West Bengal Weather Update

সপ্তাহান্তেও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা, সোমবার থেকে বাড়বে তাপমাত্রা

শনিবার বাংলার একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টি পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Advertisement
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: মে ৭, ২০২৬, ১৭:২০

options
link
সপ্তাহান্তেও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা, সোমবার থেকে বাড়বে তাপমাত্রা
ফাইল ছবি।

রবিবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শুরু থেকে বাড়বে তাপমাত্রা, রোদের তেজ এবং গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি। কলকাতার কয়েকটি জায়গায় বৃহস্পতিবার সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। এই পরিস্থিতি আগামী ২-৩দিন চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার বাংলার একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Advertisement

উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ দক্ষিণবঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলি এবং হাওড়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। এইসব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তার সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে। শুক্রবার ও শনিবার  বাড়বে ঝড়বৃষ্টির পরিমাণ । শুক্রবার ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শনিবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবারও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। সোমবার থেকে কমতে শুরু করবে বৃষ্টির সম্ভাবনা। বাড়বে তাপমাত্রা।

Advertisement

উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রায় বড়সড় পরিবর্তনও হবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গেও আগামী সপ্তাহে তাপমাত্রা বাড়বে। আজ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র ও শনিবারও এই পরিস্থিতি বজায় থাকবে। রবিবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন