China

চাপের মুখে নতিস্বীকার, অবশেষে ভারতীয় পড়ুয়াদের ফেরাতে রাজি চিন

অন্যান্য দেশের পড়ুয়ারা চিনে ফিরে গিয়েছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২২, ১৯:৪৪

options
link
চাপের মুখে নতিস্বীকার, অবশেষে ভারতীয় পড়ুয়াদের ফেরাতে রাজি চিন
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোভিড অতিমারীর সময়ে ভারতে ফিরে এসেছিলেন চিনে (China) পাঠরত ভারতীয় পড়ুয়ারা। কিন্তু তারপরে তাঁরা পড়াশোনা করতে চিনে ফিরে যেতে পারেননি। কারণ ভারতীয় পড়ুয়াদের (Indian Students) ফেরাতে রাজি হচ্ছিল না চিন। শুক্রবার চিনের তরফ থেকে জানান হয়েছে, কিছু সংখ্যক ভারতীয় পড়ুয়া ফিরে এসে পড়াশোনা করতে পারে।

Advertisement

চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই তিনি ঘোষণা করেন, “ভারতীয় পড়ুয়াদের অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে চিন। আমরা চাই তাঁরা চিনে ফিরে আসুন। এখানে থেকেই পড়াশোনা করুন। ” এই প্রসঙ্গে ভারতের সঙ্গে চিনের আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। “কীভাবে ভারতীয় ছাত্রদের চিনে ফিরিয়ে আনা যেতে পারে,ইতিমধ্যেই সেই পদ্ধতি ভারতকে জানিয়েছি আমরা।” অন্যান্য দেশের পড়ুয়ারা চিনে ফিরে গিয়েছেন। তাঁদের অভিজ্ঞতার কথাও ভারতকে জানানো হয়েছে। ভারতের তরফ থেকে জানাতে হবে যে কতজন পড়ুয়া চিনে ফিরে আসতে আগ্রহী, মত লিজিয়ানের।

Advertisement

[আরও পড়ুন: উত্তর-পূর্ব থেকে বিতর্কিত আফস্পা আইন প্রত্যাহারের আশ্বাস প্রধানমন্ত্রী মোদির

প্রসঙ্গত, অতিমারী কিছুটা স্তিমিত হওয়ার পরেও চিনে গিয়ে অফলাইন ক্লাসে যোগ দিতে পারেননি ভারতীয় পড়ুয়ারা। প্রায় ২২ হাজার ভারতীয় পড়ুয়া চিনে পড়াশোনা করছেন। কিন্তু অফলাইন ক্লাস করতে না পারায় তাঁদের অসুবিধা হচ্ছে। সেই কথা চীনকে জানান হয় ভারতের তরফ থেকে। গত ১৭ মার্চ ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছিলেন, চিনের বিধিনিষেধের ফলে ভারতীয় পড়ুয়ারা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। কিন্তু বেজিংয়ের তরফ থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি। গত ২০ এপ্রিল ভারতে চিনা পর্যটকদের টুরিস্ট ভিসা বাতিল করে ভারত।

Advertisement

প্রসঙ্গত, কিছুদিন আগেই চিনা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে প্রশ্ন তুলেছে ইউজিসি। আগাম অনুমতি না থাকলে নির্দিষ্ট কিছু চিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন পাঠ্যক্রমের ডিগ্রি ভারতে মান্যতা পাবেনা, এমন ঘোষণা করে ইউজিসি। একই সময়ে ভারত সফরে এসেছিলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে তাঁর বৈঠকেও উঠে আসে পড়ুয়াদের প্রসঙ্গ। এতদিন পরে ভারতের চাপের মুখেই পড়ুয়াদের বিষয়ে সদর্থক পদক্ষেপ নিল চিন।

[আরও পড়ুন: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে রাষ্ট্রসংঘের মহাসচিবের সফর চলাকালীন মিসাইল হানা রাশিয়ার]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.