Jammu And Kashmir

বানচাল অনুপ্রবেশের ছক, কাশ্মীরে খতম জইশ কমান্ডার-সহ ৩ পাক জঙ্গি! শহিদ এক জওয়ান

লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে চলছে ব্যাপক তল্লাশি অভিযান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৫, ১১:০৮

options
link
বানচাল অনুপ্রবেশের ছক, কাশ্মীরে খতম জইশ কমান্ডার-সহ ৩ পাক জঙ্গি! শহিদ এক জওয়ান

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের ছক পাকিস্তানের জঙ্গিদের! নিয়ন্ত্রণরেখা পেরনোরের আগেই খতম জইশ-ই-মহম্মদের শীর্ষ কমান্ডার-সহ ৩ জেহাদি। কিন্তু গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন এক জওয়ান। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে চলছে ব্যাপক তল্লাশি অভিযান।

Advertisement

সেনা সূত্রে খবর, কয়েকদিন ধরেই কিশৎওয়ার-সহ উপত্যকার একাধিক জায়গায় চলছে ‘অপারেশন ছতরু’। জেহাদের জাল ছিঁড়তে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশের ছক কষেছিল পাক জঙ্গিরা। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে সেখানে অভিযানে নামে নিরাপত্তাবাহিনী। শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে ৩ জঙ্গি। যার মধ্যে রয়েছে জইশের অন্যতম শীর্ষ কমান্ডার সইফুল্লাহও। গত এক বছর ধরে চেনাব ভ্যালিতে সন্ত্রাসী কার্যকলাপ জারি রেখেছিল।

Advertisement

এই আখনুর সেক্টরের কেরি বট্টল এলাকায় গতকাল রাতে ব্যাপক গুলির লড়াই চলে। সেখানেই গুরুতর আহত হন ভারতীয় সেনার জুনিয়র কমিসন্ড অফিসার (জেসিও) কুলদীপ চাঁদ। আজ সকালে তিনি শহিদ হয়েছেন। বিবৃতি দিয়ে সেনা তাঁর মৃত্যুর খবর জানিয়ে শোকপ্রকাশ করেছে। পাশাপাশি জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে বলেও জানানো হয়েছে। যার মধ্যে রয়েছে M4 রাইফেল-সহ গোলাবারুদ। 

Advertisement

উল্লেখ্য, ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিলের পর থেকেই উত্তেজনা তৈরির চেষ্টা করছে পাকিস্তান বলে অভিযোগ গোয়েন্দা সংস্থাগুলোর। ভারতে জঙ্গি অনুপ্রবেশ করিয়ে নাশকতার চেষ্টা করছে তারা। সম্প্রতি এক গোয়েন্দা রিপোর্টে বলা হয়, জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর সন্ত্রাসবাদী হামলার লঞ্চপ্যাডগুলো সক্রিয় করেছে পাক সেনা। সেখান থেকে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবার জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে।  

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.