সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে কোনও পরীক্ষায় ফলাফল ঘোষণা হলেই এতদিন অবধারিতভাবে বলা হত, মেয়েদের মধ্যে প্রথম হয়েছে অমুক৷ এতদিনের সে গতানুগতিক অভ্যাসে লেগেছে ধাক্কা৷ এ বছর উঠছে উল্টো প্রশ্ন- ছেলেদের মধ্যে প্রথম কে? এরকম প্রশ্নই ঘোরাঘুরি করছে সোশ্যাল মিডিয়ায়৷ আর দান ঘুরিয়ে দেওয়ার সে কৃতিত্ব অণ্বেষা-রক্ষাদেরই৷
পিঠোপিঠি দু’দিনে ফলপ্রকাশ হয়েছে মাধ্যমিক ও সিবিএসই-র৷ দুই পরীক্ষাতেই শীর্ষস্থান অধিকার করেছে মেয়েরা৷ মাধ্যমিকে প্রথম হয়েছে বাঁকুড়ার বিবেকানন্দ শিক্ষায়তন হাই স্কুলের অন্বেষা পাইন৷ সাতশোর মধ্যে ৬৯০ পেয়েছে সে৷ দীর্ঘদিন পর মাধ্যমিকে সমস্ত পড়ুয়াদের মধ্যে কোনও ছাত্রী প্রথম স্থান অধিকার করল৷ ঠিক তার পরেরদিন সিবিএসই-র রেজাল্টেও দেখা গেল চমক৷ এবার সবাইকে হারিয়ে শীর্ষ স্থান দখল করেছে রক্ষা গোপাল৷ নয়ডার অ্যামিটি ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী সে৷ নম্বর পেয়েছে ৯৯.৬ শতাংশ৷ তার মার্কশিটের নম্বরের বহর দেখে চোখ কপালে উঠছে অনেকেরই৷ ইংরাজি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স-এ সে ১০০ তে একশোই পেয়েছে৷ আর ইতিহাস ও সাইকোলজিতে পেয়েছে ৯৯ করে৷ ফলত এ বছর আর বলতে হচ্ছে না মেয়েদের মধ্যে প্রথম কে! বরং ছেলেদের মধ্যে প্রথম কে হয়েছে তাই খুঁজতে হচ্ছে মেধাতালিকায়৷

নারী ক্ষমতায়ন এই সময়ের বহু চর্চিত একটি বিষয়৷ বহু সেমিনার, বহু তত্ত্বের কপচানির পরও দেখা যায় আজও দিকে দিকে বঞ্চনা ও নিগ্রহের শিকার হচ্ছে মেয়েরা৷ উল্টোদিকে কিছু চেনা মুদ্রাকেই নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে তুলে ধরা হয়৷ কিছু পোশাকি বাহার, কিছু ভাষার হররা- এর বাইরে তাকে বিশেষ খুঁজে পাওয়া যায় না৷ এমনকী উইমেনসেন্ট্রিক বলে যে সিনেমা হয়, তা পুরুষতন্ত্রকে অস্বীকার করার স্পর্ধা দেখায় ঠিকই, তবে বাণিজ্য ও বিনোদনের ব্যালান্স রাখতে গিয়ে অনেক সময় তা দিশা হারায়৷ ফলে যে মোকামে পৌঁছানোর কথা থাকে, তা অনেক সময় সম্ভবপর হয় না৷ অনেকটা পথ এগিয়েও যেন অগ্রগতি মেলে না৷ ফলে যে আঁধার থাকার তা থেকেই যায়৷ আজও শুনতে হয়, পড়াশোনা শিকেয় তুলে নাবালিকা বিবাহের ঘটনা৷ এ রোগ আমাদের দেশে এতই ক্রনিক যে, স্মৃতি ইরানিকে মানবসম্পদ থেকে যখন বস্ত্র মন্ত্রকের দায়িত্বে আনা হল, তখন সোশ্যাল মিডিয়ায় রসিকতা ছড়াল যে, আবারও এক মহিলার হাত থেকে বই-খাতা সরিয়ে নিয়ে সূচ-সুতো ধরিয়ে দেওয়া হল৷ আসলে এটাই হয়ে চলেছে৷ অনেক আলোচনা, সমালোচনা সত্ত্বেও সমাজের মেয়েদের অবস্থাবদলের ছবিটি যেন প্রত্যাশামাফিক উজ্জ্বল নয়৷ কৃতিত্বের কথা এলে আজও পরিচিত কয়েকটি নামই ঘুরে ফিরে আসে৷ প্রশ্ন ওঠে, চেনা আলোচনা, চেনা মুদ্রার বাইরে নারী ক্ষমতায়নের ব্যাটন তাহলে কাদের হাতে? অণ্বেষা-রক্ষারা যেন তাঁদের কৃত্বিতেই বলে গেল- ‘আমি সেই মেয়ে’৷

সর্বশেষ খবর
-
রশিদকে পিটিয়ে চার-ছক্কায় বিরাট রেকর্ড অভিষেকের, ‘শোধ’ নিলেন ১১২ ব্যাটারের ব্যর্থতার!
-
হরমুজ প্রশ্নের ‘উত্তর’ বীরভূমে! বিদ্যুৎ চাহিদা মেটাতে তৈরি হচ্ছে মেগা প্রকল্প
-
ভোট পরবর্তী হিংসায় মৃত্যু, জোর করে সন্দেশখালির বিজেপি কর্মীর দেহ কবর! ৫ বছর পর ময়নাতদন্তে দেহাংশ
-
‘রামায়ণ’ ব্লকবাস্টার করতে গণেশভক্ত রণবীরের চমক! গান-পোস্টারে নজরকাড়া রাম-সীতার প্রেমময় মুহূর্ত
-
ময়দার দরকারই নেই! স্বাস্থ্যকর উপাদানে সহজেই বানিয়ে ফেলুন ৪ ধরনের মোমো