সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের আবহে শহরে প্রবল দুর্যোগ। রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা এবং শহরতলী। ভারী বর্ষণের ব্যাপক প্রভাব পড়েছে পুজো প্যাণ্ডেলগুলিতেও। বেলা বাড়তে মেঘের কোলে রোদ উঁকি দিলেও পরিস্থিতির হেরফের হয়নি কিছুই! ব্যহত যান চলাচলও। এমতাবস্থায় মন-মেজাজ ‘রেইনি ডে’ দাবি করলেও ছুটি নেই ক্যামেরার। দুর্যোগ উপেক্ষা করেই এক এক করে ধারাবাহিকের সেটে পৌঁছচ্ছেন টেলিপর্দার তারকারা।
জানা গেল, ইন্দ্রপুরী স্টুডিওতে ‘দাদামণি’ এবং এনটিওয়ানে ‘আনন্দী’ ধারাবাহিকের শুটিং পুরোপুরি বন্ধ। তবে ছাড় পাননি ‘জোয়ার ভাঁটা’, ‘পরশুরাম’, ‘কনে দেখা আলো’ থেকে ‘জগদ্ধাত্রী’র মতো ধারাবাহিকের শিল্পীরা! সেই তালিকায় রয়েছে- ‘পরিণীতা’, ‘কুসুম’, ‘তুই আমার হিরো’, ‘চিরদিনই তুমি যে আমার’ এবং ‘ফুলকি’ও। ‘পরশুরাম’-এর সেটে পৌঁছতে গাড়ি রেখে বাইকে চেপেই রওনা হন ইন্দ্রজিৎ বোস। অন্যদিকে পথঘাট জলমগ্ন হওয়ার জেরে ৩০ মিনিটের রাস্তা পেরতে শ্রুতি দাসের লেগে যায় প্রায় তিন ঘণ্টা! অভিনেত্রী জানিয়েছেন, যাঁর গাড়িতে নিত্যদিন যাতায়াত করেন, তিনি আসতে পারেননি। উপরন্তু ক্যাব বুকিংয়েও ভোগান্তি। গাড়ি নেই। তাই প্রায় আড়াই ঘণ্টা রাস্তায় কাটিয়েও স্টুডিওমুখো হতে পারেননি প্রথমে শ্রুতি। শেষমেশ ত্রাতা হয়ে দাঁড়ায় প্রোডাকশন গাড়ি। সেটা করেই সেটের উদ্দেশে রওনা হন অভিনেত্রী।
ইন্দ্রজিৎ বলছেন, জলমগ্ন শহরে গাড়ি বের করতে সাহস পাননি তিনি। তাই অগত্যা শুটে পৌঁছতে বাইকই ভরসা অভিনেতার। ‘গৃহপ্রবেশ’ শুটের জন্য বানভাসি এলাকা থেকে বৃষ্টি মাথাতেই শুটিংয়ের উদ্দেশে রওনা হন পরিচালক অমিত। জানা গেল, বলাকা স্টুডিওতে ‘জগদ্ধাত্রী’র শুটিং চলছে। ‘কনে দেখা আলো’র শুট হচ্ছে ‘ভারতলক্ষ্মী’তে। ইন্দ্রপুরী, দাসানি ১ এবং দাসানি ২ স্টুডিওতেও বহাল তবিয়তে ধারাবাহিকের শুটিং চলছে। খবর, এমতাবস্থায় আকাশ আট চ্য়ানেলের দুই সিরিয়াল ‘খনার কাহিনি’ এবং ‘আদিশক্তি আদ্যাপীঠ’-এর শুটিংও ঘণ্টাখানেক দেরিতে শুরু হয়েছে। তবে ‘পুলিশ ফাইলস’-এর শুটিং আজ বন্ধ। পুজোর মুখে ব্যাঙ্কিংয়ের জন্য যে এখন সিরিয়ালের সেটগুলিতে বাড়তি চাপ রয়েছে, তা বলাই বাহুল্য। তাই গোদের উপর বিষফোঁড়ার মতো দুর্যোগের কালমেঘ ঘনালেও জলমগ্ন কলকাতায় ছুটি নেই ক্যামেরার।
সর্বশেষ খবর
-
পাচারের বড় ছক বানচাল, দমদম বিমানবন্দরেই উদ্ধার কোটি টাকার দুর্লভ ‘সাপের মাথা’!
-
অস্ত্রোপচারের মাঝেই সোনুর কণ্ঠে কিংবদন্তি রফির গান, ভিডিও দেখে তাজ্জব নেটভুবন
-
জেলবন্দি আত্মীয়, জামিন পাওয়াতে ছত্তিশগড় হাই কোর্টের প্রধান বিচারপতির উপর কালাজাদু ৪ যুবকের!
-
ঠিকমতো খাবার পাচ্ছে না দত্তক-প্রাণীরা! খাদ্যে নজরদারির অধিকার অভিভাবকদের
-
বিপজ্জনক গতিতে ছুটে এল উপমুখ্যমন্ত্রীর কনভয়, গাড়ি চাপা পড়ে মৃত্যু প্রৌঢ়র