Ayodhya Ram Mandir

রামলালা দর্শনে বদলাচ্ছে নিয়ম, ‘চুরি’ বিতর্কের মাঝে রাম মন্দিরে ভূমি পূজনের দিনই বড় সিদ্ধান্ত

অযোধ্যার রাম মন্দিরে তিন হাজার কোটি টাকার চুরিতে প্রশ্নের মুখে শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্যরা। এই পরিস্থিতিতে বিতর্ক সামাল দেওয়ার চেষ্টা করছে উত্তরপ্রদেশ সরকার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০২৬, ১৪:২৭

options
link
রামলালা দর্শনে বদলাচ্ছে নিয়ম, ‘চুরি’ বিতর্কের মাঝে রাম মন্দিরে ভূমি পূজনের দিনই বড় সিদ্ধান্ত
অনুদান চুরির অভিযোগের মধ্যেই অযোধ্যার রাম মন্দিরের নিয়মে বড়সড় বদল।

অনুদান চুরির অভিযোগের মধ্যেই অযোধ্যার রাম মন্দিরের নিয়মে বড়সড় বদল। বুধবার রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) ভূমি পূজন দিবস। সেদিন থেকেই নিয়ম বদলে গেল। নতুন নিয়মের ফলে রামলালার দর্শন আরও সহজ হতে চলেছে ভক্তদের জন্য। রাম মন্দির ট্রাস্ট জানিয়েছে, ভক্তরা যেন আর বেশি করে মন্দিরের নাগাল পান সেটা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

Advertisement

এতদিন পর্যন্ত মন্দিরে গেলে স্রেফ রামলালার দর্শন পেতেন পুণ্যার্থীরা। সাধারণ লাইনে দাঁড়িয়ে রামলালা দর্শন করে ফিরে যেতে হত। মন্দিরের দোতলায় রাম দরবার পর্যন্ত পৌঁছতে গেলে প্রয়োজন হত বিশেষ পাস। ওই পাসও সব দর্শনার্থীরা পেতেন না। কারণ প্রত্যেক দিন নির্দিষ্ট সংখ্যক পাস ইস্যু করা হত। সেটা শেষ হয়ে যাওয়ার পর কেউই আর ওই পাস পেতেন না। বিনামূল্যের ওই পাস মোটা টাকায় বিক্রি করে ফায়দা তুলতেন মন্দিরের কিছু কর্মী, এমন অভিযোগও উঠেছিল।

Advertisement

এবার ওই পাস ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে দিল মন্দির কর্তৃপক্ষ। ভূমি পূজনের দিন থেকেই চালু হচ্ছে এই নতুন ব্যবস্থা। এবার থেকে একটাই লাইনে দাঁড়াবেন ভক্তরা। প্রথমে রামলালা দর্শন করবেন। সেখান থেকে তাঁদের পাঠিয়ে দেওয়া হবে দোতলায়, রাম দরবার দর্শনের জন্য। বিশেষ পাসের কোনও দরকার থাকবে না আর। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ভক্তরা যেন মন্দিরের আরও বেশি অংশে পৌঁছে যেতে পারেন সেটা নিশ্চিত করতেই পাস বাতিলের সিদ্ধান্ত।

Advertisement

উল্লেখ্য, অযোধ্যার রাম মন্দিরে তিন হাজার কোটি টাকার চুরিতে প্রশ্নের মুখে শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্যরা। এই পরিস্থিতিতে বিতর্ক সামাল দেওয়ার চেষ্টা করছে উত্তরপ্রদেশ সরকার। দ্রুত গঠিত হয়েছে সিট। তবে তারা এখনও চূড়ান্ত রিপোর্ট দেয়নি। সূত্রের খবর, ট্রাস্টের প্রাক্তন প্রধান চম্পত রাইকে ওই রিপোর্টে সেভাবে দোষী হিসাবে ধরা হয়নি। প্রসঙ্গত, রাম মন্দিরে নগদ প্রণামী জমা পড়েছে ৩,৫০০ কোটি টাকারও বেশি, সঙ্গে অগণিত সোনা-রুপোর গয়না৷ এই ধনরাশির একটা বড় অংশের কোনও হদিশ মিলছে না৷ নগদ টাকা এবং গয়নার পাশাপাশি মন্দিরের হেফাজত থেকে গায়েব দানে পাওয়া রুপোর তৈরি ভূষূণ্ডির কাকও৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.