সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটু হকচকিয়েই গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী৷ ডাকাবুকো মহিলা হিসেবে তাঁর খ্যাতি সুবিদিত৷ সেই তিনিও একটু চমকে গিয়েছিলেন কাস্ত্রোর ব্যবহারে৷ কথা ছিল, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাতে বিশেষ স্মারক তুলে দেবেন কাস্ত্রো৷ মঞ্চের পিছন থেকে উঠে এসেছেন দু’জনেই৷ সামনে বসে তাবড় রাষ্ট্রনেতারা৷ ইন্দিরা হাত বাড়ালেন স্মারকটি নিতে৷ ফিরিয়ে দিলেন কাস্ত্রো৷ মুখে মিটিমিটি হাসি৷ দ্বিতীয়বার হাত বাড়ালেন ইন্দিরা৷ এবারও কাস্ত্রো নির্বিকার৷ এক পা পিছোলেন ইন্দিরা৷ ফের হাত বাড়ালেন৷ আর এবারেই চমক৷ শুধু ইন্দিরাকে নয়, গোটা বিশ্বকেই চমকে দিয়ে তাঁকে কাছে টেনে নিয়েছিলেন কাস্ত্রো৷ আলিঙ্গনের সেই ক্ষণ ক্যামেরাবন্দি হল৷
ইন্দিরার জমানাতেই ভারতে পা রেখেছিলেন কিউবার এই বিপ্লবী নেতা৷ সালটা ১৯৮৩৷ সপ্তম ‘নন অ্যালাইনড সামিট’
উপলক্ষে এসেছিলেন তিনি৷ এসেছিলেন বিশ্বের অন্যান্য রাষ্ট্রদূতরা৷ কিউবা ছিল ষষ্ঠ সম্মেলনের আয়োজক দেশ৷ তাই উত্তরসূরির ব্যাটন তথা স্মারক বিজ্ঞান ভবনের উদ্বোধন অনুষ্ঠানে ইন্দিরার হাতে তুলে দেওয়ার কথা ছিল কাস্ত্রোর৷ আর সেই মঞ্চেই গোটা দুনিয়াকে এভাবে চমকে দিয়েছিলেন তিনি৷
কাস্ত্রোর ব্যবহারে প্রথমে একটু বিস্মিতই হয়েছিলেন ইন্দিরা৷ পরে আন্তরিক আলিঙ্গনে লজ্জাও পান৷ গোটা হল সেই মুহূর্তে ফেটে পড়েছিল হাততালিতে৷ সেদিন ইন্দিরাকে বোন সম্বোধন করে কাস্ত্রো জানিয়ে ছিলেন, সম্মেলনের দায়িত্বভার তাঁর হাতে তুলে দিতে পেরে তিনি গর্বিত৷
আজ ৯০বছর বয়সে জীবনের যাত্রাপথে ইতি টেনেছেন তিনি৷ নানাজনের স্মৃতিতে ফিরে ফিরে আসছে বিপ্লবী নেতার স্মৃতির টুকরো৷ তারই মাঝে ফিরে এসেছে কাস্ত্রো-ইন্দিরার সেদিনের আলিঙ্গনের স্মৃতিটিও৷ ইন্দিরা চলে গিয়েছেন আগেই৷ আজ চলে গেলেন কাস্ত্রোও৷ ইহলৌকিক সীমা পেরিয়ে কোনও এক মঞ্চে ‘দাদা’ কাস্ত্রোকে কি আজ পাল্টা আলিঙ্গনে আহ্বান জানালেন ইন্দিরা? কে জানে, সেই মুহূর্তটি ধরে রাখতে সে দুনিয়ায় কোনও ক্যামেরাম্যান আছেন কি না!
সর্বশেষ খবর
-
হরমুজ সংকট সামলে কন্টেনারে ডিজেল কেনায় উঠল নিষেধাজ্ঞা, বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের
-
বর্ষায় ছাদ যেন আস্ত পুকুর, ড্রেনেজ পাইপ সাফ করার অব্যর্থ কৌশল জানেন কি?
-
‘অনেক মাল কামিয়েছে’, স্নেহাশিস-সহ ‘ঋতপন্থী’দের বিঁধে মুখ্যমন্ত্রীকে ‘চোর’ ধরার আবেদন কল্যাণের
-
‘ডিম থেরাপি’র পর উধাও! বহরমপুর থেকে গ্রেপ্তার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা
-
পুরাতনের গন্ধমাখা পোড়ো বাড়িই হোম স্টে! মধুচন্দ্রিমার নয়া ডেস্টিনেশন চিনের এই উপত্যকা