সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্যোতিষী অনুমান কন্যা সন্তান৷ আর সেই অনুমানের জেরেই নিজের পরিবারের সদস্যদের হাতেই অ্যাসিড হামলার মুখে পড়তে হল এক গৃহবধূকে৷ অন্ধ্রপ্রদেশের নেলোর সাক্ষী থাকল এই অমানবিক ঘটনার৷
জানা যাচ্ছে, ২০১৪ সালে বিয়ে হয় গিরিজার৷ বছর দেড়েকের এক কন্যাসন্তান রয়েছে তাঁর৷ দ্বিতীয়বার তিনি সন্তানসম্ভবা হলে পরিবারের প্রত্যাশা ছিল পুত্রসন্তানের৷ পুলিশ সূত্রে খবর, গিরিজাকে মাসখানেক আগে এক জ্যোতিষীর কাছে নিয়ে যায় তাঁর শাশুড়ি৷ সেখানে জ্যোতিষী জানায়, আবারও কন্যা সন্তান হতে চলেছে গিরিজার৷ এরপর থেকেই পরিবারে নিজের জায়গা হারাতে থাকেন গিরিজা৷ জানা যাচ্ছে, গত ১৯ আগস্ট ঘুমন্ত অবস্থায় গিরিজার শরীরে অ্যাসিড ছোড়ে তাঁর শাশুড়ি ও ননদ৷ প্রতিবেশীরা এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন৷ বেশ কিছুদিন পর গত ২৬ আগস্ট ঘটনাটি পুলিশের নজরে আসে৷ এরপরই গিরিজার স্বামী ও শ্বশুরেকে গিরিজাকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়৷
অন্ধপ্রদেশে কন্যা সন্তানের জন্মহার এমনিতেই কম৷ এই ঘটনা লিঙ্গবৈষম্যের সেই পরিস্থিতি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল৷ প্রশ্ন তুলে দিল প্রকাশ্যে অ্যাসিড বিক্রি নিয়েও৷ সুপ্রিম আদেশে প্রকাশ্যে অ্যাসিড বিক্রি নিষিদ্ধ হলেও, নিয়ম ভাঙা হচ্ছে ব্যাপকভাবে৷ তাই অ্যাসিড হামলার ঘটনা কিছুতেই আটকানো যাচ্ছে না৷ কী ধরনের অ্যাসিড গিরিজার উপর ছোড়া হয়েছিল তা পরীক্ষা করে দেখা হচ্ছে৷ প্রাথমিক ভাবে অনুমান, কেরোসিন ও অন্যান্য রাসায়নিকের মিশ্রণই ব্যবহার করা হয়েছিল৷ অ্যাসিড হামলা রুখতে প্রশাসনকে যে আরও কঠোর হতে হবে, এ ঘটনা তার ইঙ্গিত দিচ্ছে৷ পুলিশ জানিয়েছে, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন গিরিজা৷
সর্বশেষ খবর
-
অগ্নি ‘শিখা’র পর ঝাঁকে ঝাঁকে হোটেল সিল! নিউ মার্কেটের আরও ২৫ হোটেল-রেস্তোরাঁকে শোকজ দমকলের
-
পাহাড় সমস্যা সমাধানে ‘শাহী নকশা’, গঠিত নয়া কমিটি, মাথায় বিএসএফের প্রাক্তন ডিজি
-
মা-বাবার সামনেই ইঞ্জিনিয়ার স্বামীকে পিটিয়ে খুন স্ত্রীর! নৃশংস হত্যা কাণ্ডের সঙ্গী যুবতীর পরিবার
-
সিনে অ্যাসোসিয়েশনের বিতর্কের মাঝে হাসপাতালে পুনম ধিলোঁ, কেমন আছেন?
-
বারবার কামিয়েও দাড়ির দেখা নেই, গাল ভর্তি ‘রেজার বাম্প’! কী করে ফেরাবেন ত্বকের জৌলুশ?