সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরীক্ষা দিতে যাওয়ার পথে দলিত স্কুলছাত্রের আঙুল কেটে নিল দুষ্কৃতীরা! নৃশংস ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে। সূত্রের খবর, দিনকয়েক আগেই কবাডি ম্যাচে দুষ্কৃতীদের দলকে হারিয়েছিল ওই স্কুলপড়ুয়া। তারপরেই এমন কাণ্ড। যদিও পড়ুয়ার পরিবারের মতে, জাতিবিদ্বেষের কারণেই স্কুলপড়ুয়ার প্রতি এমন নৃশংস আচরণ।
অমানবিক ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুনেলভেলিতে। আহত ছাত্রের নাম দেবেন্দ্রন। একাদশ শ্রেণির পড়ুয়ার বাবা পেশায় দিনমজুর। পড়াশোনার পাশাপাশি কবাডি খেলাতেও পারদর্শী দেবেন্দ্রন। গত সোমবার বাসে চেপে পরীক্ষা দিতে যাচ্ছিল সে। আচমকাই তিনজন বাসটিকে ঘিরে ফেলে। টেনেহিঁচড়ে বাস থেকে দেবেন্দ্রনকে নামিয়ে তার বাঁহাতের আঙুলগুলি কেটে দেয়। বাধা দিতে গেলে দেবেন্দ্রনের বাবা থাঙ্গা গণেশকেও আক্রমণ করে দুষ্কৃতীরা। তাঁর মাথায় আঘাত করে তারা।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় দেবেন্দ্রনকে। আপাতত অস্ত্রোপচার করে তার কাটা আঙুল জোড়ার চেষ্টা করছেন চিকিৎসকরা। ইতিমধ্যেই তিন নাবালককে এই ঘটনায় আটক করেছে পুলিশ। কিন্তু স্কুলপড়ুয়ার বিরুদ্ধে এমন নৃশংস আচরণ কেন? দেবেন্দ্রনের পরিবারের দাবি, দিনকয়েক আগে একটি কবাডি ম্যাচ খেলেছিল সে। ওই ম্যাচে উঁচু জাতের কয়েকজন খেলেছিল। তাদের দলকে হারিয়ে দেয় দেবেন্দ্রনের দল। অসাধারণ খেলেছিল একাদশ শ্রেণির পড়ুয়া।
তার কয়েকদিন পরে এই ভয়াবহ হামলা। দেবেন্দ্রনের কাকা সুরেশের কথায়, “অভিযুক্তদের গ্রেপ্তার করা হোক। তফসিলি জাতির কোনও সন্তান জীবনে উন্নতি করুক সেটা কেউ চায় না। ও পড়াশোনায় ভালো ছিল। কিন্তু একাদশ শ্রেণির কয়েকজন ছাত্র এরকম কাণ্ড ঘটাল কী করে? পর্দার আড়াল থেকে কেউ নিশ্চয় ওদের মদত দিচ্ছে।” তবে অভিযুক্তদের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
সর্বশেষ খবর
-
হাসিনায় সম্পর্কে কাঁটা, সেই বাংলাদেশের দাবিতে ১৯টি অত্যাধুনিক রেল কোচ পাঠাল ভারত!
-
পায়ে ব্যথা, অথচ সমস্যা লুকিয়ে কোমরে! সায়াটিকার লক্ষণ চিনবেন কীভাবে
-
রস্টারের চাপে ঘুম হয় না! গাঁজার সঙ্গে ঘুমের ওষুধ খেয়ে বিমান চালাতে ওঠেন এয়ার ইন্ডিয়া পাইলট
-
এশিয়াডের আগে সাসপেন্ড টেবিল টেনিস ফেডারেশন, অন্ধকারে খেলোয়াড়দের ভবিষ্যৎ
-
৪৭৫ কিমি পেরিয়ে ‘গেমতুতো’ বন্ধুদের দেখতে এসে বিপদ! গঙ্গারামপুরে লজে পাকড়াও ৩ নাবালক