
‘অনেক কথা বলে ফেলেছ…,’ আলিয়াকে আগলে কাকে হুঁশিয়ারি রণবীরের?
-
উত্তাল পদ্মা সাঁতরে ভারতে ঢুকেও হল না শেষরক্ষা! মুর্শিদাবাদে ধৃত ২ বাংলাদেশি
-
রোকো-র প্রত্যাবর্তনের ম্যাচে টস জিতল ভারত, অভিষেক মুম্বই ইন্ডিয়ান্স তারকার
-
‘ইন্দিরা-রাজীব গান্ধীর মতো…’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর মৃত্যুকামনা করে চরম বিতর্কে হুমায়ুন!