বীরভূমে আক্রান্ত ৬ দলীয় কর্মীকে নিয়ে দিল্লি যাচ্ছে বিজেপি

নিজেদের মধ্যে ঝামেলা মেটাতেই বিজেপি দিল্লি যাচ্ছে, দাবি অনুব্রত মণ্ডলের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০১৮, ১৯:১৭

options
link
বীরভূমে আক্রান্ত ৬ দলীয় কর্মীকে নিয়ে দিল্লি যাচ্ছে বিজেপি

নন্দন দত্ত, সিউড়ি: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে তৃণমূলের হাতে আক্রান্ত ছ’জনকে নিয়ে দিল্লি যাবে বিজেপি। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ দেশের নেতাদের সামনে তৃণমূলের ‘বীরভূম মডেল’কে তুলে ধরা হবে। সে জন্য আগামী ২৪-২৫ এপ্রিল কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সময় চাওয়া হয়েছে। বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘সুযোগ পেলে আক্রান্ত সবাইকে নিয়ে যেতাম। কিন্তু প্রতীক হিসাবে রাজ্যের মধ্যে তৃণমূলের ফ্যাসিস্ট চিন্তার মডেলকে তুলে ধরতে বীরভূম থেকে এই ক’জনকেই নিয়ে যাওয়া হবে।’ যদিও এই প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, ‘সারা জেলায় কোথাও তৃণমূল কাউকে আক্রমণ করেনি। পুলিশের খাতায় তার রেকর্ড নেই। নিজেদের মধ্যে মারামারি করে ঝামেলা মেটাতে বিজেপি দিল্লি যাচ্ছে।’

Advertisement

[খোদ ব্লক সভাপতির বিরুদ্ধেই তৃণমূলের ৫ গোঁজ প্রার্থী জামুড়িয়ায়]

শনিবার বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু নলহাটি আসেন। সেখানে পুলিশ ও তৃণমূলের হাতে আক্রান্তদের দেখতে যান। শাসক ও পুলিশ যৌথভাবে আক্রমণ করেছে বলে আহতরা নেতার সামনে দাবি করেন। উল্লেখ্য, জেলার মধ্যে নলহাটি, মহম্মদবাজারে রীতিমতো লড়াই করে মনোনয়নপত্র পেশ করে বিরোধীরা। বিজেপির জেলা সম্পাদক রামকৃষ্ণ রায়ের মতে, বিজেপি ৩২৩টি গ্রাম পঞ্চায়েতে ও ৭৩টি পঞ্চায়েত সমিতিতে মনোনয়নপত্র জমা দিয়েছে। কিন্তু মনোনয়ন জমা দিতে গিয়ে লাভপুরে জখম হয়েছেন ২৬ জন। তাদের মধ্যে গুরুতর ৮ জন। দুবরাজপুরে জখম ১০ জন। নলহাটিতে ১১ জন আহত। রামপুরহাটে ন’জন। সিউড়িতে একজন। মহম্মদবাজারে দু’জন। এছাড়াও মহম্মদবাজার, ময়ূরেশ্বরে বিজেপি প্রার্থীদের হুমকি দেওয়া থেকে তাঁদের বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ তুলেছে বিজেপি। এই প্রসঙ্গে সায়ন্তনবাবু বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি করেছি, যারা প্রার্থী হতে চান তাঁদের সে ব্যবস্থা করে দিতে হবে। জেলাশাসক ও পুলিশ সুপারকে দায়িত্ব নিতে হবে। তাঁর অভিযোগ মহম্মদবাজারে বিজেপি কর্মীদের ধরতে চারজনের পুলিশের টিম করা হয়েছে। ফোনে হুমকি দেওয়া হচ্ছে। সেসব অডিও রেকর্ড তাঁদের হাতে আছে। তথ্য প্রমাণের পরই সেগুলি কেন্দ্রীয় নেতৃত্বের হাতে তুলে দেওয়া হবে। তৃণমূলের ফ্যাসিস্ট গণতন্ত্র বিরোধী যে মডেল, তা উপহার দিচ্ছেন দিদির উপযুক্ত ভাই। তাঁর মাথায় আগে অক্সিজেন নাইট্রোজেন পৌঁছক পরে তিনি বলবেন। তবে ক্রমাগত চাপের মুখে বিজেপির বেশ কিছু প্রার্থী তৃণমূলে যোগ দিচ্ছেন। মনোনয়ন প্রত্যাহার করছেন। সেটা সাময়িক বলে দাবি করেন। তবে যে যে ওসি ও পুলিশ সুপার শাসকদলের হয়ে কাজ করছেন তাদের নামের তালিকা দলে তৈরি হচ্ছে।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[পথ দেখাচ্ছে পশ্চিমবঙ্গ, ভোটের আগেই সেরার শিরোপা পেল বাংলার পঞ্চায়েত]

যদিও এই অভিযোগের কোনও গুরুত্বি দেননি অনুব্রত মণ্ডল। তিনি জানান, ‘নলহাটিতে বিজেপির পার্টি অফিস থেকে বোমা উদ্ধার হয়। পুলিশের ওপর আক্রমণ হয়। মহম্মদবাজারে ঝাড়খণ্ড থেকে মাওবাদীদের এনে হামলা চালানো হয়েছে। পুলিশ তার প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছে।’ এমনকী, সায়ন্তন বসুর কথার উত্তর দিতেও তিনি রাজী হননি।

Advertisement

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.