Anupam Kher

‘নাসিরুদ্দিনের পুরনো ভিডিও পোস্টে ভাবমূর্তি নষ্টের চেষ্টা’, বিরোধীদের খোঁচা অনুপমের

Naseeruddin Shah clown Remark: রাম মন্দিরে অনুদান চুরির আবহে ভাইরাল অনুপম খেরকে নাসিরুদ্দিন শাহের 'জোকার' কটাক্ষ। সোশাল মিডিয়ায় পুরনো ভিডিও ছড়িয়ে পড়তেই পালটা কী সাফাই 'দ্য বেঙ্গল ফাইলস' খ্যাত অভিনেতার?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ১৫:১৫

options
link
‘নাসিরুদ্দিনের পুরনো ভিডিও পোস্টে ভাবমূর্তি নষ্টের চেষ্টা’, বিরোধীদের খোঁচা অনুপমের
নাসিরুদ্দিনের পুরনো ভিডিও ঘিরে কী মন্তব্য অনুপমের?

অযোধ্যার রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় কংগ্রেস, সমাজবাদী পার্টির নিশানায় গেরুয়া শিবির। সংশ্লিষ্ট ইস্যুতে তোলপাড় রাজনৈতিকমহল। উত্তপ্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বর্ষীয়ান নেতা অনুপম খেরের বাক্যবাণ! রামলালার মন্দিরে চুরির ঘটনাকে মুঘল আমলের অত্যাচারের তুলনা টেনে ‘ছোটখাটো’ বল মন্তব্য করতেই বিতর্কে জড়িয়ে পড়েন। নাম না করে অনুপমকে তোপ দেগেছেন সমাজবাদী পার্টির নেতা-সাংসদ অখিলেশ যাদবও। উত্তরপ্রদেশের রাজ্য-রাজনীতি যখন তোলপাড় সেই আবহে চর্চায় নাসিরুদ্দিন শাহের ছ’বছর আগের এক কটূক্তি। যা বিতর্কযজ্ঞে নতুন করে ঘৃতাহূতি করেছে বললে অত্যুক্তি হবে না। তবে নিজের পক্ষে সাফাই দিতে বিন্দুমাত্র দেরি করেননি অনুপম খের।

Advertisement

ইনস্টাগ্রামে ভিডিওবার্তায় অনুপম খের (Anupam Kher) বলেন, “কয়েক দিন আগে অযোধ্যার রামমন্দিরে গিয়েছিলাম এবং নিজের অনুভূতির কথা প্রকাশ করেছিলাম। আমার বক্তব্য কিছু মানুষের পছন্দ হয়নি কারণ তাদের চিন্তাধারার সঙ্গে মেলেনি। আমাকে অপদস্ত করার জন্য একেবারে সুযোগসন্ধানি হয়ে উঠেছেন। আমাকে আক্রমণ করার জন্য যেন একটা আলাদা ইকোসিস্টেম তৈরি করা হয়েছে। শেষ পর্যন্ত কিছু না পেয়ে ছ’বছর আগে নাসিরুদ্দিন শাহের (Naseeruddin Shah) একটি ভিডিও খুঁজে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হল।”

Advertisement
Anupam Kher Reacts to Viral Old Nasiruddin Shah Video, Says Image Being Tarnished
রাম মন্দিরে অনুদান চুরির ঘটনায় মন্তব্যের জেরে বিতর্কে অনুপম খের

৭১ বছর বয়সী এই অভিনেতা আরও বলেন, “নাসিরের সঙ্গে সম্প্রতি দেখা হয়েছিল। পরস্পরকে আলিঙ্গন করেছি এবং আমরা একে অপরকে সম্মান করি। আমাদের মধ্যে কোনও বিরোধ নেই। আমি জীবনে যা কিছু অর্জন করেছি সবই নিজের কঠোর পরিশ্রম, মূল্যবোধ, নিষ্ঠা এবং প্রভু রামের কৃপায়। আমাকে ভয় দেখানোর চেষ্টা করে লাভ নেই। আমি সত্যের পক্ষেই থাকব। রাম মন্দিরে চুরির ঘটনায় মন্তব্য করেছিলাম বলেই ইচ্ছাকৃত পুরনো ভিডিও নতুন করে ছড়ানো হয়েছে।”

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anupam Kher (@anupampkher)

প্রসঙ্গত, ঘটনাটি ২০২০ সালের। এক সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহকে জিজ্ঞেস করা হয়েছিল চলচ্চিত্র জগতে যাঁরা সরকারকে সমর্থন বা সমালোচনা করেন তাঁদের সম্পর্কে তাঁর কী মত? উত্তরে তিনি বলেছিলেন, “অনুপম খেরের মতো কেউ কেউ খুব বেশি সোচ্চার হন! ওঁকে অত গুরুত্ব দেওয়ার কোনও প্রয়োজন নেই। ও একটা জোকার। এনএসডি এবং পুণে এফটিআইআইতে সমসাময়িক অনেকেই ওঁর তোষামোদকারী স্বভাবের কথা জানেন। বলতেও পারবেন। এটা ওঁর রক্তে মিশে আছে। এর বাইরে অনুপম খের কিছু করতে পারেন না।”

Anupam Kher alleges attempts to tarnish his image using an old Nasiruddin Shah video
অনুপম খেরকে ‘জোকার’ কটাক্ষ নাসিরুদ্দিন শাহের!

আর সেই ‘জোকার’ কটাক্ষই রাম মন্দিরে অনুদান চুরির আবহে ভাইরাল। সেসময়ে অনুপম খেরও অবশ্য নাসিরুদ্দিনকে মোক্ষম জবাব দিয়েছিলেন। এক ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, “এত কিছু অর্জন করা সত্ত্বেও আপনি পুরো জীবন হতাশায় কাটিয়েছেন। দিলীপ কুমার সাহেব, অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, শাহরুখ খান এবং বিরাট কোহলির সমালোচনা যদি আপনি করতে পারেন, তবে আমি নিশ্চিত যে আমি ঠিক পথেই রয়েছি। কেউই আপনার মন্তব্যকে পাত্তা দেয় না। কারণ আমরা সকলেই জানি, আপনি বছরের পর বছর ধরে যেসব নেশাজাতীয় দ্রব্য নিচ্ছেন, তার ফলে ঠিক-ভুল তফাৎ করার ক্ষমতা হারিয়েছেন।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.