Bhagwant Mann

পাঞ্জাবে পদ্মের পদধ্বনি! খোদ মুখ্যমন্ত্রী ভগবন্তের পরিবারের সদস্যরা যোগ দিলেন বিজেপিতে

মান পরিবারের সদস্যের বিজেপি যোগের ঘটনা পাঞ্জাবের রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছে। এই ঘটনা মুখ্যমন্ত্রীর পরিবারের অন্দরে এক বিরাট আঘাত বলে মনে করা হচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০২৬, ২১:০২

options
link
পাঞ্জাবে পদ্মের পদধ্বনি! খোদ মুখ্যমন্ত্রী ভগবন্তের পরিবারের সদস্যরা যোগ দিলেন বিজেপিতে
বিজেপিতে যোগ মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের খুড়তুতো ভাই জ্ঞান সিং মানের।

আম আদমি পার্টি শাসিত পাঞ্জাবে আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগেই পাঞ্জাবে শোনা গেল পদ্মের পদধ্বনি। খোদ মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের পরিবারের সদস্যরা এবার যোগ দিলেন বিজেপিতে। সোমবার পাঞ্জাব বিজেপির সভাপতি সুনীল জাখরের হাত থেকে পদ্ম পতাকা তুলে নেন মুখ্যমন্ত্রীর খুড়তুতো ভাই জ্ঞান সিং মান। এই যোগদান মঞ্চে উপস্থিত ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনিও।

Advertisement

মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যের বিজেপি যোগ প্রসঙ্গে পাঞ্জাবের বিজেপি সভাপতি সুনীল বলেন, “বিজেপি পাঞ্জাবে তার শিকড় আরও মজবুত করছে। আমাদের আশা দলের নতুন সদস্যরা বিজেপিকে আরও শক্তিশালী করে তুলবে। মুখ্যমন্ত্রীর কাকা বলজিন্দর সিংও বিজেপিতে যোগ দিয়েছেন। কিছুদিন আগে তাঁর ধাবা বন্ধ করে দিয়েছিল এই সরকার।” মান পরিবারের সদস্যের বিজেপি যোগের ঘটনা পাঞ্জাবের রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছে। এই ঘটনা মুখ্যমন্ত্রীর পরিবারের অন্দরে এক বিরাট আঘাত বলে মনে করা হচ্ছে।

Advertisement

পাঞ্জাব বিজেপির সভাপতি সুনীল জাখরের হাত থেকে পদ্ম পতাকা তুলে নেন মুখ্যমন্ত্রীর খুড়তুতো ভাই জ্ঞান সিং মান।

বিজেপিতে যোগ দিয়ে আপের ব্যাপক সমালোচনা করে বলজিন্দর বলেন, ‘সরকার প্রবাসী ভারতীয়দের পাঞ্জাবে আমন্ত্রণ জানাচ্ছে, অথচ এখানে ব্যবসা করলে সেই ব্যবসা বন্ধ করে দেওয়া হচ্ছে।’ অন্যদিকে জানা যাচ্ছে, আপের অন্যতম শীর্ষ নেতা ছিলেন জ্ঞান সিং মান। গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে পাঞ্জাবে আপের প্রচারের প্রধান দায়িত্বে ছিলেন তিনি। তবে পাঞ্জাবে আপ ক্ষমতায় আসার পর মান সরকারের নীতির সমালোচনাও করতে দেখা যায় তাঁকে। পাঞ্জাবের বন্যা মোকাবিলায় সরকার ও প্রশাসনের ব্যর্থতা নিয়ে সরব হন তিনি। সোশাল মিডিয়ায় পাশাপাশি প্রকাশ্য মঞ্চে মান সরকারের নীতির বিরুদ্ধে সরব হতে দেখা যায় তাঁকে।

Advertisement

এদিকে জ্ঞান সিং মানের বিজেপি যোগের সিদ্ধান্তের প্রশংসা করে আম আদমি পার্টিকে তীব্র আক্রমণ শানান হরিয়ানার মুখ্যমন্ত্রী সাইনি। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের ফলাফল প্রকাশে পর ভবিষ্যতের কথা ভেবে কেজরিওয়াল এবং মান সাহেবের সরকার উদ্বিগ্ন। কেজরিওয়াল কংগ্রেসকে সমর্থন করে তাদের নিশ্চিহ্ন করে দিয়েছেন। কেজরিওয়াল পশ্চিমবঙ্গে মমতাকে সমর্থন করেছিলেন। তবে তাঁর সমর্থন বাংলায় তৃণমূলকে নিশ্চিহ্ন করে দিয়েছে।” এবার পাঞ্জাব থেকেও আম আদমি পার্টি মুছে যেতে চলেছে বলে দাবি করেন সাইনি ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.