সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা, আর এবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে আবারও বিতর্কে জড়ালেন গেরুয়া শিবিরের আরও এক শীর্ষ নেতা৷ সাংবাদিক সম্মেলনে বিদ্যাসাগরকে ‘সহজপাঠ’এর স্রষ্ঠা বলে উল্লেখ করলেন তিনি৷ তাঁর এই বেফাঁস মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে সমালোচনা ও কটাক্ষের৷
[ আরও পড়ুন: ভোটের আগে দুই বিজেপি নেতার গ্রেপ্তারিতে মহেশতলায় উত্তেজনা]
বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের রোড শোকে কেন্দ্র করে মঙ্গলবার চূড়ান্ত অরাজকতা তৈরি হয় কলকাতায়৷ বিদ্যাসাগর কলেজে প্রতিষ্ঠিত ঈশ্বরচন্দ্রের মূর্তি ভাঙার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে৷ গেরুয়া শিবিরের বিরুদ্ধে সরব হয় শাসকদল থেকে শুরু করে শহরবাসী৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি৷ ঘটনার দায় তৃণমূলের উপর চাপায় পদ্ম শিবির৷ সেই প্রসঙ্গেই শিলিগুড়িতে একটি সাংবাদিক সম্মেলনে হাজির হন রাজ্য বিজেপি সভাপতি৷ শাসকদলকে আক্রমণ শানান তিনি৷ বলেন, ‘‘নিজেরাই মূর্তি ভেঙে এখন কান্নাকাটি করছে৷ সাধারণ মানুষ এটা বুঝে গিয়েছে৷ এই চালাকির রাজনীতি এরাজ্যের মানুষ আর সহ্য করবে না৷ আমরা সিপিএমের আমলে দেখতাম, ওদের পার্টি কর্মীদের মেরে রাজনীতি করছে৷’’ এখানেই থেমে যাননি রাজ্য বিজেপি সভাপতি৷ তৃণমূলকে আক্রমণের ঝাঁজ বাড়াতে গিয়ে আলটপকা মন্তব্য করে বসেন তিনি৷ জানান, ‘‘যার জন্য বিখ্যাত বিদ্যাসাগর, সহজপাঠ৷ যেটা আমরা ছোটবেলায় পড়েছি৷ সিপিএম তুলে দিয়েছিল৷ কিন্তু তৃণমূল কি সেটা চালু করেছে? বিদ্যাসাগরের প্রতি সম্মান থাকলে তারা সহজপাঠ কোর্সে রাখত৷’’ রাজ্য বিজেপি সভাপতির এই মন্তব্য প্রকাশ্যে আসতেই, সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র সমালোচনা৷ ঝড় ওঠে কটাক্ষের৷
[আরও পড়ুন: নিজের এলাকায় ঢুকতেই ভোটারদের দেওয়া শর্ত মানতে হচ্ছে তৃণমূল কাউন্সিলরকে! ]
একইভাবে বৃহস্পতিবার বিদ্যাসাগরকে ঘিরে বিতর্কে জড়ান যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা৷ এক বহুরূপীকে বিদ্যাসাগারের আদলে সাজিয়ে নির্বাচনী প্রচারে নিয়ে আসেন তিনি৷ যে ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা৷ বিজেপি প্রার্থীর নিন্দায় সরব হয় সব মহল৷ তবে এবার সেই একই পথের পথিক হলেন রাজ্য বিজেপি সভাপতিও৷
সর্বশেষ খবর
-
নাসিরুদ্দিন শাহ, জিম সর্ভের দ্বৈরথে কতটা জমল ‘মেড ইন ইন্ডিয়া: এ টাইটান স্টোরি’? পড়ুন রিভিউ
-
‘দেড় বছরের নাতনি রোজ মোদি-নাম জপে’, রাহুল-আথিয়াকন্যার ‘সিক্রেট’ ফাঁস দাদু সুনীল শেট্টির
-
‘বেকার গৌরব চা-সিগারেটের টাকাও নিত অন্তরার থেকে, খ্যাতি পেতেই বাড়ায় দূরত্ব’, গোপন তথ্য ফাঁস ‘বন্ধু’দের
-
ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েই আইরিশ দলে, টিম ইন্ডিয়াকে উড়িয়ে দেওয়া কে এই ‘ভারতীয়’ বোলার?
-
বসিরহাটে দ্রুত উপনির্বাচনের দাবি বিজেপির, শুরু প্রস্তুতিও