Calcutta University

আদালত চত্বরেই আইনি প্রশিক্ষণ, অভিনব উদ্যোগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

শুধু পুঁথিগত বিদ্যায় আর সীমাবদ্ধ থাকা নয়। এবার সরাসরি আদালত চত্বরে দাঁড়িয়েই আইনের বাস্তব পাঠ নিতে শুরু করল কলকাতা বিশ্ববিদ্যালয়ের হাজরা ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে শুরু হয়েছে বিশেষ কোর্ট ভিজিট ও ইন্টার্নশিপ কর্মসূচি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০২৬, ২০:২৭

options
link
আদালত চত্বরেই আইনি প্রশিক্ষণ, অভিনব উদ্যোগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা
গত ১২ মে থেকে শুরু হওয়া এই বিশেষ প্রশিক্ষণ আগামী প্রায় এক মাস ধরে চলবে। নিজস্ব ছবি।

শুধু পুঁথিগত বিদ্যায় আর সীমাবদ্ধ থাকা নয়। এবার সরাসরি আদালত চত্বরে দাঁড়িয়েই আইনের বাস্তব পাঠ নিতে শুরু করল কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) হাজরা ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে শুরু হয়েছে বিশেষ কোর্ট ভিজিট ও ইন্টার্নশিপ কর্মসূচি। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ফাইনাল ইয়ার অর্থাৎ দশম সেমিস্টারের পড়ুয়াদের নিয়ে এই শিক্ষামূলক উদ্যোগটি নেওয়া হয়েছে। গত ১২ মে থেকে শুরু হওয়া এই বিশেষ প্রশিক্ষণ আগামী প্রায় এক মাস ধরে চলবে। পুরো কর্মসূচির পরিচালনায় রয়েছেন দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ডক্টর বরুণ কুমার দাশ।

Advertisement

সোমবার ছাত্রছাত্রীদের নিয়ে সিটি সিভিল কোর্ট ও ইন্ডাস্ট্রিয়াল ট্রাইবুনাল পরিদর্শন করেন তিনি। শিক্ষার্থীদের চোখের সামনে তুলে ধরেন আইনি প্রক্রিয়ার বাস্তব রূপ। ইতিমধ্যেই পড়ুয়ারা সল্টলেকের ল্যান্ড ট্রাইবুনাল, সিটি সিভিল কোর্ট, স্মল কজেস কোর্ট, ফ্যামিলি কোর্ট, সিটি সেশনস কোর্ট এবং ব্যাঙ্কশাল কোর্ট ঘুরে দেখেছে। আদালতের দৈনন্দিন কার্যপ্রণালী, আইনজীবীদের সওয়াল-জবাব এবং সাক্ষীদের জেরা করার কৌশল তারা হাতে-কলমে শিখছে। সেই সঙ্গে বিচারকদের ভূমিকা ও সামগ্রিক বিচার ব্যবস্থা সম্পর্কে সম্যক ধারণা তৈরি হচ্ছে তাদের।

Advertisement

শিল্প ট্রাইবুনাল ও নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং পরিদর্শনের পাশাপাশি আইনজীবীদের চেম্বার ও বিভিন্ন ফার্মের কাজকর্মও খতিয়ে দেখছে পড়ুয়ারা। আগামী দিনে আলিপুর জজ কোর্ট, কনজিউমার কোর্ট এবং কলিকাতা হাইকোর্টেও শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। অধ্যাপক বরুণ কুমার দাশ জানান, বাস্তব বিচার ব্যবস্থার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। এতে ভবিষ্যতের আইনজীবী ও বিচারক হিসেবে তাদের দক্ষতা বৃদ্ধি পাবে। প্রসঙ্গত, হাজরা ক্যাম্পাসের ঐতিহ্য অত্যন্ত গৌরবময়। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেও বর্তমানে এই ক্যাম্পাসের দুই প্রাক্তনী বিচারপতি হিসেবে কর্মরত রয়েছেন। স্বাভাবিকভাবেই এই ব্যবহারিক শিক্ষা পড়ুয়াদের আগামী কর্মজীবনে বিপুল সাহায্য করবে বলে আশাবাদী ছাত্রছাত্রীরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.