অরূপ বসাক: গত ছয়দিন ধরে মালবাজার বিডিও অফিসে চলছে আসন্ন পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া। এই মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে গত পাঁচদিন ধরেই একের পর এক গোলমাল লেগে রয়েছে এলাকায়। ফলে, মালবাজারের স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য মার খাচ্ছে বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের একাংশের।
তাঁদের দাবি, প্রতিদিনই এলাকা অগ্নিগর্ভ হয়ে উঠছে। মালবাজারে দোকান খোলার সাহস পাচ্ছে না ব্যবসায়ীরা। পাশাপাশি বাইরে থেকেও কেউ মালবাজারে আসতে ভয় পাচ্ছেন। কমেছে লেনদেন। এর ফলে বিরাট ক্ষতির মুখে ব্যবসায়ীরা। যদিও প্রকাশ্যে সে কথা মানতে নারাজ তাঁরা। ভয়ে কেউ মুখ খোলারও সাহস পাচ্ছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ীর বক্তব্য, ‘তৃণমূল আশ্রিত কিছু বহিরাগত দুষ্কৃতীদের জন্যই প্রতিদিন এই গোলমাল হচ্ছে মালবাজারে। কখনও বিরোধীদের পার্টি অফিস ভেঙে দিচ্ছে, কখনও আবার গাড়ি পুড়িয়ে দিচ্ছে। স্থানীয় মানুষ ভয়ে মুখ খুলছেন না।’ তাঁদের আশঙ্কা, মুখ খুললে তাঁদের উপরেও আক্রমণ নেমে আসতে পারে।
[দুষ্কৃতীদের মারে আহত সিপিএম কর্মীর অবস্থা আরও সংকটজনক]
দুষ্কৃতীদের দৌরাত্ম্য ঠেকাতে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ জন্মাচ্ছে শহরে। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, পুলিশ কেন দুষ্কৃতীদের মোকাবিলা করছে না! কেন সক্রিয় হচ্ছে না গোলমাল ঠেকাতে? অবশ্য মালবাজারের পুরপিতা স্বপন সাহার বক্তব্য, ‘বিজেপির জন্যই এই অশান্তি হচ্ছে। বিজেপি ইচ্ছে করেই দাঙ্গা লাগাচ্ছে। আমরা তো মনোনয়নপত্র জমা দিতে কাউকে বাধা দিচ্ছি না।’ এই দাবি উড়িয়ে বিজেপির মাল টাউন মণ্ডলের সভাপতি পঙ্কজ তিওয়ারি পালটা বলছেন, ‘মালবাজারে অশান্তি পাকাচ্ছে তৃণমূল। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হচ্ছে ব্যবসায়ী ও স্থানীয়রা।’ ক্ষমতার অপপ্রয়োগ হচ্ছে বলেও শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
সবমিলিয়ে শাসক-বিরোধী এই তরজাকে ব্যবসায়ীরা ভাল চোখে দেখছেন না। তৃণমূল যদি মনোনয়ন পত্র জমা দিতে কাউকে বাধা না দিত, তাহলে নাকি এত অশান্তি হত না বলেই মত স্থানীয় বাসিন্দাদের। প্রায় একই বক্তব্য সিপিএম নেতা চানু দে’রও। মালবাজারের এসডিপিও দেবাশিস চক্রবর্তী অবশ্য আশ্বাস দিয়েছেন, ‘ব্যবসায়ীদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। তাঁরা নিজের নিজের দোকানপাট খুলে ব্যবসা করুক। পুলিশ সব জায়গায় আছে। কোনও অসুবিধা নেই। শাসক-বিরোধী যে কোনও দলই ব্যবসায়ীদের আক্রমণ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’ যদিও সে কথায় আতঙ্ক কাটছে না ব্যবসায়ীদের।

[অশান্তির আবহে অন্য ছবি, বামপ্রার্থীদের পাহারাদার খোদ রায়নার তৃণমূল বিধায়ক]
সর্বশেষ খবর
-
মোদি-পেজেসকিয়ান বৈঠকে ক্ষুব্ধ আমেরিকা! ‘ইরানকে সাহায্য কেন?’, প্রশ্ন রুবিওর
-
তৃণমূল ছেড়ে এনসিপিআইতে, জেলায় ফিরতেই বাড়তি নিরাপত্তা সাংসদ আবু তাহের খানকে
-
পরিবারের কাছ থেকে বাদ পড়ার খবর, ফাঁস স্ক্রিনশট! পাকিস্তান ক্রিকেটে অপমানের ‘গৃহযুদ্ধ’
-
গুঁড়িয়ে দিয়েছিলেন পাকিস্তানি যুদ্ধবিমান, বায়ুসেনা ছেড়ে নতুন চাকরিতে সেই অভিনন্দন বর্তমান
-
মেসির জন্য থমকে যাবে খেলা! লিওর জন্য বেনজির পদক্ষেপ আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের