Udayan Guha

উদয়ন গুহ থানা থেকে বেরতেই ‘ডিমবৃষ্টি’, উড়ে এল জুতোও, প্রাক্তন মন্ত্রীকে বাঁচাতে হেলমেট ‘বর্ম’

কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় প্রথমে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ধৃত প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে।

বিক্রম রায়
বিক্রম রায়

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ১৭:১৫

options
link
উদয়ন গুহ থানা থেকে বেরতেই ‘ডিমবৃষ্টি’, উড়ে এল জুতোও, প্রাক্তন মন্ত্রীকে বাঁচাতে হেলমেট ‘বর্ম’
হেলমেট পরিয়ে থানা থেকে বের করা হল উদয়ন গুহকে।

দিনহাটায় নজিরবিহীন ছবি। থানা থেকে বেরতেই উদয়ন গুহকে (Udayan Guha) লক্ষ্য করে ডিমবৃষ্টি উত্তেজিত জনতার! এমনকী ছোড়া হয় জুতোও। যদিও পচা ডিম, জুতো থেকে প্রাক্তন মন্ত্রীকে রক্ষা করতে আগেই তাঁর মাথায় পরানো হয় হেলমেট। এরপরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। থানার বাইরে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। তা নিয়ন্ত্রণ করতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। যদিও পরে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় প্রথমে স্বাস্থ্যকেন্দ্র এবং পরে আদালতে নিয়ে যাওয়া হয় ধৃত প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে। 

Advertisement

বিক্ষোভের আঁচ পেয়ে পুলিশের তরফেও একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে একেবারে থানার দরজার সামনে নিয়ে যাওয়া হয় প্রিজন ভ্যান। এমনকী বন্ধ করে দেওয়া হয় থানার সামনের গেটও।

প্রতারণা,অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় বুধবারই তৃণমূল সরকারের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে গ্রেপ্তার করে কোচবিহার পুলিশ। কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপরেই সড়কপথে আজ, বৃহস্পতিবার ‘দাপুটে’ তৃণমূল নেতাকে দিনহাটা থানায় নিয়ে যায় পুলিশ। সেই খবর ছড়িয়ে পড়তেই থানার সামনে ভিড় জমাতে থাকে জনতা। কেউ নিয়ে আসেন পচা ডিম কেউ আবার জুতো নিয়ে থানার বাইরে অপেক্ষা করতে থাকেন। বিক্ষোভের আঁচ পেয়ে পুলিশের তরফেও একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে একেবারে থানার দরজার সামনে নিয়ে যাওয়া হয় প্রিজন ভ্যান। এমনকী বন্ধ করে দেওয়া হয় থানার সামনের গেটও।

Advertisement

Advertisement

শুধু তাই নয়, এরপরেও ডিমের ভয়ে একেবারে হেলমেট পরিয়ে উদয়ন গুহকে থানা থেকে বের করে তোলা হয় প্রিজন ভ্যানে। আর সেই গাড়ি থানার বাইরে আসতেই আছড়ে পড়ে জনরোষ। গাড়িকে লক্ষ্য করে চলে একেবারে ডিমবৃষ্টি। কেউ কেউ ছুড়তে থাকেন জুতোও। শুধু তাই নয়, গাড়ি আটকানোর চেষ্টা করা হয় বলেও অভিযোগ। এরপরেই পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে ওঠে। প্রাথমিকভাবে তা সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ আধিকারিকদের। এরপর বিশাল কেন্দ্রীয়বাহিনী মোতায়েন করে একেবারে কড়া নিরাপত্তায় প্রাক্তন মন্ত্রীকে আদালতে তোলে পুলিশ। 

প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু। প্রথম সোনারপুরে নিহত কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে ডিম হামলার শিকার হন তিনি। পরিস্থিতি এতটাই জটিল হয়েছিল যে হাসপাতালেও ছুটতে হয়েছিল সাংসদকে। তারপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে ‘ডিম থেরাপি’। তৃণমূলের বিধায়ক, চেয়ারম্যান থেকে কাউন্সিলর, হাতের নাগালে যাকে পাচ্ছেন ডিম নিয়ে তাঁর দিকে ছুটে যাচ্ছে উত্তেজিত জনতা। এমনকী খোদ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কুণাল ঘোষকে ছোড়া হয় ডিম। ইতিমধ্যে এই বিষয়ে কলকাতা হাই কোর্টে মামলাও দায়ের হয়েছে। এবার একই পুনরাবৃত্তি দিনহাটায়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.