সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ মনোজ মিত্র। বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতের কিংবদন্তি শিল্পীকে রবিবার বিকেলে অচৈতন্য অবস্থায় ভর্তি করা হয়েছে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত একাধিক অসুস্থতায় ভুগছেন বর্ষীয়ান অভিনেতা। রবিবার নতুন করে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হঠাৎ করেই সোমবার সকাল থেকে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যুর খবর। সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফ থেকে অভিনেতার ভাই সাহিত্যিক অমর মিত্রকে ফোন করা হলে, তিনি জানান, ”মনোজ মিত্রর মৃত্যুর খবর একেবারেই ভুয়ো। তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক। তবে তিনি বেঁচে রয়েছেন। এই মুহূর্তে চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন। ” এমনকী, এই ভুয়ো খবরের বিরুদ্ধে ফেসবুকে পোস্টও করেছেন অমর মিত্র।

সল্টলেকের ক্যালকাটা হার্ট ইন্সিটিউটে ভর্তি রয়েছেন থিয়েটার, টেলিভিশন, সিনেমা জগতের দাপুটে অভিনেতা। হাসপাতাল সূত্রে খবর পাওয়া গিয়েছিল, তাঁর হৃদযন্ত্র ঠিক মতো কাজ করছে না। হার্ট পাম্পের সমস্যা দেখা দিয়েছে। এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণে নেই। ক্রিয়েটিনিন বিপজ্জনক মাত্রায় বেড়েছে। তবে সোমবার সকালে সোডিয়াম-পটাসিয়ামেরও সমস্যা কিছুটা হলেও কমেছে। এদিন সকাল থেকে চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তবে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়নি। প্রবীণ অভিনেতার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে ভেন্টিলেশন কাজে আসবে না। চিকিৎসকরা সাধ্য মতো চেষ্টা করছেন।

শুধু সিনেমা নয়, সিরিয়াল, শর্টফিল্ম থেকে নাটকের মঞ্চেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন মনোজ মিত্র। তাঁর অভিনীত ‘বাঞ্ছারামের বাগান’, ‘আদর্শ হিন্দু হোটেল’ আজও মুগ্ধ করে বাঙালি দর্শককে। আপাতত সিনে জগৎ থেকে দূরেই আছেন তিনি। তবে ৮৫ বছর বয়সেও সমান তালে লেখালেখি করে যাচ্ছেন।
সর্বশেষ খবর
-
রাখে হরি মারে কে! ৯ দিন কাদামাটির স্তূপে চাপা পড়েও জীবিত অবস্থায় উদ্ধার নেপালের ২
-
ডকিং পোলে তীব্র ধাক্কা, শ্রীনগর বিমানবন্দরে দুর্ঘটনাগ্রস্ত ইন্ডিগোর বিমান, কেমন আছেন যাত্রীরা?
-
‘এমন কিছু সৃষ্টি করে যেতে হবে’, উত্তমকুমার ফিল্ম সেন্টারের শিলান্যাস করে আর কী বললেন মুখ্যমন্ত্রী?
-
হিংলো নদীতে ভাঙন, দুবরাজপুরে নদী গর্ভে ১৮টি বাড়ি! প্লাবিত ঘাটালে চলছে নৌকা
-
ভারতীয় সংস্থার সঙ্গে অস্ত্রচুক্তিতে বড়সড় দুর্নীতি, ইস্তফা দিলেন ইউরোপের ছোট্ট দেশের প্রতিরক্ষামন্ত্রী