সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছরের শুরুতেই ভারতে আসছে কোল্ডপ্লে ব্যান্ড। ডিসেম্বরে ব্রায়ান অ্যাডামসের পরই ২০২৪ সালের ২১ জানুয়ারি বিশ্বখ্যাত ব্যান্ডটি অনুষ্ঠান করবে এদেশে। এই খবর ছড়িয়ে পড়ার পরই কোল্ডপ্লে জ্বরে ভুগতে শুরু করেছেন এদেশের অনুরাগীরা। সোশাল মিডিয়ায় ভাইরাল সুরকার এ আর রহমান ও কোল্ডপ্লের অন্যতম প্রতিষ্ঠাতা ও গায়ক ক্রিস মার্টিনের এক পুরনো যুগলবন্দি। ২০১৬ সালের ভিডিওটি নতুন করে মন জিতছে সকলের।
আগামী বছরের গোড়ায় মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে পারফর্ম করার কথা এই ব্রিটিশ রক ব্যান্ডটির। রবিবার শোয়ের টিকিট বিক্রি শুরু হতেই প্রবল চাহিদার চাপে সাইটটি ক্র্যাশ করে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দেখা যায় দু’দিনের সমস্ত টিকিট বুক হয়ে গিয়েছে। এর থেকে পরিষ্কার, কতটা উন্মাদনা রয়েছে ব্যান্ডটিকে ঘিরে। বলে রাখা ভালো, এবার টিকিটের সর্বনিম্ন মূল্য আড়াই হাজার টাকা। সর্বোচ্চ টিকিটের দাম ৩৫ হাজার টাকা।
View this post on InstagramAdvertisement
শেষবার কোল্ডপ্লে ভারতে এসেছিল ২০১৬ সালে। মুম্বই গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্য়ালে তারা পারফর্ম করেছিল। আর সেই সময়ই এ আর রহমানের সঙ্গে ‘বন্দেমাতরম’ গেয়েছিলেন ক্রিস মার্টিন। আপাতত সেই ভিডিও দেখেই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন অনুরাগীরা।
গত শতকের নয়ের দশকে তৈরি হয় কোল্ডপ্লে। লন্ডনে আত্মপ্রকাশের পরে দ্রুত তা সকলের মন জয় করে নিতে থাকে। এই ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিন। তিনি ও গিটার বাদক জনি বাকল্যান্ডই ছিলেন গোড়ার দুই সদস্য। তাঁরাই একসঙ্গে মিলে গান লেখা শুরু করেছিলেন। সুরও করতেন। প্রথম অ্যালবাম ‘প্যারাশুটস’। ২০০০ সালে সেই অ্যালবাম প্রকাশ পাওয়ার পর গত আড়াই দশকে একের পর এক মাইলফলক পেরিয়েছে এই ব্যান্ডটি। দুনিয়া কাঁপানো এমন সুরস্রষ্টাদের দেখতে ভারত যে মুখিয়ে থাকবে তা বলাই বাহুল্য।
সর্বশেষ খবর
-
পাচারের বড় ছক বানচাল, দমদম বিমানবন্দরেই উদ্ধার কোটি টাকার দুর্লভ ‘সাপের মাথা’!
-
অস্ত্রোপচারের মাঝেই সোনুর কণ্ঠে কিংবদন্তি রফির গান, ভিডিও দেখে তাজ্জব নেটভুবন
-
জেলবন্দি আত্মীয়, জামিন পাওয়াতে ছত্তিশগড় হাই কোর্টের প্রধান বিচারপতির উপর কালাজাদু ৪ যুবকের!
-
ঠিকমতো খাবার পাচ্ছে না দত্তক-প্রাণীরা! খাদ্যে নজরদারির অধিকার অভিভাবকদের
-
বিপজ্জনক গতিতে ছুটে এল উপমুখ্যমন্ত্রীর কনভয়, গাড়ি চাপা পড়ে মৃত্যু প্রৌঢ়র