Uttam Subidha Card

মহানায়কের শতবর্ষে টলিউডে চালু ‘উত্তম সুবিধা কার্ড’, একগুচ্ছ বিশেষ সুবিধে পাবেন শিল্পীরা

বুধবার ফোরামের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে চালু হল এই বিশেষ কার্ড। যেখানে উপস্থিত ছিলেন কমিটির সদস্যরা। 'উত্তম সুবিধা কার্ড' থাকলে কী কী স্বাস্থ্য পরিষেবা পাবেন শিল্পীরা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ১১:৫৪

options
link
মহানায়কের শতবর্ষে টলিউডে চালু ‘উত্তম সুবিধা কার্ড’, একগুচ্ছ বিশেষ সুবিধে পাবেন শিল্পীরা
মহানায়কের শতবর্ষে টলিউডে চালু 'উত্তম সুবিধা কার্ড'

ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম-এর বার্ষিক নির্বাচনে জিতে বাসবদত্তা চট্টোপাধ্যায় কথা দিয়েছিলেন, শিল্পীদের সুস্বাস্থ্য এবং চিকিৎসার কথা মাথায় রেখে বন্ধ হওয়া মেডিক্লেম চালু করবেন। তিন মাস যেতে না যেতেই কথা রাখলেন ফোরামের কোষাধ্যক্ষ। মহানায়কের জন্মশতবর্ষ উপলক্ষে টলিউডে চালু হল ‘উত্তম সুবিধা কার্ড’ (Uttam Subidha Card)।

Advertisement

বুধবার ফোরামের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে চালু হল এই বিশেষ কার্ড। যেখানে উপস্থিত ছিলেন কমিটির কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়, সহ-সম্পাদক রানা মিত্র, কোষাধ্যক্ষ বাসবদত্তা চট্টোপাধ্যায়, অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী, কুশল চক্রবর্তী, লাবণী সরকার, দেবদূত ঘোষ, আবীর চট্টোপাধ্যায়-সহ কমিটির অন্যান্য পদাধিকারীরা। শহরে না থাকায় সশরীরে উপস্থিত না হতে পারলেও ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আর তাঁদের হাত ধরেই টলিপাড়ার শিল্পী-কলাকুশলীদের জন্য এক শুভসূচনা হল। যে কার্ডের মাধ্যমে একগুচ্ছ বিশেষ সুবিধে পাবেন টলিউডের সদস্যরা।

Advertisement

নতুন কার্ড সকলের হাতে পৌঁছতে দিন কয়েক সময় লাগতে পারে, তাই শিল্পীরা যাতে অসুবিধেয় না পড়েন, তার জন্য বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। যতদিন না এই বিশেষ কার্ড পাচ্ছেন, ততদিন পর্যন্ত আর্টিস্ট ফোরামের পরিচয়পত্র দেখিয়েই এই সুবিধা নিতে পারবেন সদস্যরা।

বুধবার এক বেসরকারি স্বাস্থ্য পরিষেবা সংস্থার সঙ্গে যুক্ত হল আর্টিস্ট ফোরাম। কমিটির হাতে ৩০ হাজার টাকার চেকও তুলে দিল সংশ্লিষ্ট সংস্থা। এবার প্রশ্ন, ‘উত্তম সুবিধা কার্ড’ থাকলে কী কী স্বাস্থ্য পরিষেবা পাবেন শিল্পীরা? জানা গেল, যে সংস্থার সঙ্গে ফোরাম গাঁটছড়া বেঁধেছে, সেখান থেকে উত্তম সুবিধা কার্ডের মাধ্যমে ওষুধ কেনার সময় বিশেষ ছাড় পাবেন শিল্পী-কলাকুশলীরা। পাশাপাশি, সংশ্লিষ্ট সংস্থা নির্দিষ্ট সময়ের ব্যবধানে বিনামূল্যে রক্তপরীক্ষা এবং স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থা করে দেওয়ারও আশ্বাস দিয়েছে এদিন। জানা গেল, ধাপে ধাপে আর্টিস্ট ফোরামের সমস্ত সদস্যদের হাতে পৌঁছে দেওয়া হবে এই ‘উত্তম সুবিধা কার্ড’। তবে নতুন কার্ড সকলের হাতে পৌঁছতে দিন কয়েক সময় লাগতে পারে, তাই শিল্পীরা যাতে অসুবিধেয় না পড়েন, তার জন্য বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। যতদিন না এই বিশেষ কার্ড পাচ্ছেন, ততদিন পর্যন্ত আর্টিস্ট ফোরামের পরিচয়পত্র দেখিয়েই এই সুবিধা নিতে পারবেন সদস্যরা।

Advertisement

সংশ্লিষ্ট উদ্যোগে টলিউড তারকাদের স্বাস্থ্য পরিষেবা নিয়ে আশাবাদী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, বাসবদত্তারা। ওষুধের খরচ উত্তরোত্তর যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সেখানে শিল্পীরা কিছুটা হলেও স্বস্তি পাবেন বলে মত তাঁদের। ‘ইন্ডাস্ট্রি’র কথায়, প্রবীণ শিল্পী যাঁরা আপাতত সেভাবে কাজ করতে পারছেন না, কিন্তু বার্ধক্যজনিত অসুস্থতা বাড়ছে, তাঁরা এক্ষেত্রে বিশেষ সুবিধে পাবেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.