Raghav Chadha

প্রত্যাহার করেছিল পাঞ্জাব সরকার, কয়েক ঘণ্টাতেই কেন্দ্রীয় নিরাপত্তা রাঘবকে, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

যদিও রাঘবের ঘনিষ্ঠ মহল বলছে, এখনই তাঁর বিজেপিতে যোগের সম্ভাবনা এখনই নেই। রাজ্যসভার সাংসদ হিসাবে আরও দু’বছর মেয়াদ রয়েছে রাঘবের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৫, ২০২৬, ২০:৫৮

options
link
প্রত্যাহার করেছিল পাঞ্জাব সরকার, কয়েক ঘণ্টাতেই কেন্দ্রীয় নিরাপত্তা রাঘবকে, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?
সংসদে রাঘব চাড্ডা। ফাইল ছবি।

কয়েক ঘণ্টা আগে তাঁর জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার করেছিল পাঞ্জাব সরকার। কিন্তু বেশিক্ষণ ‘নিরাপত্তাহীন’ থাকতে হল না আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডাকে। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার এবার তাঁকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল। রাঘবকে দিল্লিতে জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হবে। আর দিল্লির বাইরে তিনি পাবেন ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা।

Advertisement

৩৭ বছর বয়সি রাঘবের নিরাপত্তার দায়িত্বে এতদিন ছিলেন পাঞ্জাব পুলিশের আধিকারিক ও কর্মীরা। দলের সঙ্গে ফাটলের জেরে গত সপ্তাহেই ওই নিরাপত্তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব সরকার। সূত্রের খবর, বুধবার দুপুরে অবিলম্বে পাঞ্জাব পুলিশের ওই আধিকারিকদের সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়। মজার কথা হল, পাঞ্জাব পুলিশ নিরাপত্তা প্রত্যাহার করার কিছুক্ষণ পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আবার দিল্লি পুলিশকে রাঘবের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেয়।

Advertisement

পরে জানানো হয়, রাঘবকে কেন্দ্র সরকারই নিরাপত্তা দেবে। তিনি দিল্লিতে যখন থাকবেন তখন জেড ক্যাটেগরির নিরাপত্তা পাবেন। আর দিল্লির বাইরে যখন থাকবেন তখন ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পাবেন। যেভাবে দ্রুততার সঙ্গে রাঘবের নিরাপত্তার ব্যবস্থা অমিত শাহর মন্ত্রক করল, তাতে রাঘব যে বিজেপির দিকেই পা বাড়িয়ে, সেটা আরও একবার স্পষ্ট হয়ে গেল।

Advertisement

যদিও রাঘবের ঘনিষ্ঠ মহল বলছে, এখনই তাঁর বিজেপিতে যোগের সম্ভাবনা এখনই নেই। রাজ্যসভার সাংসদ হিসাবে আরও দু’বছর মেয়াদ রয়েছে রাঘবের। এই দু’বছর তিনি দলের অন্দরে থেকেই আপ শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করবেন। যেমনটা করছেন স্বাতী মালিওয়াল। তবে পাঞ্জাবের ভোটের আগে বিজেপি যদি চায়, তাহলে যোগদান হলেও হতে পারে। প্রকাশ্যে রাঘব বলছেন, “আমি বুঝতে পারছি না কেন আমার কণ্ঠরোধ করা হচ্ছে, আমি তো সাধারণ মানুষের কথা বলি। তাতে আম আদমির লাভ হয়। তাতে আম আদমি পার্টির সমস্যাটা ঠিক কোথায়? ওরা কেন আমার কণ্ঠরোধ করছে। মানুষের কথা বলা কি অপরাধ?” রাঘবের সাফ কথা, “আমাকে হয়তো নীরব করা যাবে, কিন্তু হারানো যাবে না। মানুষের পাশে থাকব। মানুষের কথা বলব।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.