সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির বেশ জনপ্রিয় মুখ সুমনা চক্রবর্তী। একথা বললে অত্যুক্তি হয় না যে, কপিল শর্মা শোয়ের সুবাদে বাঙালি অভিনেত্রী জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন। সম্প্রতি তাঁকেই দক্ষিণ মুম্বইয়ের রাস্তায় ভয়ানক অভিজ্ঞতার সাক্ষী হতে হল। সেই ঘটনার বিবরণ দিয়ে সোশাল মিডিয়ায় সদ্য একটি পোস্ট ভাগ করে নিয়েছেন সুমনা। তাঁর দীর্ঘ বিবৃতিতে উল্লেখ, মারাঠা কোটা আন্দোলনকারীদের বিক্ষোভের মাঝে পড়েছিলেন তিনি, আর সেখানেই প্রকাশ্য দিবালোকে ভয়ংকর অভিজ্ঞতা হয় তাঁর।
ঠিক কী ঘটেছে সুমনা চক্রবর্তীর সঙ্গে? অভিনেত্রীর পোস্টে উল্লেখ, “৩১ আগস্ট, রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ কোলাবা থেকে কেল্লা যাওয়ার পথে আচমকাই তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভকারীরা। গেরুয়া রঙের জামা পরা জনৈক ব্যক্তি আমার গাড়ির বনেটে থাপ্পড় কষিয়ে জোরে জোরে আওয়াজ করতে থাকেন। আমাকে দেখে হাসেনও। পেট দিয়ে গাড়িটাকে ঠেলছে দেখলাম। এমন চিৎকার করছিল যেন তিনি মানসিকভাবে অসুস্থ। তার কিছু বন্ধুরা আমার জানালায় সজোরে ধাক্কা দিয়ে ‘জয় মহারাষ্ট্র’ বলে স্লোগান দেওয়া শুরু করে। ওরা চিৎকার করে হাসছিল। আরেকটু এগোলাম, ৫ মিনিটের ব্যবধানে ওই একই ঘটনার পুনরাবৃত্তি। পুলিশ, আইন-শৃঙ্খলা কিচ্ছু নেই।” এখানেই থামেননি অভিনেত্রী।
সুমনার সংযোজন, “প্রকাশ্য দিবালোকে, দক্ষিণ মুম্বইতে, আমি, আমার গাড়িতে বসেই নিরাপদ বোধ করছি না। আর রাস্তাঘাট? কলার খোসা, প্লাস্টিকের বোতল, ময়লা-আবর্জনা দিয়ে স্তূপ করা। ফুটপাত দখল করে নেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা খাচ্ছে, ঘুমোচ্ছে, স্নান করছে, রান্না করছে, প্রস্রাব করছে, মলত্যাগ করছে, ভিডিও কল করছে, রিল তৈরি করছে, প্রতিবাদের নামে মুম্বই দর্শন করছে। এটা নাগরিকত্ববোধের উপহাস ছাড়া আর কিছুই নয়।” সুমনার মন্তব্য, “সঙ্গে একজন পুরুষ বন্ধু থাকায় সেযাত্রায় নিজেকে ভাগ্যবান বলে মনে হল। আমি ভাবতে পারছি না, যদি একা থাকতাম, তাহলে কী হত? একটি ভিডিও রেকর্ড করার চেষ্টা করেছিলাম। তবে পরক্ষণেই বুঝতে পারি, এটা করলে ওরা আরও উত্তেজিত হয়ে পড়বে। তাই করিনি। মনে হচ্ছিল, মুহূর্তের মধ্যেই ভয়ানক কিছু একটা ঘটতে চলেছে।” সেই পোস্টের পরই নেটভুবনে তোলপাড় শুরু হয়। তবে কোনও এক অজ্ঞাতকারণে সুমনা চক্রবর্তী সেই প্রতিবাদী পোস্ট আপাতত সরিয়ে নিয়েছেন।
সর্বশেষ খবর
-
একরত্তির সঙ্গে সেলফি, তারপরই ১১ মাসের মেয়েকে সেতু থেকে যমুনায় ছুড়ে ফেলে দিল বাবা!
-
বাদ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবস উদযাপনে সুন্দরবনে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
-
‘যতই আসুক বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা’, শুভশ্রীকে আগলে অতীত প্রেম উসকালেন দেব!
-
আচমকা বন্ধ ‘ককরোচ’দের ইনস্টাগ্রাম! কী বললেন ‘আরশোলা’ প্রধান দীপকে?
-
স্বাধীনতা দিবসেও বাদ গেল না ‘ডিমথেরাপি’, হাওড়ায় তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই উল্লাস!