সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন শুল্ক খাঁড়ার জেরে রাশিয়ার আরও ঘনিষ্ঠ হয়ে উঠেছে ভারত। এবার সামনে এল তারই এক জ্বলন্ত প্রমাণ। অপারেশন সিঁদুরে পাক মিসাইলকে তছনছ করা ‘যুদ্ধের বর্ম’ S-400 বা সুদর্শনের সংখ্যা বাড়াচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক। সম্প্রতি এই ইস্যুতে আলোচনা শুরু হয়েছে রাশিয়ার সঙ্গে।
রুশ প্রতিরক্ষা বিভাগের তরফে জানা গিয়েছে, আরও বেশি করে S-400 মিসাইল সিস্টেম কিনতে ভারত ও রাশিয়ার মধ্যে আলোচনা শুরু হয়েছে। রুশ সামরিক বিভাগের শীর্ষ আধিকারিক দিমিত্রি শুগায়েভ বলেন, এই আকাশ প্রতিরক্ষা মিসাইল কিনতে ভারত আলোচনা শুরু করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই ভারতে আরও S-400 মিসাইল সিস্টেম সরবরাহ করা হবে। উল্লেখ্য, চিনের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের জেরে ২০১৮ সালে রাশিয়ার সঙ্গে ৫.৫ বিলিয়ন ডলারে ৫টি S-400 কেনার চুক্তি করে ভারত। তবে সেই সরবরাহ নানা কারণে বিলম্বিত হয়। এই চুক্তির শেষ দুটি মিসাইল সিস্টেম ২০২৬-২০২৭ সাল নাগাদ সরবরাহ করা হবে। এরই মাঝে আরও বেশি করে S-400 কেনার বিষয়ে আলোচনা শুরু করল ভারত।
প্রসঙ্গত, রাশিয়ায় তৈরি এই ‘সুরক্ষাকবচ’। আধুনিক যুদ্ধে বিশ্বের প্রথম সারির প্রতিরক্ষা ব্যবস্থা। অন্তত ৬০০ কিলোমিটার দূর থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে পারে ‘সুদর্শন চক্র’। ৪০০ কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করতে পারে। পাকিস্তান ও চিনকে নজরে রেখে ৩টি S-400 বা সুদর্শন মোতায়েন রয়েছে রাজস্থান, পাঞ্জাব ও উত্তর-পূর্বে। এই প্রতিরক্ষা ব্যবস্থার রেঞ্জ ৪০০ কিলোমিটার হওয়ায় ভারতের উত্তর, পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চল সম্পূর্ণরূপে নিরাপদ। অপারেশন সিঁদুরের সময় এর মারণ ক্ষমতা প্রত্যক্ষ করেছিল গোটা বিশ্ব। পাকিস্তানের লাগাতার হামলা রুখে দিয়েছিল এই সুদর্শন। মার্কিন শুল্ক চাপের মাঝে আরও বেশি করে সেই মিসাইল কিনতে চলেছে ভারত।
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?