Bohurupi: The Golden Daku

পুজোর বক্স অফিস লুটের হুঁশিয়ারি! ‘জয় জগন্নাথ’ বলে যিশুর লুক প্রকাশ্যে আনলেন ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ শিবু

দু'বছর পর আবারও পুজোর পর্দায় সদলবলে ঝাঁপিয়ে পড়তে চলেছে 'বহুরূপী'রা। সিক্যুয়েলে বড়চমক অপেক্ষা করছে দর্শকের জন্য। কীরকম?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৬, ১৮:২৩

options
link
পুজোর বক্স অফিস লুটের হুঁশিয়ারি! ‘জয় জগন্নাথ’ বলে যিশুর লুক প্রকাশ্যে আনলেন ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ শিবু
'জয় জগন্নাথ' বলে 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'র প্রথম লুক প্রকাশ্যে

চব্বিশ সালের পুজোর বক্স অফিসে ‘গেমচেঞ্জার’ হিসেবে নাম লিখিয়েছিল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী’। বাংলার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন রাজ্যে, এমনকী আন্তর্জাতিক স্তরের স্ক্রিনিংয়েও দর্শককুলের প্রশংসা কুড়িয়ে নিয়েছিল ছ্যাঁচড়াপুরের ‘ছিচকে’ নয়, বরং ভালোবেসে ডাকাতি করা ‘বিক্রম’। দু’বছর পর আবারও পুজোর পর্দায় সদলবলে ঝাঁপিয়ে পড়তে চলেছে ‘বহুরূপী’রা। তবে এবার যে ডাকাতি আরও বড় পরিসরে হবে, গত জানুয়ারি মাসে দেব-শুভশ্রী জুটি পুজো রিলিজের অগ্রিম বুকিংয়ের ঘোষণা করতেই হুঁশিয়ারি দিয়েছিল উইন্ডোজ। এবার উমার আগমনের ৯০ দিন আগে ‘জয় জগন্নাথ’ বলে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র প্রথম লুক প্রকাশ্যে নিয়ে এলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

Advertisement

“এবার জোড়া ধামাকা অপেক্ষা করছে দর্শকের জন্য। রোম্যান্স থেকে হাড্ডাহাড্ডি ‘চেজ’ সবটাই এবার ডবল-ডবল।”

‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ সিনেমার সবথেকে বড় চমক নিঃসন্দেহে যিশু সেনগুপ্ত। আবির চট্টোপাধ্যায়ের পরিবর্তে এবার ‘বিক্রম’ শিবপ্রসাদের সম্মুখ সমরে তিনি। যদিও অভিনেতার চরিত্র সম্পর্কে খুব একটা ভাঙতে নারাজ নির্মাতারা তবে খবর, সিক্যুয়েলে বড়চমক অপেক্ষা করছে দর্শকের জন্য। কীরকম? বৃহস্পতিবার রথযাত্রার পুণ্যলগ্নে যিশুর লুক শেয়ার করে তার একটা ছোট্ট ঝলক দিলেন শিবপ্রসাদ। পরনে খাঁকি উর্দি। চোখে রোদচশমা। চোখেমুখে গাম্ভীর্য। দুর্বার গতিতে বাইক ছুটিয়ে ‘ডাকাত বহুরূপী’দের পিছু নিতে দেখা গেল যিশু সেনগুপ্তকে। গল্পে অভিনেতার চরিত্রের নাম ইনসপেক্টর অয়ন বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ‘পোস্ত’, ‘বাবা বেবি ও’ ছবির পর আবারও টলিপাড়ার হিটমেকার পরিচালকদ্বয়ের ফ্রেমে দেখা যাবে যিশুকে। পাশাপাশি রথ উপলক্ষে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র প্রথম লুক ফাঁস করে পুজোয় বক্স অফিস ‘লুটে’র হুঁশিয়ারিও দিলেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

Advertisement
‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’

এদিকে চব্বিশের পুজোর পর্দায় কৌশানি-শিবপ্রসাদের ছকভাঙা জুটি বহুল প্রশংসিত হয়েছিল। ঝিমলি-বিক্রমের দুষ্টু-মিষ্টি রসায়ন আর ডাকাতির স্ট্র্যাটেজি দেখে দর্শকমহলের পেটে যেমন খিল ধরেছিল, তেমনই তাঁরা মুগ্ধ হয়েছিলেন। সেকথা মাথায় রেখেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’তে আবারও ফিরছে কৌশানি-শিবপ্রসাদ জুটি। উচ্ছ্বসিত নায়িকা সংবাদ প্রতিদিনকে আগেই জানিয়েছেন যে, “এবার জোড়া ধামাকা অপেক্ষা করছে দর্শকের জন্য। রোম্যান্স থেকে হাড্ডাহাড্ডি ‘চেজ’ সবটাই এবার ডবল-ডবল।” সেই প্রেক্ষিতেই ছাব্বিশের পুজোয় যিশু বনাম শিবপ্রসাদের দ্বৈরথ দেখার অপেক্ষায় দর্শকমহল। সিনেমায় এক বিশেষ চরিত্রে থাকছেন সোহিনী সরকারও। এবার শুধু পুজোর বক্স অফিসের মার্কশিট দেখার পালা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.