Ranveer Singh

‘বাপ সে বাত কর’! ৪৫ কোটির ‘ডন ৩’ মামলায় এবার ফারহানকে চ্যালেঞ্জ রণবীরের বাবার

Don 3: 'ধুরন্ধর' রণবীর সিংকে 'ডন ৩' অভিশাপ থেকে মুক্ত করতে এবার মাঠে বাবা জগজিৎ। বলিউডের ফিল্ম সংগঠনের সঙ্গে দেখা করে বড় পদক্ষেপ!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ১৭:০৮

options
link
‘বাপ সে বাত কর’! ৪৫ কোটির ‘ডন ৩’ মামলায় এবার ফারহানকে চ্যালেঞ্জ রণবীরের বাবার
৪৫ কোটির 'ডন ৩' মামলায় এবার ফারহান আখতারকে চ্যালেঞ্জ রণবীর সিংয়ের বাবা জগজিৎ সিং ভাবনানির।

‘বেটে কো হাত লগানে সে পহেলে, বাপ সে বাত কর…’, ‘জওয়ান’ ছবিতে এহেন মারকাটারি সংলাপে আগুন জ্বেলেছিলেন কিং খান। এবার ছেলে রণবীর সিংয়ের (Ranveer Singh ) জন্য বাবা জগজিৎ সিং ভাবনানি, যা করলেন তা যেন অক্ষরে অক্ষরে এহেন হাইভোল্টেজ সংলাপের কথাই মনে করিয়ে দিল। ছেলেকে ‘ডন ৩’ (Don 3) অভিশাপ থেকে মুক্ত করতে বড়সড় পদক্ষেপ নিয়েছেন তিনি। যা কিনা এইমুহূর্তে ‘টক অফ দ্য টাউন’ হয়ে দাঁড়িয়েছে।

Advertisement

৪৫ কোটি টাকার ক্ষতিপূরণ মামলায় এবার ফারহান আখতারকে চ্যালেঞ্জ জানিয়ে বড়সড় পদক্ষেপ করেছেন জগজিৎ সিং ভাবনানি। আচমকাই ‘ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন’-এরহ দ্বারস্থ হন তিনি। তারপর? 

ঠিক কী ঘটেছে? ‘ধুরন্ধর’-এর গগনচুম্বী সাফল্যের পর শেষমুহূর্তে ‘ডন’-এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি থেকে সরে দাঁড়ানোয় মাসখানেক আগে রণবীর সিংকে বলিউডে কোণঠাসা করেছিল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। অগ্রিম পারিশ্রমিক নিয়েও পরিচালক-প্রযোজক ফারহান আখতারকে শুটিং শুরুর ঠিক আগে নাকানি-চোবানি খাওয়ানোয় সুপারস্টারের উপর নেমে এসেছিল ‘শাস্তির খাঁড়া’। এমতাবস্থায় মাঝপথে সিনেমার কাজ থেমে যাওয়ায় গত ফেব্রুয়ারি মাসেই এক্সেল এন্টারটেইনমেন্টের দুই মালিক রীতেশ এবং ফারহান আখতার রণবীর সিংয়ের থেকে ৪৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন ‘ধুরন্ধর’ রণবীর সিংয়ের থেকে। কারণ, বছরখানেক আগে অভিনেতা সবুজ সংকেত দেওয়ার পরই ‘ডন ৩’ ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেছিলেন তাঁরা। এমনকী ‘ধুরন্ধর’-এর কাজ শেষ হওয়ার পরই ফারহানের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমার শুটিং শুরু করার কথা ছিল তাঁর। কিন্তু পঁচিশ সালে বছরশেষে আচমকাই বেঁকে বসেন তিনি। যদিও ‘প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া’র বৈঠকে ‘সেই টাকা দেওয়া আমার দায় নয়’ বলে সরে গিয়েছিলেন রণবীর। তবে পরবর্তীতে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এর হস্তক্ষেপে সুর নরম করেন অভিনেতা। মাস কয়েক ধরা চলা এই সমস্যার নিষ্পত্তি করতে এবার ময়দানে নামলেন রণবীর সিংয়ের বাবা জগজিৎ।

Advertisement
Ranveer Singh’s father challenges Farhan Akhtar’s ₹45 crore Don 3 compensation claim
ফারহান আখতারের দাবিী করা ক্ষতিপূরণকে চ্যালেঞ্জ রণবীর সিংয়ের বাবার। ছবি: সোশাল মিডিয়া।

বলিউড মাধ্যম সূত্রে খবর, ৪৫ কোটি টাকার ক্ষতিপূরণ মামলায় এবার ফারহান আখতারকে চ্যালেঞ্জ জানিয়ে বড়সড় পদক্ষেপ করেছেন জগজিৎ সিং ভাবনানি। গত মঙ্গলবার আচমকাই ‘ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন’-এরহ দ্বারস্থ হন তিনি। তথ্য-প্রমাণাদি সমেত ফিল্মি সংগঠনের উচ্চপদস্থ কর্মীদের সঙ্গে দেখা করে ছেলে রণবীরের পক্ষে সওয়াল করেন জগজিৎ। ‘ডন ৩’ মামলার নিষ্পত্তি করতে পরবর্তী পদক্ষেপ কী হবে? সেবিষয়েই এদিন আলোচনা হয় বৈঠকে। খবর, অভিনেতার বাবার পেশ করা নথিপত্র ইতিমধ্যেই খতিয়ে দেখা শুরু করেছে ইম্পা। মাসখানেক আগে জানা যায়, ফারহান ৪০ কোটি ক্ষতিপূরণ চাওয়ায় ‘প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া’র বৈঠকে রণবীর সিং যুক্তি দিয়েছিলেন, “সঞ্জয় লীলা বনশালির ‘বৈজু বাওরা’ ছবির জন্য এক বছর ধরে প্রস্তুতি নিয়েছিলাম। অন্য কোনও ছবিতে সইও করিনি সেসময়ে। অনেক প্রস্তাব ফিরিয়েছি। কিন্তু পরবর্তীকালে সেই ছবির কাজ বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে দীর্ঘ সময় সেই ছবিতে ব্যয় করার পরও বনশালির থেকে কোনও ক্ষতিপূরণ আমি দাবি করিনি। তাই এক্ষেত্রেও ক্ষতিপূরণ দেওয়া আমার দায় নয়।” সেই য়ুক্তি দেখিয়েই কি এবার ইম্পার দ্বারস্থ অভিনেতার বাবা? উঠছে প্রশ্ন। রণবীর সিং এইমুহূর্তে জয় মেহেতার ‘প্রলয়’-এর শুটে ব্যস্ত। তার মাঝেই প্রতিপক্ষ ফারহান আখতারকে চ্যালেঞ্জ জানিয়ে মাঠে অবতরণ জগজিৎ সিং ভাবনানির। ভবিষ্যতে বিষয়টি কোন দিকে গড়ায়? এবার সেটাই দেখার অপেক্ষা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.