সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোর কানাঘুষো- স্টার জলসার নয়া ধারাবাহিক ‘অগ্নিজল’ না কি বিখ্যাত বিশ্ব-ধারাবাহিক ‘গেম অফ থ্রোনস্’-এর বঙ্গীকরণ! অন্তত ধারাবাহিকের দু’টি প্রোমো এবং নাম থেকে এমনটাই মনে করছেন সবাই!

হঠাৎ এরকম গুজবের কারণ?
আসলে ১৯৯৬ সালে লেখক জর্জ আর আর মার্টিনের একটা বই বেরোয়। ফ্যান্টাসি সিরিজটার নাম ছিল ‘আ সং অফ আইস অ্যান্ড ফায়ার’। তারই প্রথম উপন্যাস ছিল ‘আ গেম অফ থ্রোনস্’! যা পরে রাতারাতি বিখ্যাত হয়ে যায় ধারাবাহিকের দৌলতে!

তো, এই ‘আ সং অফ আইস অ্যান্ড ফায়ার’-এর নামের সঙ্গেই ‘অগ্নিজলে’র সাযুজ্য খুঁজে বের করছে সমালোচক-মহল। লেখার ‘আইস’ বাংলায় হয়েছে ‘জল’, ‘ফায়ার’ তো ‘অগ্নি’ হিসেবে ঠিকই আছে!

গুজবের দ্বিতীয় কারণ স্টার জলসার ফেসবুক পেজ-এ পোস্ট হওয়া দু’টো প্রোমো। যার প্রথমটায় দেখা যাচ্ছে দেবদাসী সৌরজাকে। সে যেমন নৃত্যপটিয়সী, তেমনই যুদ্ধপটিয়সীও। এছাড়া তার আছে এক অলৌকিক ক্ষমতা। কী তা, দেখতে চোখ রাখুন ট্রেলারে। এছাড়া দেখা যাচ্ছে রাজা দেবদক্ষকে। প্রতিপক্ষকে সম্মুখ-সমরে পর্যুদস্ত করছেন তিনি। তাঁরও রয়েছে এক অগ্নি-নির্ভর অলৌকিক শক্তি। যার ঝলক ট্রেলার থেকে আবিষ্কার করে নেওয়াই উচিত হবে।
যাই হোক, স্টার জলসা বা ধারাবাহিকটির নির্মাতা শ্রীভেঙ্কটেশ ফিল্মস এখনই এ বিষয়ে কিছু জানাতে নারাজ। তাঁরা উত্তেজনা জিইয়ে রাখছেন, এই আর কী! এমনকী, কবে থেকে সম্প্রচার শুরু হচ্ছে ধারাবাহিকের, তাও তাঁরা খোলসা করে বলছেন না।
অতএব অপেক্ষাই চলুক! সঙ্গে অনুমানের পালা- সত্যিই ‘অগ্নিজল’ ‘গেম অফ থ্রোনস্’-এর বঙ্গীকরণ কি না!
সর্বশেষ খবর
-
পাচারের বড় ছক বানচাল, দমদম বিমানবন্দরেই উদ্ধার কোটি টাকার দুর্লভ ‘সাপের মাথা’!
-
অস্ত্রোপচারের মাঝেই সোনুর কণ্ঠে কিংবদন্তি রফির গান, ভিডিও দেখে তাজ্জব নেটভুবন
-
জেলবন্দি আত্মীয়, জামিন পাওয়াতে ছত্তিশগড় হাই কোর্টের প্রধান বিচারপতির উপর কালাজাদু ৪ যুবকের!
-
ঠিকমতো খাবার পাচ্ছে না দত্তক-প্রাণীরা! খাদ্যে নজরদারির অধিকার অভিভাবকদের
-
বিপজ্জনক গতিতে ছুটে এল উপমুখ্যমন্ত্রীর কনভয়, গাড়ি চাপা পড়ে মৃত্যু প্রৌঢ়র