বালিতে শুটিং করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে নুসরত বারুচা। বরাতজোরে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ঠিকই, তবে অভিনেত্রীকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন তাঁর মেরুদণ্ডে গুরুতর চোট লেগেছে। শুক্রবার নায়িকার টিমের তরফে জানানো হয়েছে, মেরুদণ্ডে চিড় ধরার ফলে নুসরত বারুচাকে দ্রুত বালি থেকে মুম্বইতে উড়িয়ে আনা হচ্ছে। খুব শিগগিরি অভিনেত্রীর অস্ত্রোপচার করা হবে।
আরও পড়ুন:
“দুর্ভাগ্যজনকভাবে পয়লা অক্টোবর দুর্ঘটনার কবলে পড়েন নুসরত বারুচা। যার জেরে তাঁর মেরুদণ্ডে চিড় ধরেছে।…”
বলিউড মাধ্যম সূত্রে খবর, অভিনেত্রী শুটিংয়ের পাশাপাশি ব্যক্তিগত ছুটি কাটানোর জন্য বালিতে উড়ে গিয়েছিলেন। মায়ানগরীর সেলেব পাড়ায় ফিসফাস, আসন্ন একটি ছবিতে টাইগার শ্রফের সঙ্গে জুটি বাঁধবেন নুসরত। সম্ভবত সেই ছবির শুটিং চলাকালীনই দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর চোট পান অভিনেত্রী। এরপরই তাঁকে বালির এক নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত চব্বিশ ঘণ্টা ধরে সেখানেই চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন নুসরত বারুচা। প্রথমটায় শোনা গিয়েছিল, বিদেশের মাটিতেই নায়িকার চিকিৎসা হবে। কিন্তু শুক্রবার বেলা গড়াতেই তাঁর টিমের তরফে এক বিবৃতি জারি করে জানানো হয়, “অভিনেত্রীর চিকিৎসা মুম্বইয়েই হবে। দুর্ভাগ্যজনকভাবে পয়লা অক্টোবর দুর্ঘটনার কবলে পড়েন নুসরত বারুচা। যার জেরে তাঁর মেরুদণ্ডে চিড় ধরেছে। বর্তমানে বালির একটি হাসপাতালে চিকিৎসাধীন। বেশ কয়েকটি পরীক্ষার পর অভিনেত্রীর মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে।” ওই বিবৃতিতে এও জানানো হয় যে, “এই মুহূর্তে নুসরতের স্বাস্থ্য এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করাই আমাদের প্রধান কাজ। আমরা ওঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বালি থেকে মুম্বইয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা করছি, ওখানেই অস্ত্রোপচার হবে। এহেন গুরুতর চোট এবং অস্ত্রোপচারের কারণে তাঁর সুস্থ হয়ে উঠতে বেশ খানিকটা সময় লাগবে। এইমুহূর্তে আগামী কয়েক সপ্তাহ ওঁর বিশ্রামের প্রয়োজন। কাজে ফিরতে একটু সময় দরকার।”

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, নতুন ছবির জন্য পরিচালক এমন একজন অভিনেত্রীকে চেয়েছিলেন যিনি চরিত্রটিকে আবেগর সঙ্গে পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন। সেই প্রেক্ষিতে নুসরত বারুচাই ছিলেন প্রথম পছন্দ। আর সেই সিনেমার শুটিংয়েই দুর্ভাগ্যজনকভাবে দুর্ঘটনার কবলে পড়তে হল অভিনেত্রীকে। খানিক অতীতে ফিরলে মনে পড়ে যায়, শুটিং চলাকালীন নুসরতের দুর্ঘটনার কবলে পড়া নতুন ঘটনা নয়। ২০২৩ সালে শুটিং চলাকালীন নুসরতের আহত হওয়ার দুটি ঘটনা প্রকাশ্যে এসেছিল। এপ্রিল মাসে ‘আকেলি’ ছবির শুটিংয়ের সময় গুরুতর আহত হয়েছিলেন। চিকিৎসকরা তাঁকে বেশ কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। তার আগে ‘ছোরি ২’ ছবির শুটিংয়ের সময় একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে তাঁর মুখে চোট লাগে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সস্তা জনপ্রিয়তার লোভ! মহাত্মা গান্ধীকে নিয়ে ‘আপত্তিকর’ ভিডিও, শ্রীঘরে ইনফ্লুয়েন্সার তরুণী
-
‘বলিউডের দেশাত্মবোধক ছবি নিয়ে উচ্চবাচ্য নেই, অথচ পাকিস্তানি শিল্পীকে তোল্লাই’, দিলজিৎকে খোঁচা মিকার
-
‘হিরো’ মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল