CJP Protest

‘টুকরে-টুকরে গ্যাং’, ‘আরশোলা’দের দেশদ্রোহী কটাক্ষ মনোজের! পালটা ‘আদিপুরুষ’ বিতর্ক মনে করাল নেটভুবন

'ককরোচ'দের আন্দোলন নিয়ে চরম ক্ষোভ! বিতর্কে 'অ্যানিম্যাল', 'বাহুবলী' খ্যাত মনোজ মুনতাসির। বলিউডের জনপ্রিয় গীতিকার-লেখককে 'কান ধরে' অতীত প্রোপাগান্ডা বিতর্কের কথা মনে করাল জেন জি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৬, ১৬:৩৪

options
link
‘টুকরে-টুকরে গ্যাং’, ‘আরশোলা’দের দেশদ্রোহী কটাক্ষ মনোজের! পালটা ‘আদিপুরুষ’ বিতর্ক মনে করাল নেটভুবন
'ককরোচ' আন্দোলন নিয়ে ক্ষোভ উগড়ে নিজেই বিতর্কে জড়ালেন মনোজ মুনতাসির।

জন্মলগ্ন থেকেই শিক্ষাব্যবস্থার দুর্নীতি, নিট প্রশ্নফাঁস, পরীক্ষায় ব্যাপক খরচ এবং সার্বিকভাবে দেশের পড়ুয়াদের প্রতি কেন্দ্রের দায়বদ্ধতার অভাব নিয়ে আন্দোলন করে চলেছে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP Protest)। নিট কেলেঙ্কারিতে কেন্দ্রীয় শিক্ষমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলন নিয়ে বর্তমানে দেশজুড়ে ঝড়! দিল্লির যন্তর-মন্তরে টানা পঁচিশ দিন ধরা চলা এই বিক্ষোভ আরও নাটকীয় মোড় নেয় গত সোমবারের ‘সংসদ চলো’ অভিযানকে কেন্দ্র করে। বিক্ষোভকারী ‘আরশোলা’দের রুখতে লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাস, জলকামান চালায় পুলিশ। রাজপথে পড়ুয়াদের এহেন ‘করুণ’ পরিস্থিতিতে দেশজুড়ে যখন পুলিশি ভূমিকা প্রশ্নের মুখে, তখন এমন আবহে ‘ককরোচ’ বিক্ষোভকারীদের ‘দেশদ্রোহী, টুকরে-টুকরে গ্যাং’ বলে চরম কটাক্ষ করলেন বলিউডের জনপ্রিয় গীতিকার-লেখক মনোজ মুনতাসির (Manoj Muntashir)।

Advertisement

“যারা ভাবে কাশ্মীর ভারতের অংশ নয়। এরা তো রামকে নিয়েও অবমাননাকর মন্তব্য করে। দায়িত্ব নিয়ে বলতে পারি, এরা দেশদ্রোহী…” 

সম্প্রতি এক সাক্ষাৎকারে মনোজ জানান, তিনি শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হলেও যারা এই আন্দোলনের গতিপথ নির্ধারণ করছে, সমস্যাটা তাদের নিয়ে। ‘অ্যানিম্যাল’, ‘বাহুবলী’ খ্যাত লেখক সাফ বলেন, “আমি কোনওদিন যন্তর মন্তরের বিক্ষোভ মঞ্চে যাব না। এইজন্য যাব না, কারণ এইমুহূর্তে যারা ওই বিভোক্ষের প্রতিনিধিত্ব করছে, তাদের সঙ্গে একসারিতে দাঁড়াতে আমার ভালো লাগবে না। এরা ভারতকে টুকরো-টুকরো করতে চায়। ওই আন্দোলনে এমন মানুষও আছে, যারা ভাবে কাশ্মীর ভারতের অংশ নয়। এরা তো রামকে নিয়েও অবমাননাকর মন্তব্য করে। তাই দায়িত্ব নিয়ে বলতে পারি, এরা দেশদ্রোহী। দুঃখিত! তবে একথা বলব যে, আমাদের দেশের তরুণ প্রজন্ম ককরোচ জনতা পার্টির থেকে ভালো কিছুর যোগ্য।” মুনতাসিরের সংযোজন, “নিট প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনাকে কোন মূর্খ ভালো বলবে! এটা যেমন ভুল, তেমনই একজন পড়ুয়ারও যদি কিছু হয়, তাহলে সরকারকে এর জবাব দিতে হবে।” বলিউডের জনপ্রিয় গীতিকার-লেখকের এহেন মন্তব্য ছড়িয়ে পড়তেই কটাক্ষের ঝড়। পালটা মনোজ মুনতাসিরকে ‘আদিপুরুষ’ বিতর্কের কথা মনে করাল নেটভুবন।

Advertisement
Manoj Muntashir Criticises CJP Protest, Calls Protesters 'Deshdrohi'
পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ।

‘আপনিই তো সেই ব্যক্তি, যিনি রামায়ণ নিয়ে তৈরি ‘আদিপুরুষ’-এ হনুমানের মুখে ‘জলেগি তেরে বাপ কি’…’ 

একাংশ মনে করিয়ে দিলেন, ‘আপনিই তো সেই ব্যক্তি, যিনি রামায়ণ নিয়ে তৈরি ‘আদিপুরুষ’-এ হনুমানের মুখে ‘জলেগি তেরে বাপ কি’, ‘তেরি বুয়া কা বাগিচা হ্যায় ক্যায়া’র মতো বিতর্কিত সংলাপ বসিয়ে ‘রামায়ণ’কে অপমান করেছিলেন। আর এখন অন্যদের জ্ঞান দিচ্ছেন?’ কারও বা কটুক্তি, ‘আপনার মতো লোকেরাই এই দেশের সবচেয়ে বড় কলঙ্ক।’ জেন জি-দের কেউ বা ‘কান ধরে’ অতীতের ‘প্রোপাগান্ডা’ বিতর্কের কথা মনে করাল। সবমিলিয়ে ‘ককরোচ’ আন্দোলন নিয়ে ক্ষোভ উগড়ে নিজেই বিতর্কে জড়ালেন মনোজ মুনতাসির।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.