সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশকে ক্যাশলেসে পরিণত করতে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেই মর্মে ক্যাশলেস লেনদেনের ক্ষেত্রে একাধিক ছাড়ের কথাও ঘোষণা করছে কেন্দ্র৷ সরকারের পরিকল্পনাকে বাস্তবায়িত করতে এবার আসরে নামল মেট্রো স্টেশনগুলি৷ নতুন বছর থেকে রাজধানী দিল্লির দশটি মেট্রো স্টেশন সম্পূর্ণ ক্যাশলেসে পরিণত হবে৷
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রোহিনি ইস্ট, রোহিনি ওয়েস্ট, ময়ূর বিহার ফেজ ওয়ান, তিলক নগর, নয়ডা সেক্ট ১৫, নেহেরু প্লেস-সহ মোট ১০টি স্টেশনে আর নগদে লেনদেন হবে না৷ অর্থাৎ টিকিট কাটা ও স্মার্ট কার্ডে টাকা রিচার্জের ক্ষেত্রে ডিজিটাল ওয়ালেট, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের ব্যবহার করতে পারবেন যাত্রীরা৷ এই দশটি স্টেশনে প্রায় ৭০ শতাংশ যাত্রী স্মার্টকার্ডেই যাতায়াত করেন৷ তাই স্বাভাবিকভাবেই অন্যান্য মেট্রো স্টেশনের তুলনায় এখানে এমনিতেই নগদ লেনদেন কম হয়৷ সেই কারণেই স্টেশনগুলিকে ক্যাশলেসে পরিণত করতে খুব বেশি সমস্যায় পড়তে হবে না বলে মনে করছে মেট্রো রেল কর্তৃপক্ষ৷
এদিকে ক্যাশলেস ইন্ডিয়া তৈরি নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য মন ছুঁয়ে গিয়েছে কেরলের অটোচালক সুরেশ কুমারের৷ মোদির দেখানো পথে হাঁটতে যাত্রীদের জন্য অভিনব বন্দোবস্ত করেছেন তিনি৷ এবার থেকে তাঁর অটোয় উঠলে নগদের পাশাপাশি কার্ডেও ভাড়া মেটানো যাবে৷ থাকছে অনলাইন পেমেন্টের ব্যবস্থাও৷ এর জন্য অটোতে একটি ট্যাব এবং একটি কার্ড সোয়াইপ করার মেশিন রেখেছেন তিনি৷ সুরেশ জানান, “ভারত ক্যাশলেস ভবিষ্যতের দিকে এগোচ্ছে৷ তাই আমিও প্রস্তুত হচ্ছি৷ যাত্রীদের একবার বুঝিয়ে দিলেই তাঁরা ক্যাশলেস পেমেন্ট করতে পারছেন৷”
সর্বশেষ খবর
-
নখ হবে দুধের মতো সাদা, পার্লারে সময় নষ্ট না করে বাড়িতেই করুন ‘মিল্কি ম্যানিকিওর’
-
‘পানামা ম্যাচের ফল দিয়ে বিচার করলে হবে না’, ব্রাজিলের বিরুদ্ধে নামার আগে সতর্ক আনোয়ার আলি
-
দক্ষিণ আফ্রিকায় পরপর বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে অন্তত মৃত ২৭
-
‘জমানা বদলেছে, সাধু সন্তদের ভয় দেখানো যাবে না’, নেতাজি ইন্ডোরে গীতাপাঠ করলেন শুভেন্দু
-
‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স’, মন কি বাতে সার্জিক্যাল স্ট্রাইক মনে করালেন মোদি